https://www.prothomalony.com/

18619

bangladesh

বাংলাদেশ

৭ নভেম্বর শহিদ জিয়া ও বিএনপির জন্মকথা

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ ০২:৪৫

৭ নভেম্বর, বিপ্লব ও সংহতি দিবস নিয়ে দীর্ঘ করে লিখতে চেয়েছিলাম। কিন্তু হাতের কনুইয়ে প্রচণ্ড ব্যথা, টেনিস এলবো বলে যাকে, তাই লম্বা লেখা সম্ভব হচ্ছে না, হলো না। সারাদিন শুয়ে শুয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে স্ক্রল করলাম, যা পড়তে চেয়েছিলাম, শুনতে চেয়েছিলাম, তার কিছুই পেলাম না কোথাও।

বাংলাদেশের প্রথম বিপ্লব, আধিপত্যবাদ থেকে প্রথম মুক্তির স্বাদ, এই দিনটির প্রেক্ষাপট। কেন মানুষ ৭ নভেম্বর রাস্তায় নেমে এল। কেন সেনা ও জনতা এক কাতারে মিশে গেল, কোন প্রেক্ষাপটে সেই প্রেক্ষাপটের প্রকৃত ব্যাখ্যা কারও কাছ থেকে পেলাম না। ৭ নভেম্বর থেকে ৩৬ জুলাই এই দুই বিপ্লবের যে প্রবাহমানতা, তা নিয়েও কোনো তুলনামূলক আলাপ নেই। কেন নেই তার জবাবও নেই।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি রাজনৈতিক দল গঠনের আগেই কেন নেতা হয়ে উঠলেন। কেন এত জনপ্রিয় হলেন, তার কোনো পর্যালোচনা নেই। একটা মানুষ কী কারণে মানুষের মুক্তির দূত হয়ে উঠলেন তা নিয়েও তেমন কোনো কথা নেই কোথাও। শুধু ৩ থেকে ৭ নভেম্বরের ঘটনার ধারাবাহিক বর্ণনা পড়লাম আর শুনলাম। ৩ নভেম্বর নিয়ে কোনো রিয়ালাইজেশন নেই। কারা দুই ভিন্নপন্থী, তাহের ও খালেদ মোশাররফ দুজনকেই সামনে এনে ৭ নভেম্বরকে কলঙ্কিত করার চেষ্টা করছে, তা নিয়ে সমালোচনা নেই। তাহের ও খালেদ দু-মেরুর দুজনকে এক মেরুতে কারা নিয়ে আসছে, তাদের চিন্তায় যে সেই ৩ নভেম্বরের প্রো-ইন্ডিয়ান অভ্যুত্থানের প্রতি সহমর্মিতা রয়ে গেছে, তা প্রমাণেরও কোনো চেষ্টা দেখলাম না কারও মধ্যে। ৩ নভেম্বরের পর কেন ৭ নভেম্বর প্রয়োজনীয় হয়ে উঠল তারও সঠিক বর্ণনা, নির্মোহ ব্যাখ্যা কারও কাছ থেকেই পেলাম না। যা পেলাম, তা শুধু ঘটনার বর্ণনার সঙ্গে রাজনৈতিক রঙ।

বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার প্রধান শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেন বিএনপি গঠন করলেন। তার সঙ্গে ৭ নভেম্বরের যোগসূত্র কী, সে আলাপও নেই বিএনপিপন্থী বলে পরিচিত কোনো বুদ্ধিজীবী বা অ্যাক্টিভিস্টের কাছ থেকে। যা আছে তা শুধু চর্বিতচর্বন। বুঝলাম না, এরা কি ইতিহাসের গভীরে যেতে পারেন না, নাকি যেতে চান না, নাকি যাওয়ার যোগ্যতা নেই।

কেন শহিদ জিয়া বুঝতে পেরেছিলেন বাংলাদেশে বিএনপির মতন একটি দল দরকার, সেই চিন্তারও কোনো প্রতিফলন নেই কোথাও। জিয়া যখন ক্ষমতায় তখন তিনি দল ছাড়াই অসম্ভব জনপ্রিয়। একটা দল থাকলে সে দলের দর্শন থাকে, আইডোলজি থাকে। শহিদ জিয়া তখন কোনো দলই গড়েননি, কিন্তু ৭ নভেম্বর থেকেই তিনি মানুষের মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন। মানুষের কাছের মানুষ হয়ে উঠেছিলেন। কেন হয়েছিলেন, সেই সম্পর্কেও কোনো কথা নেই। যা আছে, তা বহুল চর্চিত, সবাই জানেন।

শুনুন বলি, শহিদ জিয়ার জনপ্রিয়তার কারণ। বিএনপি সৃষ্টির কারণ এবং যে কারণে ৭ নভেম্বর ঘটেছিল তার কথা। খুব সরল কথায় বলি, বামেদের মতন তাত্ত্বিক আলাপ তোলা থাক ধূর্তদের জন্য। বাংলাদেশের সরল মানুষের ভাষায় বলি। বলি, এদেশের বাঙাল তথা বাংলাভাষী মুসলমানদের কথা। তার আগে মোটাদাগে চলে যাই মুক্তিযুদ্ধের পূর্ব আলাপে। তখন, বাঙালদের বলা হলো, পশ্চিম পাকিস্তানিরা মুসলমান, আমরাও মুসলমান। কিন্তু তারা মুসলমান হয়ে আরেক মুসলমানের ওপর অত্যাচার চালাচ্ছে। ইসলাম এটাকে সমর্থন করে না। সরল বাঙালদের তাই বোঝানো হলো, তাত্ত্বিকদের বোঝানো হলো আলাদা ফর্মে। বাঙাল অর্থাৎ মুসলিম বাংলাভাষীরা ভাবল ঠিকই তো, পশ্চিম পাকিস্তানিরা তো তাদের শোষণ করছে, শাসন করছে, নিপীড়ন করছে। কথা সত্যি, পাকিস্তানিরা তাই করেছিল। ফলে বাঙালরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। দেশ স্বাধীন হলো। আমরা পেলাম স্বাধীন ভূখণ্ড।

কিন্তু ১৯৭১ থেকে ১৯৭৫ এই ৪ বছরে বাঙালরা দেখতে পেল, তাদের যাপিত জীবনাচরণে ভাগ বসিয়েছে পশ্চিম পাকিস্তানের বদলে পশ্চিমবঙ্গ। তাদের নিজস্বতা কেড়ে নিচ্ছে পশ্চিমবঙ্গের সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতি। মুসলিমরা তাদের নিত্যদিনের ব্যবহৃত শব্দাবলি উচ্চারণে ভয় পাওয়া শুরু করল। সালাম দেওয়ার বদলে চালু হলো আদাবের রেওয়াজ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ এই সব প্রতিদিনের শব্দ হয়ে গেল হারাম। এই শব্দ উচ্চারণে তাদের তকমা পেতে হলো রাজাকারের। শাসকের নির্যাতন নেমে এল তাদের ওপর। সেই একই অবস্থা। আগে রবীন্দ্রসংগীত শুনলে হিন্দু আখ্যা দিত পাকিস্তানিরা। স্বাধীনতার পর ইসলামি পরিভাষা উচ্চারণে আখ্যা দেওয়া হলো রাজাকার আলবদরের। পরিস্থিতি ভিন্ন হলেও নিপীড়ন রয়ে গেল একই অবস্থায়। ১৯৭১ থেকে ১৯৭৫-এ এদেশের মানুষ ভেতরে ভেতরে বিক্ষুব্ধ হয়ে উঠল। ৭ নভেম্বর তাদের সেই বিক্ষুব্ধতা থেকে মুক্তির দিন। সেনাবাহিনী যখন শহিদ জিয়াকে বন্দিদশা থেকে মুক্ত করল, তখন তাদের কণ্ঠে স্লোগান ছিল, ‘আল্লাহু আকবার’ আর ‘বাংলাদেশ জিন্দাবাদ’। বাঙালরা আবার তাদের নিজেদের পরিভাষা ফিরে পেল। শুরু হলো তাদের নিত্যদিনের শব্দের ব্যবহার, যা বুকের ভেতর অবরুদ্ধ করে রেখেছিল তারা। ফলে শহিদ জিয়া হয়ে উঠলেন তাদের সামাজিক ও রাজনৈতিক মুক্তির দূত।

শহিদ জিয়া উপলব্ধি করলেন, পতিত শাসকেরা যে রাজনীতি করতেন, যে চিন্তা আর দর্শনে বিশ্বাস করতেন তা বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না। তিনি বুঝতে পারলেন বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি করা হয়েছে স্বাধীনতার পর। তাদের সামাজিক জীবন কেড়ে নেওয়া হয়েছে। বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির বদলে চালু করা হয়েছে হিন্দুত্ববাদী সাংস্কৃতিক জবরদস্তি। তিনি বুঝলেন জাতিবাদী চিন্তা থেকে রাষ্ট্রবাদী চিন্তায় উত্তরণ না ঘटाলে এদেশের নিজস্বতা থাকবে না। নামেমাত্র স্বাধীন ভূখণ্ডের সঙ্গে সাংস্কৃতিক ও রাজনৈতিক পরাধীনতার ভেতর দিয়ে যেতে হবে বাংলাদেশকে। সংগতই তিনি বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বেছে নিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ। সংবিধানে যুক্ত করলেন বিসমিল্লাহ ও আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাসের কথা। ফলে বিএনপি হয়ে উঠল এদেশের আমজনতার দল।

এই যে, খুব সরল ভাষায় বললাম ৭ নভেম্বর ও শহিদ জিয়ার সম্পর্ক এবং বিএনপির উত্থানের কথা। দেখুন তো এসব শুনতে পেয়েছেন ৭ নভেম্বরের আলাপে কারও কাছ থেকে। যারা ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস নিয়ে আলাপ করেছেন, তারা বুকে হাত দিয়ে বলুন তো, ৭ নভেম্বরের মূল স্পিরিটটা কি নিজেরাও বুঝতে পেরেছেন কি না? নাকি বামেদের মতন তত্ত্বকথার জটিলতায় সব আউলা করে ফেলেছেন? ভাবুন, ভাবতে থাকুন, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আবার ফ্যাসিজম।

বাংলাদেশ থেকে আরো পড়ুন