https://www.prothomalony.com/
18613
bangladesh
শেরপুর জেলার অন্যতম ঐতিহ্যবাহী সুগন্ধিযুক্ত তুলসীমালা বা জামাই আদুরে ধান এই প্রথম সিলেটের গোলাপগঞ্জে চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষক কামরুল ভূঁইয়া।
উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল এলাকায় প্রায় ১ একর জায়গা জুড়ে চাষ করছেন কামরুল ভূঁইয়া। তবে ধানের ফলন যদি ভালো হয় তাহলে আরও বেশি জায়গা জুড়ে এই ধান চাষ করবেন বলে জানান তিনি।
বর্তমানে উপজেলা কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শে এই ধানের পাশাপাশি কৃষক কামরুল ভূঁইয়া তাঁর অন্য সব জমিতে চাষ করছেন আমন ও আউশ জাতের ধান সহ বিভিন্ন জাতের শীতকালীন সবজি।
.jpg)
চলতি বছরে গোলাপগঞ্জ উপজেলায় প্রায় দুই হেক্টর জমিতে তুলসীমালা ধানের চাষ হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাশরেফুল আলম। তিনি বলেন, শেরপুর জেলা থেকে বীজ সংগ্রহ করে স্থানীয় কৃষকদের মধ্যে তা বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে উপজেলার ঢাকাদক্ষিণ ও আমুড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষকরা এ সুগন্ধি ধানের চাষ করছেন। কৃষকদের উৎসাহিত করতে কৃষি অফিসের পক্ষ থেকে নিয়মিত মাঠপর্যায়ে ফসলের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে।
.jpg)
উল্লেখ্য, ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় শত শত বছর ধরে চাষ হয়ে আসছে চিকন ও সুগন্ধিযুক্ত ঐতিহ্যবাহী তুলশীমালা ধান। স্থানীয়ভাবে এই ধান ‘জামাই আদুরে’ ধান নামেও পরিচিত। ২০২৩ সালের ১২ জুন তুলশীমালা চাল ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করে। এটি বাংলাদেশের ১৪তম জিআই পণ্য। জিআই স্বীকৃতি পাওয়ার পর থেকেই দেশজুড়ে বাড়তে থাকে এই চালের পরিচিতি ও কদর। ধীরে ধীরে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়ছে ঐতিহ্যবাহী এই সুগন্ধি চালের সুনাম।
বাংলাদেশ থেকে আরো পড়ুন