https://www.prothomalony.com/
18617
north-america
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ ০২:২০
নতুন বছর ২০২৭-কে বরণ করে নিতে ওয়াশিংটন মেট্রোপলিটন (ডিএমভি) অঞ্চলে আয়োজন করা হচ্ছে জমকালো ‘নিউ ইয়ার্স ইভ গালা ২০২৭’। আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যায় ভার্জিনিয়ার স্টার্লিং শহরে এই বিশেষ বর্ষবরণ সন্ধ্যার উদ্যোগ নিয়েছে প্রবাসী জনপ্রিয় ইভেন্ট কিউরেটর ‘দেশিইভেন্টসগো’। এর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন দুই বাংলাদেশি উদ্যোক্তা ইউসুফ খান (রাসেল) ও শাভী রহমান।
নর্দার্ন ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও ওয়াশিংটন ডিসি অঞ্চলের প্রবাসী পরিবার ও নতুন প্রজন্মের মেলবন্ধন ঘটাতে এই পারিবারিক ও অভিজাত উৎসবের পরিকল্পনা করা হয়েছে। আয়োজনের থিম ও পোশাকের ধরন (ড্রেস কোড) নির্ধারণ করা হয়েছে ফর্মাল বা ‘ড্রেস টু ইমপ্রেস’।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো রাতজুড়ে আনন্দ ছড়িয়ে দিতে থাকছে উচ্চমানের বিনোদনমূলক নানা পরিবেশনা। ডিএমভি অঞ্চলের শীর্ষস্থানীয় ডিজেদের পরিবেশনায় থাকবে বলিউড, ভাংড়া ও আন্তর্জাতিক জনপ্রিয় গানের সংমিশ্রণ, যার সঙ্গে যোগ হবে লাইভ ঢোলের ছন্দ। এ ছাড়া বিশেষ আকর্ষণের মধ্যে থাকছে মনোমুগ্ধকর বেলি ড্যান্স এবং অতিথি উপস্থাপকের পরিচালনায় ইন্টারেক্টিভ পর্ব, র্যাফেল ড্র ও তরুণদের জন্য ‘ড্যান্স-অফ’ প্রতিযোগিতা। স্মরণীয় মুহূর্তগুলো ফ্রেমবন্দি করার জন্য রাখা হয়েছে প্রফেশনাল ফটো বুথ এবং অতিথিদের জন্য পৃথক হুক্কা লাউঞ্জ।
খাবারের আয়োজনেও থাকছে বৈচিত্র্য। অতিথিদের জন্য পরিবেশিত হবে বিশেষ আফগান কাবাবসহ নানা পদের মুখরোচক অ্যাপেটাইজার, বুফে ডিনার এবং ডেজার্ট। সঙ্গে থাকছে আনলিমিটেড সফট ড্রিংকসের সুবিধা। সুশৃঙ্খল ‘ফর্মাল টেবিল সিটিং’ ব্যবস্থার পাশাপাশি প্রাপ্তবয়স্কদের জন্য থাকছে প্রিমিয়াম টপ-শেলফ ক্যাশ বার। এ ছাড়া শিশু ও তরুণদের আনন্দঘন সময় কাটাতে রাখা হয়েছে পৃথক তত্ত্বাবধান ও বিশেষ কার্যক্রমের ব্যবস্থা।
অনুষ্ঠানের টিকিট ইতিমধ্যে উন্মুক্ত করা হয়েছে এবং দ্রুত বিক্রি হচ্ছে। আসনসংখ্যা নির্দিষ্ট থাকায় আয়োজকদের পক্ষ থেকে অগ্রিম বুকিং নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। আগ্রহীরা দেশিইভেন্টসগোর অফিশিয়াল প্ল্যাটফর্ম থেকে সরাসরি অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন