https://www.prothomalony.com/
18597
entertainment
জাহাজে ওঠার আগে মনে একটা ভয় কাজ করছিল। ভেবেছিলাম, সমুদ্রযাত্রা মানে তো চারিদিকে শুধু থৈ থৈ পানি আর পানি। দিনের বেলায় চারদিকে নীল সাগর। আর সেই বিপুল জলরাশির ঢেউ গোনা ছাড়া আর কিছুই করার থাকবে না। আর রাত মানেই হলো সাগরের চারদিকে ভয়াবহ অন্ধকার। দৃষ্টি আচ্ছন্ন করা গভীর কালো জল। কিন্তু ভাইকিং সি-তে পা রাখার পর বুঝলাম, আমার ধারণা শুধু অমূলক নয়; আগাগোড়াই ভুল।
রাত গাঢ় হতেই আকাশে ঝুলে থাকা চাঁদের গা থেকে ঝলকে পড়া নরম মসৃণ আলো জাহাজের গায়ে, পানির ওপর ঝুরঝুর করে ঝরে পড়তে লাগল। ঘুটঘুটে কালো জলের দিকে তাকিয়ে মনে হচ্ছিল বিশ্বকর্মা যেন চাঁদের সেই সোনালি আলোর জরি দিয়ে রেশম কালো জলের ওপর নিপুণ হাতে নানা নকশা বুনতে শুরু করেছে। কিন্তু তার স্থায়িত্ব খুবই ক্ষণিকের। নকশা পছন্দ না হলেই সাগর তা মুছে দিচ্ছে নতুন করে বুনবে বলে।
আমরা রাতে ঘুমানোর আগে জাহাজের ভেতরটা ঘুরেফিরে দেখব বলে মনস্থির করলাম। কারণ জাহাজে ওঠার পর থেকে সাততলার ওয়ার্ল্ড ক্যাফে রেস্টুরেন্ট আর ছয়তলার নিজেদের রুম ছাড়া আর তেমন কিছুই এখনো দেখে উঠতে পারিনি। লিফটের দিকে যেতে যেতে বাবুল বলল, ‘চল একদম নিচ থেকে শুরু করি। তাহলে মনে থাকবে কোন ডেকে কী আছে। একেবারে একতলা থেকে নয়তলা সবগুলো ডেকই ঘুরে দেখতে হবে।’ আমরা তাই লিফটে করে ডেক ওয়ানে নেমে গেলাম।
ভাইকিং সি’র গ্রাউন্ড ডেক এ হলো যাত্রীদের ‘ইন অ্যান্ড আউট’, যন্ত্রপাতি এবং ক্রুদের জন্য। ডেক ওয়ান থেকে নাইন গেস্টদের বিনোদন, আরাম-আয়েশের জন্য সাজানো। বলতে গেলে ডেক ওয়ানই হলো জাহাজের সবচেয়ে আকর্ষণীয় জায়গা। এখানে এসে মনে হলো, ভাইকিং সি শুধু একটা জাহাজ নয়, এটা যেন সমুদ্রের বুকে ভেসে থাকা একটা ছোট্ট শহর। এই শহরে আছে নানা অলিগলি। বাড়িঘর, পাড়া-প্রতিবেশী, পার্ক, রেস্টুরেন্ট, মিউজিয়াম, লাইব্রেরি, জিম, সুইমিংপুল, সাউনা, বিউটি পার্লার, মাসাজ পার্লার, শপিংমল, থিয়েটার, সিনেমা, বার আরও কত কী!
প্রথমেই চোখে পড়ল দ্য লিভিং রুম নামের খোলামেলা বিশাল জায়গাটি। বড় বড় ফ্লোর টু সিলিং জানালা। নরম সোফা, এক কোণে লাইব্রেরি। কেউ বই পড়ছে, কেউ স্যান্ডউইচে কামড় দিতে দিতে পাশের জনের সঙ্গে গল্প করছে, কারও হাতে তরল পানীয়, কেউ কফি পান করতে করতে জানালা দিয়ে সমুদ্রের দিকে তাকাচ্ছে। দেখে মনে হচ্ছে, এখানকার বাসিন্দাদের জীবনে কোনো রকম তাড়া নেই। তারা যেন নিজেদের বাড়ির ড্রয়িংরুমে বসে আছে। যদিও এই শহরের প্রতিটি বাড়ি, প্রতিটি ঘরের জানালার বাইরে কেবল আদিগন্ত জলরেখা এবং পায়ের তলায় সীমাহীন জলরাশি। তবুও তারা দিব্যি নির্বিকার!
লাইব্রেরি পেরিয়ে একটু হাঁটলেই অ্যাট্রিয়াম। এই জায়গাটা একতলা থেকে তিনতলার ছাদ পর্যন্ত উঠে গেছে। অনেক উপরের ছাদ থেকে আলো এসে পড়ছে নিচের চত্বরে। হলঘরের ঠিক মাঝ বরাবর বেশ বড়সড় একটা পিয়ানো পাতা রয়েছে। পিয়ানোর চারপাশে সিটিং এরিয়া। জাহাজের ডুয়ো পিয়ানোবাদক নাতালিয়া এবং ওলহা দুজনেই উপস্থিত। এই মুহূর্তে ওলহার সুঠাম আঙুলগুলো পিয়ানোর দাঁতের ওপর অপূর্ব ছন্দে নেচে বেড়াচ্ছে। এখানে-ওখানে, কাছে বা দূরে বসে সবাই লাইভ পিয়ানো শুনছে। অন্যের কান বাঁচিয়ে নিজেদের মধ্যে নিচুস্বরে কথা বলছেন কেউ কেউ। অনেকের হাতেই রঙিন পানীয়। নৈশভোজের পর এই তো সময়, মদিরা হাতে, সুরের মূর্ছনায় তলিয়ে যাওয়ার।
আমরাও একটা আরামদায়ক ডিভানে গা এলিয়ে বসে পড়লাম। ঘরভর্তি মানুষগুলো যেন সুরের মূর্ছনায় বুঁদ হয়ে আছে। কেবল পার্শ্ববর্তী বার থেকে কিছু টুংটাং শব্দ ভেসে আসছে।
মাঝখানে একটা বিষয় বলা হয়নি। শেষ বিকেলে, এক ফাঁকে, আমিও এখানে একবার ঢুঁ মেরে গিয়েছিলাম। বাবুল তখন গভীর নিদ্রায়। দুপুরে দিবানিদ্রায় যাওয়ার আগে বিছানায় শুয়ে শুয়ে ভাইকিং ডেইলিটার ওপর একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম। যদিও চোখ জুড়ে আসছিল ঘুমে। কিন্তু সাত দিনের এই জাহাজবাসে জাহাজের কোনো আয়োজন যাতে আমাদের হাত থেকে ফসকে না যায়, তাই আজকের রাত এবং আগামীকালের আয়োজনের সূচিপত্রটা খুঁটিয়ে দেখছিলাম। বিশেষ করে রাতের আয়োজন।
হঠাৎই চোখে পড়ল সান্ধ্যকালীন সূচিতে লেখা, ‘অ্যাট্রিয়াম, ডেক ওয়ানে, সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৪৫ পর্যন্ত মাংক মোমেন্টস প্রোগ্রামে আমাদের ক্ল্যাসিক্যাল ডুয়ো, নাতালিয়া এবং ওলহা, ঐতিহ্যবাহী নরওয়েজিয়ান মিউজিক বাজাবেন। আর ঠিক একই সময়ে, অ্যাট্রিয়ামের বড় স্ক্রিনে ভেসে উঠবে বিখ্যাত নরওয়েজিয়ান শিল্পী এডভার্ড মাংকের সবচেয়ে বিখ্যাত ছবিগুলো।’
তার মানে শাস্ত্রীয় সংগীতের সুরে বুঁদ হয়ে চোখের সামনে মাংকের আর্ট দেখা। আহা... কী চমৎকার সংযোগ। একেই তো বলে সোনায় সোহাগা।
মনে মনে ভাবলাম, এই প্রোগ্রামটা মিস করা উচিত হবে না। একটু রেস্ট নিয়ে যে করেই হোক, সন্ধ্যা ৬টায় অবশ্যই দ্য লিভিং রুমে যেতে হবে। ভাবতে ভাবতেই ঘুমের অতলে তলিয়ে গিয়েছিলাম। কিন্তু কথায় আছে না, যান্ত্রিক ঘড়ির ওপরে যে কাজ করে সে হলো আমাদের দেহঘড়ি। ওই যে মনে মনে যা কিছু ভেবেছিলাম, দেহঘড়ি সেটা ঠিকই টুকে রেখেছিল। কেমন করে যেন ঠিক ছয়টায় আমার চোখ খুলে গেল। ভাবলাম, ইশ, এত আরামের ঘুমটা চটে গেল? আবার চোখ বুজে ঘুমাতে গেলাম। তক্ষুনি মনে পড়ল, সন্ধ্যা ছয়টায় কী যেন একটা হবে? ইয়েস, মনে পড়েছে, মাংক মোমেন্টস! তড়িঘড়ি করে উঠে দেখলাম বাবুল গভীর ঘুমে। তাই তাকে আর জাগালাম না। একটু ভদ্রস্থ হয়েই ছুটলাম লিভিং রুমের উদ্দেশ্যে।
ডেক ওয়ানের অ্যাট্রিয়ামে ঢুকতেই শুনতে পেলাম পিয়ানোতে বাজছে নরওয়ের ঐতিহ্যবাহী পুরোনো সুর। আর তাদের সামনের দোতলার ল্যান্ডিংয়ের দেয়ালজোড়া স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে মাংকের আঁকা চিত্রকর্ম।
দেখলাম, ইতোমধ্যেই লিভিং রুমে অনেকেই এসে জড়ো হয়েছেন। যারা আগে এসেছেন, তারা আরামদায়ক সোফা দখল করে বসে গেছেন। যেখান থেকে স্ক্রিনটা পরিষ্কার দেখা যায়। আবার পিয়ানোর সামনে বসা শিল্পী নাতালিয়া এবং ওলহাকেও দেখা যায়। আমি খুঁজেপেতে একটা যুতসই জায়গায় বসে পড়লাম। সেই মুহূর্তে আমার চোখ আটকে গেল সেই বড় স্ক্রিনে। এটা ঠিক টিভি না, বরং একটা বিশাল ডিজিটাল ক্যানভাস। এখানে একেকটা ছবি ভেসে উঠছে।
আমার পার্শ্ববর্তী নারী আমার দিকে তাকিয়ে হাসলেন। বললেন, ‘তুমি তেমন কিছু মিস করনি। মাত্রই শুরু হয়েছে।’
আমি নিচু স্বরেই জানতে চাইলাম, ‘স্ক্রিনে যা দেখাচ্ছে এটা কি মাংকের চিত্রকর্ম? মাংক সম্পর্কে আমি অবশ্য খুব বেশি জানি না।’
‘হুম। এটা মাংকের খুব বিখ্যাত শিল্পকর্ম। আজকের প্রদর্শনীর নাম হলো, দ্য স্ক্রিম। মাংক মোমেন্টস উপলক্ষ্যে এখানে একেকদিন মাংকের একেকটা বিষয়ের চিত্রকর্ম দেখানো হবে। কালকে সম্ভবত দেখাবে দ্য সান, পরশু হয়তো তাঁর প্রেম বা দুঃখ নিয়ে আঁকা ছবিগুলো। প্রতিদিনের চিত্রকর্মের থিমের সঙ্গে মিউজিকটাও মিলিয়ে বাজানো হবে।’
আলাপচারিতায় জানা গেল মাংকের শিল্পকর্মের প্রদর্শনী হয় বলেই এই প্রোগ্রামের নাম মাংক মোমেন্টস। ভাইকিং-এর সঙ্গে অসলোর মাংক মিউজিয়ামের একটা এক্সক্লুসিভ চুক্তি আছে। সেই চুক্তির কারণে ভাইকিং জাহাজে মাংকের পুরো কালেকশনের ডিজিটাল ছবি দেখানোর অনুমতি আছে। এখানে একেক দিন একেক থিমের ছবি দেখানো হয়। আর সঙ্গে সঙ্গে সেই ছবির পেছনের গল্প বলা হয়। যেমন, উনি কেন ছবিটা এঁকেছিলেন, তখন উনার মন কেমন ছিল ইত্যাদি।
বড় পর্দায় যখন দ্য স্ক্রিম ছবিটা ভেসে উঠছিল, মনে হলো, সমুদ্রের মাঝখানে বসেও আমি যেন অসলোর সেই বিখ্যাত মাংক মিউজিয়ামে ঢুকে পড়েছি।
পৃথিবী বিখ্যাত দ্য স্ক্রিম আসলে একটামাত্র ছবি না। মাংক একই নামে, একই ছবি চারবার এঁকেছিলেন। প্যাস্টেল, পেইন্টিং মিলিয়ে। এর একটা এখন অসলোর মাংক মিউজিয়ামে, একটা ন্যাশনাল মিউজিয়ামে, আর একটা প্রাইভেট কালেকশনে আছে।
এই ছবিতে কী আছে? ছবির বিষয়বস্তুটাই খুব অদ্ভুত। বিমূর্ত। একটা লোক, দুই হাত দিয়ে কান চেপে ধরে চিৎকার করছে। পেছনে রক্তের মতো লাল আকাশ, আর নিচে একটা ব্রিজ। মুখটা দেখলে মনে হয় না মানুষের মুখ, মনে হয় একটা কঙ্কাল ভয় পেয়ে চিৎকার করছে।
অবশ্য মাংক নিজেই নাকি এই ছবির পেছনের গল্পটা বলে গেছেন। তিনি একদিন দুই বন্ধুর সঙ্গে অসলোর একটা রাস্তা দিয়ে হাঁটছিলেন। সূর্য ডুবছিল। হঠাৎ আকাশটা একদম লাল হয়ে গেল। তার তখন মনে হয়েছিল, যেন প্রকৃতির মধ্যে দিয়ে একটা অসীম চিৎকার বয়ে যাচ্ছে। তার মানে, কানে হাত দেওয়া লোকটা আসলে চিৎকার করছে না। লোকটা প্রকৃতির চিৎকার শুনে কান চেপে ধরেছে। ভয়, দুশ্চিন্তা, একা হয়ে যাওয়ার অনুভূতি, এই সবকিছুই উনি এই ছবিতে এঁকেছেন।
এই জন্যই হয়তো ১৩০ বছর পার হয়ে গেলেও ছবিটা এত জীবন্ত। আমাদের সবার জীবনেই হয়তো এমন একটা মুহূর্ত আসে, চারপাশের সবকিছু ঠিকঠাক থাকলেও ভেতরে ভেতরে একটা চিৎকার জমে ওঠে। মাংক সেটাই এঁকে ফেলেছিলেন।
জানালার পাশে, এক কোণে বসে পিয়ানোর সুর শুনছি। বাইরে অন্ধকার সমুদ্র, ভেতরে আলো আর সুরের মায়াজাল। আমরা কতগুলো মানুষ। যারা পৃথিবীর নানা প্রান্ত থেকে এসে এখানে জড় হয়েছি। গতকালও আমরা কেউ কাউকে চিনতাম না। আর এই মুহূর্তে আমার পাশে অভিজাত পোশাকে সুসজ্জিত যে নারীটি বসে আছেন, বন্ধুর মতো হাসিমুখ করে, হাতের পানপাত্রে চুমুক দিতে দিতে, তিনি আমাকে পৃথিবী বিখ্যাত এক শিল্পীর গল্প বলে যাচ্ছেন। মনে হচ্ছে কতকালের পরিচয় আমাদের।
মনে হচ্ছে এই জায়গাটাই আসলে জাহাজের হৃৎপিণ্ড। যেখানে স্বপ্ন আছে, খাওয়াদাওয়া আছে, গল্প আছে, আরাম আছে, আর আছে একটু নিজের মতো করে বাঁচা।
আমার সদ্য পরিচিত বন্ধু জেনিসের অনুরোধে আমাকেও একটা পানীয় অর্ডার করতে হলো। তারপর দুজনে চিয়ার্স করে আমি আমার ওয়াইনের গ্লাসে চুমুক দিলাম। চোখ বন্ধ করে সুরটা কিছুক্ষণ শোনার চেষ্টা করলাম। প্রথমে একটা নরম সুর। ঠিক যেন কেউ দূর থেকে ডাকছে। তারপর আস্তে আস্তে সুরটা গভীর হলো। মনে হলো, এই সুরের মধ্যে আমার ফেলে আসা কত বিকেল, কত নির্জন দুপুর, কত প্রিয় মুখ, কত না বলা কথা লুকিয়ে আছে।
আমি আবার চোখ খুললাম। জেনিসের দিকে তাকিয়ে হাসলাম। আমাদের ঠিক পাশের ডিভানে এক বয়স্ক দম্পতি হাত ধরে বসে আছেন। তাঁরা কিছু বলছেন না, শুধু শুনছেন। তাঁরা যেন নিজেদের মাঝেই বুঁদ হয়ে আছেন।
হঠাৎ মনে হলো, জেনিসের চোখে জল চিকচিক করছে। নাকি আলোর ছায়া, নাকি আমার বোঝার ভুল, জানি না। জেনিস সম্পর্কে এখনও কিছুই জানা হয়নি। শুধু গল্পের এক ফাঁকে সে বলেছিল, সে সোলো ট্যুর করতে এসেছে। জীবনের এই মধ্যবয়সে কেন সে একা, তার পেছনে হয়তো একটা গল্প আছে। সেই গল্প হয়তো শোকের, বঞ্চনার, বিশ্বাসভঙ্গের, কে জানে? আমরা সবাই আমাদের সঙ্গে এমনই অসংখ্য গল্প নিয়ে ঘোরাফেরা করি।
আমি পিয়ানোবাদক নাতালিয়ার দিকে তাকালাম। তার চোখ বন্ধ, কিন্তু পিয়ানোর রিডগুলোর ওপর তার আঙুলগুলো যেন কথা বলছে।
আমি আবার চোখ বন্ধ করলাম। পিয়ানোর সুরটা তখন আর শুধু সুর নেই। মনে হলো, এটা সমুদ্রের শব্দের সঙ্গে মিশে গেছে। ঢেউ যেমন তীরে এসে আছড়ে পড়ে, আবার ফিরে যায়, সুরটা যেন তেমনভাবেই আসছে আর ফিরে যাচ্ছে।
ওই মুহূর্তে মনে হলো, আমাদের জীবনে কত ছুটে চলা, কত তাড়া। কিন্তু এই একটা মুহূর্ত, এই পিয়ানোর সুর, এই অচেনা ঘর, এতগুলো অচেনা মুখ, এই সমুদ্র, এই মুহূর্তে এর চেয়ে বড় কোনো সত্যি নেই। এর জন্যেই যেন বেঁচে থাকা।
একসময় নাতালিয়ার আঙুল থেমে গেল। করতালিতে পুরো ঘর মুখরিত হয়ে উঠল। আমরা সবাই যেন ঘোর ভেঙে জেগে উঠলাম।
আরও খানিকটা ঘুমাব বলে নিজের ঘরে ফিরে এলাম। দেখলাম বাবুল ঘুম থেকে উঠে বারান্দায় বসে আয়েশ করে চা খাচ্ছে। আমি কমফোর্টারের নিচে ঢুকে গেলাম। বিছানায় শুয়েও মনে হচ্ছিল, সুরটা এখনও কানে বাজছে। সমুদ্রের বুকে ভেসে থাকা এই ভাসমান শহরে, সুরটা যেন রয়ে গেছে।
বিনোদন থেকে আরো পড়ুন