https://www.prothomalony.com/
18599
north-america
৩৭টি অনুপস্থিত ভোট (অ্যাবসেন্টি ব্যালট) উপেক্ষা করার ঘটনাকে কেন্দ্র করে প্রায় এক বছর ধরে চলা আইনি লড়াইয়ের ফলে মাহমুদ ১১ ভোটে পরাজয়ের অবস্থা থেকে ১২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। মুহিত মাহমুদই হলেন হ্যামট্রাম্যাকের নতুন মেয়র। গতকাল রবিবার বিকেলে হ্যামট্রাম্যাকের নতুন মেয়র হিসেবে শপথ নিয়েছেন সাবেক সিটি কাউন্সিলম্যান মুহিত মাহমুদ। এর মধ্য দিয়ে অনুপস্থিত ভোটারদের ব্যালট (অ্যাবসেন্টি ব্যালট) নিয়ে প্রায় এক বছর ধরে চলা আইনি লড়াইয়ের অবসান ঘটল যে লড়াইয়ের ফলে নির্বাচনের ফলাফল উল্টে গিয়েছিল। ক্লিক অন ডেট্রয়েট ডট কম ও ডব্লিউএক্সওয়াইজে ডট কম সুত্রে এ সংবাদ জানা গেছে।
মাহমুদ বললেন, "পুরো শহর আনন্দিত যে, আমরা সত্যকে প্রতিষ্ঠিত করেছি এবং শহরে ন্যায়বিচার ফিরিয়ে এনেছি"। "ঐক্যবদ্ধ, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, একটি ছোট শহর, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। বিভাজনের কোনো অবকাশ নেই। আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে এবং সম্প্রদায়ের জন্য কঠোর পরিশ্রম করতে হবে"। অন্যদিকে অ্যাডাম আলহারবির আইনজীবী, নাবিহ আয়াদের মতে, এই গল্পের এখানেই শেষ নয়।
"আজ যা ঘটছে, তা আইনত অবৈধ," বলেছেন আয়াদ। সাংবাদিকরা কারণ জানতে চাইলে, আয়াদ একজন আসীন মেয়রকে অপসারণের প্রক্রিয়ার দিকে ইঙ্গিত করেন।
গত ৪ নভেম্বর বুধবার ওয়েন কাউন্টি বোর্ড অফ ক্যানভাসারস মুহিত মাহমুদকে হ্যামট্রাম্যাকের মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করেছে। একটি উত্তপ্ত ও ঘটনাবহুল নির্বাচন এবং আদালতের ধারাবাহিক আইনি লড়াইয়ের এক বছরেরও বেশি সময় পর হ্যামট্রাম্যাক আনুষ্ঠানিকভাবে একজন নতুন মেয়র পেয়েছে।
৩৭টি বিতর্কিত ব্যালট গণনার পর 'ওয়েইন কাউন্টি বোর্ড অফ ক্যানভাসার্স' (Wayne County Board of Canvassers) মুহিত মাহমুদকে গত বুধবার হ্যামট্রামকের মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
এই স্বীকৃতির মাধ্যমে এমন একটি প্রক্রিয়ার সমাপ্তি ঘটল, যার সূচনা হয়েছিল ২০২৫ সালের নভেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে যে নির্বাচনে প্রাথমিকভাবে অ্যাডাম আলহারবিকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।
আদালতগুলো বারবার বিষয়টি পর্যালোচনা করেছে। তারা বলেছে যে, এই ৩৭টি ব্যালট অবশ্যই গণনা করতে হবে। সেগুলো গণনা করা হয়েছে।

বসবাস সংক্রান্ত অভিযোগটি ভিত্তিহীন হওয়ায় খারিজ হয়ে গেছে। আর তাই, বোর্ড মাহমুদকে হ্যামট্রাম্যাকের মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।" মার্ক ব্রিউয়ার, মাহমুদের আইনজীবী।
মাহমুদের মেয়র হওয়ার পথটি এতো সহজ ছিল না। মেয়র হওয়ার পথে মাহমুদকে পেরোতে হয়েছে নানা বাধা ও প্রতিকূলতা ও লড়তে হয়েছে আইনি লড়াইও । নির্বাচনী ফলাফল অনুমোদনের পথটি সহজ ছিল না।
মাহমুদের নির্বাচনী সংগ্রাম ও গত এক বছরের ঘটনাবহুল পথচলা: ২০২৫ সালের নভেম্বরের নির্বাচনের পরদিন, ক্লার্কের কার্যালয়ে ৩৭টি ব্যালট পাওয়া যায়। ওয়েইন কাউন্টি বোর্ড অফ ক্যানভাসার্স শুরুতে এই ব্যালটগুলো গণনা না করার পক্ষে ভোট দিয়েছিল। এরপর একটি মামলা দায়ের করা হয় এবং তা নিয়ে একাধিকবার আপিল করা হয়।
সেপ্টেম্বর মাসে একজন বিচারক চূড়ান্ত রায় দেন যে, ব্যালটগুলো গণনা করা উচিত। ১৬ অক্টোবর সেই ব্যালটগুলো গণনা করা হয়—যার ফলে মাহমুদ এগিয়ে যান। তবে মাহমুদ সরকারি পদে আসীন হওয়ার আইনি শর্ত পূরণ করেছেন কি না, তা নিয়ে বাসস্থান সংক্রান্ত একটি মামলা ওঠায় ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করার প্রক্রিয়া আবারও বিলম্বিত হয়।
দুই সপ্তাহ পর একজন বিচারক রায় দেন যে, তিনি শর্ত পূরণ করেছেন। বুধবার বোর্ড বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।
এদিকে আইনি লড়াই এখনো শেষ হয়নি, বলছেন আলহারবির আইনজীবী। ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়িত (সার্টিফাইড) হওয়া সত্ত্বেও, আলহারবির আইনজীবী নাবিহ আয়াদ হার মানতে প্রস্তুত নন। বুধবার আয়াদ বোর্ডের কাছে ভোট পুনর্গণনার আবেদন জানিয়েছিলেন—তবে সেই আবেদন নাকচ করে দেওয়া হয়েছে। বোর্ড জানিয়েছে, ফলাফল প্রত্যয়নের ৪৮ ঘণ্টার মধ্যে পুনর্গণনার আবেদন করতে হয়। এছাড়া, যেহেতু আগের বছর একবার ভোট পুনর্গণনা করা হয়েছিল, তাই এবার সব ব্যালট পুনরায় গণনার জন্য করা আবেদনটি গ্রহণযোগ্য নয়। কেবল ৩৭টি ব্যালটকে কেন্দ্র করে দাখিল করা আবেদনটিই বিবেচনায় নেওয়া হতো।
"এটি এখানেই শেষ নয়। এটি চলতে থাকবে, কারণ তারা যদি হ্যামট্রাম্যাক (Hamtramck) শহর ও এর বাসিন্দাদের ভোটের গুরুত্ব দিয়ে থাকে, তবে তারা প্রতিটি অনুপস্থিত ব্যালট (absentee ballot) যাচাই-বাছাই ও তদন্ত করার সুযোগ দেবে। আর চূড়ান্ত ফলাফল যাই হোক না কেন যিনিই বিজয়ী হোন না কেন তা মেনে নেওয়া হবে।" নাবিহ আয়াদ।
আয়াদ আদালতের সাম্প্রতিক রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনাও করছেন। আয়াদ বলেন, "এই বোর্ড অব ক্যানভাসারস (নির্বাচনী ফলাফল যাচাইকারী বোর্ড) ফলাফল প্রত্যয়ন করছে, কারণ ওয়েন কাউন্টির একজন বিচারক তাদের তা করার নির্দেশ দিয়ে একটি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আপিল আদালত এ বিষয়ে কী বলে, তা আমরা দেখব।"
তিনি আরও বলেন যে, আলহারবি এমন একটি সমাধান চাইছেন, যাকে তিনি 'যথাযথ পরিসমাপ্তি' (proper closure) বলে অভিহিত করেছেন।
আয়াদ বলেন, "তিনি হতাশ, কারণ দিনশেষে তিনিও অন্যদের মতোই একটি সুরাহা বা পরিসমাপ্তি চান। তবে তিনি চান একটি যথাযথ পরিসমাপ্তি।"
মাহমুদের আইনজীবী মার্ক ব্রিউয়ার, ক্রমাগত এই আইনি হুমকিগুলোকে গুরুত্ব দেননি। ব্রিউয়ার বলেন, "আমরা আলহারবির পক্ষ থেকে ভিত্তিহীন আপিল আসতে দেখেছি। ভবিষ্যতে আরও আপিল এলে আমি অবাক হব না। তবে আদালত এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট অবস্থান নিয়েছে। আদালতের প্রতিটি স্তরেই আমরা জয়ী হয়েছি।"
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন