https://www.prothomalony.com/

18598

north-america

উত্তর আমেরিকা

নিউ জার্সিতে শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদযাপন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ০১:০৬

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপিত হয়েছে। ৮ নভেম্বর (রোববার) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে নানা আয়োজনে উৎসবে অংশ নেন প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা।

শ্যামাপূজা উপলক্ষে দেবী কালীর আরাধনা, প্রদীপ প্রজ্বালন, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও ধর্মীয় সংগীত পরিবেশনের আয়োজন করা হয়। অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। পরে ষোড়শ উপচারে দেবী কালীর পূজা এবং পুষ্পাঞ্জলিতে অংশ নেন ভক্তরা। অশুভ শক্তির বিনাশ এবং শুভ ও কল্যাণের শক্তি প্রতিষ্ঠার প্রার্থনায় মন্দিরগুলোতে সমবেত হন নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী ভক্তরা।

শক্তি ও শান্তির দেবী শ্যামার আরাধনাকে ঘিরে নিউ জার্সির প্রবাসী সনাতনী সম্প্রদায়ের মধ্যে ছিল উৎসবের আমেজ। এ উপলক্ষে অনেকেই নিজেদের ঘরে ঘরে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন। সন্ধ্যা থেকে ঢাক-ঢোল, কাঁসর ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। ভক্তরা দেবীর কৃপা কামনা করে জীবনের দুঃখ-দুর্দশা দূর করা এবং অশুভ শক্তির বিনাশের জন্য প্রার্থনা করেন।

পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে আয়োজক সংগঠনের সদস্যরা শ্যামাসংগীত ও ভজন পরিবেশন করেন। ধর্মীয় সংগীত ও ভক্তিমূলক পরিবেশনায় উৎসবে যোগ হয় বাড়তি মাত্রা। পরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় পূজার কর্মসূচি।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন