https://www.prothomalony.com/

18566

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে ডেমোক্র্যাটদের জয়জয়কার, পুনর্নির্বাচিত ক্যাথি হোকুল

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ ০৬:৫১

গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর, অ্যাটর্নি জেনারেল ও কম্পট্রোলার পদে জয়; ২৬টি কংগ্রেশনাল আসনের ২২টিতে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার তথ্য

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যে বড় ধরনের সাফল্য পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। গভর্নর পদে পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ক্যাথি হোকুল। তার নির্বাচনী সঙ্গী অ্যাড্রিয়েন অ্যাডামস লেফটেন্যান্ট গভর্নর পদে জয়ী হয়েছেন। এ ছাড়া অ্যাটর্নি জেনারেল পদে লেটেশিয়া জেমস এবং স্টেট কম্পট্রোলার পদে থমাস পি. ডিনাপোলি পুনর্নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী ব্রুস ব্লেকম্যানকে পরাজিত করেন হোকুল। ২০২১ সালে অ্যান্ড্রু ক্যুমো পদত্যাগ করার পর গভর্নরের দায়িত্ব নেন তিনি। ২০২২ সালের নির্বাচনে জয়ী হয়ে প্রথম পূর্ণ মেয়াদ শুরু করেন। এবারের বিজয়ের মধ্য দিয়ে দ্বিতীয় পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ পেলেন ৬৮ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতা।

হোকুল ও অ্যাড্রিয়েন অ্যাডামসের বিজয়ের মধ্য দিয়ে নিউইয়র্কের ইতিহাসে প্রথমবারের মতো দুই নারীর সমন্বয়ে গঠিত গভর্নর ও লেফটেন্যান্ট গভর্নর জুটি নির্বাচিত হলো। একই সঙ্গে অ্যাডামস রাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ নারী লেফটেন্যান্ট গভর্নর হওয়ার গৌরব অর্জন করেছেন।

নির্বাচনী প্রচারণায় জীবনযাত্রার ব্যয়, আবাসনসংকট, কর, জননিরাপত্তা, অভিবাসন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠে। হোকুল শিশু পরিচর্যার ব্যয় কমানো, করছাড়, আবাসন ও গণপরিবহনে বিনিয়োগ এবং জীবনযাত্রাকে সাশ্রয়ী করার প্রতিশ্রুতি দেন। অন্যদিকে ব্লেকম্যান কর ও ইউটিলিটি বিল কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অভিবাসন নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাট ভোটারদের ব্যাপক সমর্থন হোকুলের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অ্যাটর্নি জেনারেল পদে রিপাবলিকান প্রার্থী সারিথা কোমাতিরেড্ডিকে পরাজিত করে তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন লেটেশিয়া জেমস। ভোক্তা ও নাগরিক অধিকার সংরক্ষণ, করপোরেট অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা এবং ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি অবস্থানের কারণে তিনি জাতীয় রাজনীতিতেও আলোচিত।

স্টেট কম্পট্রোলার পদে রিপাবলিকান প্রার্থী জোসেফ হার্নান্দেজকে পরাজিত করে পঞ্চম পূর্ণ মেয়াদে জয়ী হয়েছেন থমাস পি. ডিনাপোলি। ২০০৭ সাল থেকে দায়িত্ব পালন করা ডিনাপোলি রাজ্যের সরকারি ব্যয় নিরীক্ষা, আর্থিক ব্যবস্থাপনা এবং সরকারি পেনশন তহবিল তদারকির দায়িত্বে রয়েছেন।


এদিকে নিউইয়র্কের ২৬টি কংগ্রেশনাল আসনের নির্বাচনেও ডেমোক্র্যাটরা শক্ত অবস্থান ধরে রেখেছেন। এবার  কংগ্রেশনাল আসনের পাশাপাশি স্টেট সিনেটের ৬৩টি এবং স্টেট অ্যাসেম্বলির ১৫০টি আসনেও ভোট অনুষ্ঠিত হয়েছে। তবে নিউইয়র্ক থেকে যুক্তরাষ্ট্রের সিনেটের কোনো আসনে এবার নির্বাচন হয়নি। স্টেট সিনেট ও ফেডারেল সিনেট পৃথক আইনসভা।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন