https://www.prothomalony.com/

18540

new-york

নিউইয়র্ক

সেন্ট অ্যালবান্স বাংলাদেশি কমিউনিটি ইউএসএ’র সভাপতি তৌফিক, সম্পাদক মামুন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ ১১:২৬

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘সেন্ট অ্যালবান্স বাংলাদেশি কমিউনিটি ইউএসএ ইনক’র ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তৌফিক আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মওলা মামুন। নির্বাচনে শতভাগ ভোট পাওয়ায় নতুন নেতৃত্বের প্রতি সদস্যদের পূর্ণ সমর্থন ও আস্থার প্রতিফলন ঘটেছে বলে আয়োজকেরা জানান।

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সংগঠনের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দারুল আরকাম ইসলামিক সেন্টারের সভাপতি নাঈম ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব রুহুল আমিন।

সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনবাগ সমিতির সভাপতি এ এস এম মাঈনুদ্দিন বাবলু। এ ছাড়া সেন্ট অ্যালবান্স ও নিউইয়র্কের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।

নবনির্বাচিত সভাপতি তৌফিক আলম যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে সামাজিক, সাংগঠনিক, শিক্ষা ও পেশাগত কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তিনি বর্তমানে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বুস্ট মোবাইলের ডিস্ট্রিক্ট লিডার এবং শিক্ষা প্রতিষ্ঠান এসইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। এ ছাড়া তিনি ভয়েস ফর বাংলাদেশ, বালাগঞ্জ ও ওসমানীনগর সোসাইটি এবং দারুল আরকাম ইসলামিক সেন্টারের সঙ্গে বিভিন্ন দায়িত্বে যুক্ত রয়েছেন। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সান্ডারল্যান্ডে ২০১৪ সালে শিক্ষার্থীদের ভোটে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন তিনি।

সাধারণ সম্পাদক মওলা মামুন পেশাগত জীবনে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে আইটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। সামাজিক ও কমিউনিটি কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে সক্রিয় তিনি। বর্তমানে সেনবাগ সমিতির কার্যকরী সহসভাপতি এবং দারুল আরকাম ইসলামিক সেন্টারের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

যৌথ প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন কমিশন, ভোটার, সদস্য এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান। তৌফিক আলম বলেন, উপস্থিত ভোটারদের শতভাগ সমর্থনে তিনি অভিভূত। সেন্ট অ্যালবান্সে বসবাসরত বাংলাদেশিদের সুখে-দুঃখে পাশে থাকা, নতুন প্রজন্মকে দেশের কৃষ্টি-সংস্কৃতির সঙ্গে পরিচিত করা এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যায় সহযোগিতা করাই হবে তাদের মূল অঙ্গীকার।

মওলা মামুন বলেন, সদস্যদের এই রায় আগামী দিনের কাজের অনুপ্রেরণা। পেশাগত ও সাংগঠনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি গতিশীল ও প্রবাসীবান্ধব সংগঠন গড়ে তুলতে তারা কাজ করবেন। কমিউনিটির উন্নয়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষার প্রসারে বিভিন্ন কর্মসূচি নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

নতুন কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহসভাপতি আরিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিক (নোমান), কোষাধ্যক্ষ মো. এইচ. রশীদ (হারুন), সাংগঠনিক সম্পাদক মাহমুদ শ্যামল, প্রচার সম্পাদক এফ.এন.ইউ সালামত, সাংস্কৃতিক সম্পাদক নিহা আলম, আপ্যায়ন সম্পাদক এস.এইচ.কে মিনহাজ, মহিলা বিষয়ক সম্পাদিকা নাদিরা আক্তার, ক্রীড়া সম্পাদক ওয়াসিফ এ জাকির রিচার্ড এবং শিক্ষা সম্পাদক শ্যামল আহমেদ।

কার্যকরী পরিষদের সদস্য হয়েছেন মো. নাঈম ইসলাম, মো. ইসলাম রিপন, মোহাম্মদ রুহুল আমিন, হাবিবুর রহমান ও ইমরান এইচ. রামিন।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন