https://www.prothomalony.com/
18538
north-america
যুক্তরাষ্ট্রে মেডিকেইড সুবিধাভোগীদের জন্য নতুন কর্মশর্ত বাস্তবায়নে গুরুতর অসুস্থ ব্যক্তিদের ছাড় পাওয়ার সুযোগ সীমিত করে ট্রাম্প প্রশাসনের জারি করা একটি নিয়ম আটকে দিয়েছেন ফেডারেল আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ম্যাসাচুসেটসের বোস্টনে মার্কিন জেলা আদালতের বিচারক রিচার্ড স্টিয়ার্নস এ আদেশ দেন।
২৫টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসির করা মামলার পরিপ্রেক্ষিতে বিচারক এ সিদ্ধান্ত দেন। মামলাকারীদের যুক্তি ছিল, প্রশাসনের নতুন নিয়মের কারণে গুরুতর অসুস্থতা বা শারীরিক অক্ষমতায় ভোগা ব্যক্তিদের সরকারি স্বাস্থ্যবিমা ধরে রাখতে অপ্রয়োজনীয় জটিলতার মুখে পড়তে হবে।
নিম্ন আয়ের মানুষের জন্য যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেইডে কেন্দ্রীয় ও অঙ্গরাজ্য সরকার যৌথভাবে অর্থায়ন করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’-এর আওতায় ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে অধিকাংশ ১৯ থেকে ৬৪ বছর বয়সী সুবিধাভোগীকে মাসে অন্তত ৮০ ঘণ্টা কাজ বা কমিউনিটি সেবায় যুক্ত থাকতে হবে। বিকল্প হিসেবে অন্তত অর্ধকালীন শিক্ষাক্রমে ভর্তি থাকার শর্তও রাখা হয়েছে।
এই আইন বাস্তবায়নে গত জুনে মেডিকেইড ও মেডিকেয়ার সেবা কেন্দ্র (সিএমএস) অঙ্গরাজ্যগুলোর জন্য নির্দেশনা জারি করে। এতে ‘চিকিৎসাগতভাবে দুর্বল’ অথবা বিশেষ চিকিৎসার প্রয়োজন রয়েছে—এমন ব্যক্তিদের কর্মশর্ত থেকে ছাড় দেওয়ার বিধান ছিল। তবে সিএমএসের নিয়মে বলা হয়েছিল, শারীরিক, মানসিক বা আচরণগত স্বাস্থ্যগত সমস্যা কারও কর্মশর্ত পূরণের সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে ব্যাহত করলেই কেবল তিনি এ ছাড় পাবেন।
বিচারক স্টিয়ার্নস বলেন, ‘চিকিৎসাগতভাবে দুর্বল’ হিসেবে বিবেচিত হওয়ার ক্ষেত্রে সিএমএসের এই সংজ্ঞা আইনসম্মত নয়। তার মতে, এ সংজ্ঞার কারণে চিকিৎসার ধারাবাহিকতার জন্য মেডিকেইডের ওপর নির্ভরশীল যোগ্য ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা স্বাস্থ্যবিমা হারাতে পারেন।
আদালত নিয়মটির ওই অংশ বাতিল করলেও আরও দুটি বিধান বহাল রেখেছেন। এর মধ্যে একটি হলো, কোনো ব্যক্তির চিকিৎসাগত দুর্বলতার প্রমাণ ১২ মাসের বেশি পুরোনো হলে অঙ্গরাজ্যগুলো তা গ্রহণ করতে পারবে না।
মামলায় নেতৃত্ব দেওয়া অঙ্গরাজ্যগুলোর মধ্যে ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস ও নিউ জার্সি রয়েছে। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা বলেন, গুরুতর অসুস্থতা বা প্রতিবন্ধিতায় আক্রান্ত ব্যক্তিদের কর্মশর্ত কিংবা সংশ্লিষ্ট জটিলতার কারণে স্বাস্থ্যসেবা হারানোর আশঙ্কায় থাকা উচিত নয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন