https://www.prothomalony.com/

18526

north-america

উত্তর আমেরিকা

প্রবাসীদের অধিকার আদায়ে লন্ডনে নতুন সংগঠন ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ ০১:৫৫

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মেধা ও অবদানকে দেশের উন্নয়নে কাজে লাগানো এবং তাদের সুরক্ষা ও অধিকার আদায়ের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’। প্রবাসীদের সাংবিধানিক ও নৈতিক অধিকার রক্ষা, বিমানবন্দরে হয়রানি বন্ধ এবং দেশে থাকা তাদের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে এ প্ল্যাটফর্ম।

যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির শীর্ষস্থানীয় নেতা, ব্যবসায়ী, পেশাজীবী ও উদীয়মান সংগঠকদের সমন্বয়ে পরিষদটি গঠিত হয়েছে। যুক্তরাজ্য ইমিগ্রেশন ট্রাইব্যুনালের সাবেক বিচারক মোহাম্মদ বেলায়েত হোসাইনকে সভাপতি এবং সংগঠক সিরাজুল ইসলাম শাহিনকে সাধারণ সম্পাদক মনোনীত করে এর নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ প্রকাশ করা হয়।

সম্প্রতি লন্ডনে জাজ মোহাম্মদ বেলায়েত হোসাইনের সভাপতিত্বে এবং ব্যারিস্টার আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনটির নাম, সাংগঠনিক কাঠামো ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

সভায় বক্তারা বলেন, দেড় কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি কঠোর পরিশ্রম করে যে রেমিট্যান্স পাঠান, তা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ বিমানবন্দর থেকে শুরু করে বিদেশে অবস্থিত কনস্যুলেট ও দূতাবাসগুলোতে সেবা নিতে গিয়ে প্রবাসীরা পদে পদে হয়রানি ও অবহেলার শিকার হন। প্রবাসীদের প্রেরিত অর্থ নিয়ে গর্ব করা হলেও তাদের প্রকৃত নাগরিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।

আলোচনায় প্রবাসীদের পাঠানো অর্থের নিরাপত্তা, বিদেশে হয়রানি রোধ, ব্যাংকিং খাতে নৈরাজ্য বন্ধ এবং প্রবাস থেকে ভোটাধিকার প্রয়োগসহ জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বক্তারা জানান, যুক্তরাজ্য ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে দ্বৈত নাগরিকত্বের সুযোগ থাকলেও দেশে ভোটাধিকারের ক্ষেত্রে নানা জটিলতার মুখ পড়তে হয়। এ সমস্যা সমাধানে সমন্বিত আন্দোলনের তাগিদ দেন তারা।

পরিষদের সহসভাপতি মনোনীত হয়েছেন ব্যারিস্টার আতাউর রহমান, রফিক হায়দার ও ড. মুহাম্মদ মুসতাকিম প্রামাণিক। যুগ্ম সম্পাদক পদে ব্যারিস্টার আবদুল হালিম সরকার ও সৈয়দ জুলকারনাইন জুম্মা, প্রচার ও প্রকাশনা সম্পাদক অলিউল্লাহ নোমান, অফিস সম্পাদক সুমন মাহমুদ এবং অর্থ সম্পাদক হিসেবে জুবের আহমদ আহাদ দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া সাবেক বিচারপতি ইমান আলী, শাহগির বখত ফারুক, ড. হাসনাত হোসাইন এমবিই, জাজ নজরুল খসরু, মুহিব চৌধুরী ও ব্যারিস্টার নাজির আহমদসহ ১৪ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।


 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন