https://www.prothomalony.com/

18528

north-america

উত্তর আমেরিকা

মুহিত মাহমুদই হ্যামট্রাম্যাকের মেয়র, কাটল আইনি বাধা

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ ০২:০৭

দীর্ঘ আইনি লড়াই ও জটিলতার অবসান ঘটিয়ে মিশিগানের হ্যামট্রাম্যাক সিটির পরবর্তী মেয়র হিসেবে মুহিত মাহমুদের দায়িত্ব নেওয়ার পথ প্রশস্ত হয়েছে। ওয়েইন কাউন্টির একজন বিচারক গত শুক্রবার রায় দিয়েছেন যে, নির্বাচিত পদে থাকার জন্য প্রয়োজনীয় বাসস্থানের শর্ত তিনি সফলভাবে পূরণ করেছেন। ‘ক্লিক অন ডেট্রয়েট ডট কম’-এর সূত্রে এই তথ্য জানা গেছে।

ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টের বিচারক ক্যাথলিন ম্যাকার্থি তার আদেশে উল্লেখ করেছেন, মাহমুদ যে এলাকায় বসবাসের দাবি করেছেন তা নাকচ করার মতো যথেষ্ট প্রমাণ আদালতে নেই। আদালত ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্সকে দীর্ঘদিন ধরে বিতর্কিত ৩৭টি ব্যালট বৈধ বলে প্রত্যয়ন করার নির্দেশ দিয়েছেন। এই ব্যালটগুলো যুক্ত হওয়ার ফলে ভোটের ব্যবধানে মুহিত মাহমুদ এগিয়ে গেছেন। বিচারক আদেশে লিখেছেন, “আজকের পরিস্থিতি অনুযায়ী, মাহমুদই আসলে হ্যামট্রাম্যাকের বৈধ মেয়র।”

আদালতে সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনার পর বিচারক জানান, মেয়র পদে আসীন হওয়ার জন্য প্রয়োজনীয় বসবাসের শর্ত মাহমুদ পূরণ করেছেন। যদিও তার অন্যান্য শহরে বাসস্থান রয়েছে এবং তার পরিবার ট্রয় শহরে থাকেন, তবুও এটি তাকে নির্বাচিত পদে দায়িত্ব পালন থেকে বিরত করে না।

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরের নির্বাচনের পরদিন হ্যামট্রাম্যাক সিটির ক্লার্কের কার্যালয়ে খোলা খামের ভেতর এই ৩৭টি ব্যালট পাওয়া গিয়েছিল। পরবর্তীতে বিচারকের নির্দেশে ১৬ অক্টোবর বোর্ড অব ক্যানভাসার্স ব্যালটগুলো যাচাই-বাছাই করে। অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যায়, বর্তমান মেয়র অ্যাডাম আলহারবির ২ হাজার ৭৭ ভোটের বিপরীতে মুহিত মাহমুদ ২ হাজার ৮৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তবে মামলা বিচারাধীন থাকায় বোর্ড এতদিন ফলাফল চূড়ান্ত করতে পারেনি। আলহারবি ২০২৬ সালের জানুয়ারি থেকে মেয়রের দায়িত্ব পালন করে আসছিলেন।

শুক্রবারের এই রায়ের ফলে মুহিত মাহমুদ ও মেয়রের পদের মধ্যবর্তী প্রধান আইনি বাধা দূর হলো। এখন ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্সের মাধ্যমে ব্যালটগুলো আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করার কথা রয়েছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন