https://www.prothomalony.com/
18445
north-america
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬ ০৩:১৮
কুয়েতে আয়োজিত ‘কিংস প্রিমিয়ার লিগ (কেপিএল) টি-টোয়েন্টি’ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জয় করেছে প্রবাসী বাংলাদেশিদের দল ‘জিলিব প্রবাসী ক্রিকেট ক্লাব’। ভারতীয় প্রবাসীদের পরিচালনায় আয়োজিত বহুজাতিক এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মোট ১২টি দল অংশ নেয়।
শুক্রবার (১৬ অক্টোবর) দীর্ঘ ছয় মাসের খেলা শেষে সোলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় জিলিব প্রবাসী ক্রিকেট ক্লাব ও ভারতীয় প্রবাসীদের দল ‘এশিয়ান ব্রাদার্স’।
টসে জিতে জিলিব প্রবাসী ক্রিকেট ক্লাবের অধিনায়ক প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও ফিল্ডিংয়ের মুখে পড়ে এশিয়ান ব্রাদার্স ২০ ওভারে অলআউট হয়ে ১২৪ রান তোলে। ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় জিলিব প্রবাসী ক্রিকেট ক্লাব। ৭ উইকেটের বড় জয়ে শিরোপা ঘরে তোলে বাংলাদেশি দলটি। ফাইনালে দারুণ পারফরম্যান্সের জন্য ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন রাজু আহমেদ।
বিজয়ী দলের অধিনায়ক মোয়াজ্জেম হোসেন বলেন, বিভিন্ন দেশের প্রবাসী দলগুলোর সঙ্গে লড়াই করে বাংলাদেশি দল হিসেবে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এই জয় প্রবাসে প্রিয় লাল-সবুজের জয়।
প্রবাসী ক্রিকেটারদের এই অর্জনে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন বলেন, প্রবাসের কঠিন ব্যস্ততার মধ্যেও প্রবাসী ভাইদের এই সাফল্য অত্যন্ত প্রশংসনীয়। সঠিক সুযোগ পেলে প্রবাসীদের মেধা ও পরিশ্রম দেশের জন্য শুভ ফল বয়ে আনবে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন