https://www.prothomalony.com/

18442

north-america

উত্তর আমেরিকা

‘মিশিগান আড্ডা’ অনুষ্ঠানে মেয়র মুহিত:আমাদের অনেক দূর যেতে হবে

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬ ০২:৫৯

প্রথম আলো উত্তর আমেরিকা আয়োজিত আড্ডা আলোচনায়  উপস্থিত হলেন মেয়র মুহিত মাহমুদ। আমেরিকার কোন সিটির প্রথম নির্বাচিত বাংলাদেশী আমেরিকান নগরপিতা উপস্থিত হলেন তাঁর প্রথম স্বদেশী অনুষ্ঠানে। ফুলেল শুভেচছা আর ভালোবাসার উচ্ছ্বাসে মিশিগানের অগ্রসরজন মেয়রকে স্বাগত জানান।মুহিত মাহমুদ তাঁর স্বভাবসুলভ বিনয়ী বক্তৃতায় বলেন,প্রথম আলোর অনুষ্ঠানে তাঁর এ যোগদান ঐতিহাসিক। তিনি বলেন, কমিউনিটি নিয়ে আমাদের আমেরিকার সমাজে আরও অনেক দূর যেতে হবে।

প্রবাসে ব্যস্ত জীবনের নানা ব্যস্ততা - বন্ধু, স্বজন, লেখক, পাঠক ও সাংবাদিকদের সঙ্গে আড্ডা, স্মৃতিচারণ এবং পারস্পরিক ভাববিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মিশিগান আড্ডা’। মঙ্গলবার, ২০ অক্টোবর বিকেল ৫টায় মিশিগানের ওয়ারেন শহরের স্পাইস ২১-এ প্রথম আলো উত্তর আমেরিকার উদ্যোগে এ আয়োজন করা হয়।

মিশিগানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করা এবং দীর্ঘদিনের পরিচিতজনদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর উদ্দেশ্যে আয়োজিত এ আড্ডায় প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন ও নির্বাহী সম্পাদক মনজুরুল হক উপস্থিত ছিলেন।
আড্ডা আলোচনার সূত্রপাত করেন বাংলা প্রেস ক্লাব মিশিগানের প্রতিষ্ঠাতা সভাপতি হেলাল উদ্দিন রানা এবং বাংলা প্রেস ক্লাব মিশিগানের সভাপতি ও প্রথম আলো উত্তর আমেরিকা মিশিগান প্রতিনিধি পার্থ দেব।

আড্ডার মূল ভাবনায় ছিল মিশিগানের ইতিহাস, অটোমোবাইল শিল্পের বিকাশ, অভিবাসীদের জীবনসংগ্রাম এবং প্রবাসে গড়ে ওঠা বাংলাদেশি কমিউনিটির পথচলার গল্প। কর্মব্যস্ত প্রবাসজীবনের বাইরে এমন আয়োজনকে একে অপরের কাছে ফিরে আসা, পুরোনো স্মৃতি রোমন্থন এবং নতুন সম্পর্ক গড়ে তোলার একটি উপলক্ষ হিসেবে তুলে ধরা হয়।

মিশিগান বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য একটি গুরুত্বপূর্ণ জনপদ। শিল্পনগরী হিসেবে পরিচিত এ অঞ্চলে বহু বাংলাদেশি কয়েক দশক ধরে বসবাস করছেন। তাঁদের শ্রম, পেশাগত সাফল্য, সামাজিক কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক উদ্যোগের মধ্য দিয়ে গড়ে উঠেছে প্রবাসী বাংলাদেশিদের নিজস্ব পরিসর। সেই কমিউনিটির বিভিন্ন প্রজন্মের মানুষের মধ্যে সংযোগ আরও গভীর করার প্রত্যাশা ছিল আয়োজনটির অন্যতম উদ্দেশ্য।

মিশিগানে বাংলাদেশ কনস্যুলেট স্থাপনের দীর্ঘ দাবীসহ আমেরিকায় বাংলাদেশী বিভিন্ন মাছের আমদানি নিয়ন্ত্রণ নিয়ে সোচ্চার হওয়ার কথা উঠে আড্ডা আলোচনায়।

আড্ডায় উপস্থিত অতিথিদের সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতা, প্রবাসজীবনের নানা অধ্যায়, সামাজিক যোগাযোগ এবং স্মৃতির গল্প নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। গান, কবিতা, সাহিত্য ও সমসাময়িক প্রসঙ্গ ঘিরে অনানুষ্ঠানিক আলাপের মধ্য দিয়ে সন্ধ্যাটি হয়ে ওঠে আন্তরিক মিলনমেলা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসজীবনে মানুষ কাজ ও পরিবারের দায়িত্ব সামলাতে গিয়ে অনেক সময় বন্ধু, পরিচিতজন এবং দীর্ঘদিনের সহযাত্রীদের সঙ্গে বসার সুযোগ পান না। এ ধরনের আয়োজন সেই দূরত্ব কমিয়ে পারস্পরিক সম্পর্ককে নতুন করে উজ্জীবিত করতে সহায়তা করে।

প্রবাসের মাটিতে পরিচিত মুখগুলোর সঙ্গে কিছুটা সময় কাটানো, পুরোনো দিনের কথা বলা এবং নতুন স্মৃতি তৈরি করার মধ্য দিয়ে ‘মিশিগান আড্ডা’ হয়ে ওঠে বাংলাদেশি কমিউনিটির সামাজিক বন্ধন দৃঢ় করার একটি উদ্যোগ।



আড্ডা আলোচনায় যোগ দেন
হারাণ কান্তি সেন, সুবিমল সেনাপতি, শফিউল আলম, মোঃ লুৎফর রহমান, আবু  মূসা, অবিনাষ চৌধুরী, মিল্টন বড়ুয়া, সঙ্গীতা বড়ুয়া, দীপ্তিময়ী বড়ুয়া, মনিষ ভট্টাচার্য্য, সাইফ সিদ্দিকী, মাহদী চৌধুরী, বদরুল আলম সুমন, মিজান চৌধুরী, ইকবাল আহমেদ, কামাল উদ্দিন, সুমন কবীর, হেলাল খান, হাবিব রহমান, মাহমুদ রহমান, কল্যাণী দেব চৌধুরী, খাজা শাহাব আহমেদ, ফারুক আহমেদ (চাঁদ), মোঃ লায়েছ উদ্দিন, মনজুর শফী আলীম, জাফর ওবায়েদ, বকুল তালুকদার, নূরুল হক, মেছবাহ উদ্দিন, মুস্তাক আহমেদ, এডভোকেট এ. রহিম, আসেফ চৌধুরী, মোঃ নজরুল ইসলাম (বাবুল), মনজুরুল হক, আশিক রহমান,ইকবাল ফেরদৌস, ফয়সাল আহমেদ মুন্না,মুস্তফা কামাল,সৈয়দ শাহেদুল হক,সুমন কবীর,শিমুল দত্ত,জুবেরুল ইসলাম খোকন,ফয়সল আহমেদ এবং শফিক রহমান।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন