https://www.prothomalony.com/

18438

north-america

উত্তর আমেরিকা

ডাইভারসিটি ভিসা লটারি আবার চালুর নির্দেশ আদালতের, ১ নভেম্বরের মধ্যে আবেদন শুরু

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ ০৪:০৭

যুক্তরাষ্ট্রের ২০২৭ অর্থবছরের ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা (ডিভি) লটারির নিবন্ধন আবার চালু করতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন একটি ফেডারেল আদালত। আগামী ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু করতে এবং ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনের সময়সূচি ঘোষণা করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ১৪ অক্টোবর বিচারক জিনসুক ওহতা এ আদেশ দেন। বার্ষিক এই লটারির নিবন্ধন যথাসময়ে শুরু না হওয়ায় দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, নিবন্ধন কার্যক্রম ৩০ দিন চালু থাকতে পারে। তবে আবেদনকারীদের চূড়ান্ত সময়সূচি, যোগ্যতার শর্ত ও আবেদনপদ্ধতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।

ক্যালিফোর্নিয়াভিত্তিক অভিবাসন আইন প্রতিষ্ঠান রেড ঈগল ল’ মামলাটি দায়ের করে। প্রতিষ্ঠানটির অভিযোগ ছিল, ২০২৭ সালের ডিভি লটারির নিবন্ধন শুরু করতে প্রশাসনের বিলম্বের কারণে যোগ্য আবেদনকারীরা অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বিচারক মনে করেন, নিবন্ধনপ্রক্রিয়া শুরু না করার ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ও অযৌক্তিক হয়ে থাকতে পারে।

ডিভি লটারি সাধারণভাবে গ্রিন কার্ড লটারি নামে পরিচিত। এ কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে তুলনামূলকভাবে কম অভিবাসী পাঠায়—এমন দেশগুলোর যোগ্য নাগরিকদের জন্য প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার অভিবাসী ভিসা দেওয়া হয়। নির্বাচিত হলে আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে পারেন।

অন্যান্য অনেক কর্মভিত্তিক অভিবাসন প্রক্রিয়ার মতো এ লটারিতে অংশ নিতে সাধারণত যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব বা নিয়োগকর্তার পৃষ্ঠপোষকতা প্রয়োজন হয় না। তবে লটারিতে নাম উঠলেই গ্রিন কার্ড নিশ্চিত হয় না। নির্বাচিত আবেদনকারীদের নির্ধারিত যোগ্যতা পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং অভিবাসন ও নিরাপত্তা যাচাই সম্পন্ন করতে হয়।

আবেদনের জন্য সাধারণত উচ্চমাধ্যমিক শিক্ষা বা সমমানের যোগ্যতা থাকতে হয়। বিকল্প হিসেবে নির্ধারিত শর্ত পূরণকারী পেশায় কাজের অভিজ্ঞতাও গ্রহণযোগ্য হতে পারে।

আদালতের নির্দেশে নিবন্ধন আবার চালু হলে যোগ্য দেশগুলোর আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য নতুন সুযোগ পাবেন। তবে আবেদন জমা দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সরকারি ঘোষণা ও যোগ্যতার শর্ত যাচাই করা জরুরি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন