https://www.prothomalony.com/
18437
north-america
আগামী ২০২৭ সালে অনুষ্ঠিতব্য ৪১তম হিউস্টন ফোবানা সম্মেলনকে সামনে রেখে আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কিক-অফ সভা ও গালা। সুগারল্যান্ডের ১৬৬৪২ এলিস ফস্টার স্ট্রিটে আয়োজক সংগঠন বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব গ্রেটার হিউস্টনের (বিএএসজিএইচ) নিজস্ব সেন্টারে বিকেল ৫টায় এ সভা অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কিক-অফ সভায় ৪১তম ফোবানার প্রস্তুতি ও হালনাগাদ পরিকল্পনা তুলে ধরা হবে। এতে টেক্সাসের হিউস্টন, অস্টিন ও ডালাস ছাড়াও যুক্তরাষ্ট্রের অন্তত ১০টি অঙ্গরাজ্যের ফোবানা সদস্য সংগঠনের নেতৃবৃন্দ, নির্বাহী সংসদের কর্মকর্তা ও স্পনসররা অংশ নেবেন।
কনভেনার ইমতিয়াজ আহমেদ পাভেল বলেন, ‘আমাদের নিজস্ব সেন্টারে কিক-অফ সভার পাশাপাশি মূল সম্মেলনের ভেন্যু পরিদর্শনের সুযোগ থাকবে। এছাড়া আউটডোর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফোবানার বিগত সম্মেলনগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ঘাটতিগুলো দূর করে একটি স্মরণীয় আয়োজন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।’ তিনি জানান, যুক্তরাষ্ট্রে কিক-অফ সভার পর আগামী জানুয়ারি মাসে বাংলাদেশেও একটি কিক-অফ সভা অনুষ্ঠিত হবে।
হোস্ট কমিটির সদস্যসচিব খন্দকার ইসলাম রিয়াজ জানান, কিক-অফ সভায় হোস্ট কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হবে এবং স্থানীয় স্পনসরদের সম্মানিত করা হবে। আগত অতিথিদের সুবিধার্থে প্রয়োজনীয় সব সহায়তার প্রস্তুতিও রাখা হয়েছে।
ফোবানার চেয়ারম্যান এম রহমান জহির ও এক্সিকিউটিভ সেক্রেটারি ড. প্রিয়লাল কর্মকার এক যৌথ বার্তায় সবাইকে ৫ ডিসেম্বর হিউস্টনের কিক-অফ সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। ফোবানার ভাইস চেয়ারম্যান আবীর আলমগীর, জয়েন্ট সেক্রেটারি অ্যান্থনি পিউস গোমেজ ও কোষাধ্যক্ষ নাহিদা নাসের জানান, স্থানীয় সংগঠনগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইতিমধ্যে একটি শক্তিশালী ও পেশাদার হোস্ট কমিটি গঠন করা হয়েছে।
যেকোনো তথ্যের জন্য আয়োজক কমিটির ২৮১-৮২৭-৭৯৮০ অথবা ৮৩২-৭৫৫-৫৮৮২ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন