https://www.prothomalony.com/

18331

north-america

উত্তর আমেরিকা

আরেক বাংলাদেশি তরুণের অপমৃত্যু: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত শাহ আহসান আরদি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ ০৫:৩৩

শনিবারের ভোর তখনও ফোটেনি। ঘড়িতে ৪টা ২০ মিনিট। ব্রঙ্কসের মেজর ডিগান এক্সপ্রেসওয়ের উত্তরমুখী লেনে। ম্যাকম্বস ড্যাম ব্রিজের কাছাকাছি, একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে আছড়ে পড়ে। ছিটকে পড়া আরোহী আর উঠে দাঁড়াননি। তাঁর নাম শাহ আহসান আরদি, বয়স ২৪। ব্রঙ্কসের ওয়েকফিল্ডের বাসিন্দা, এবং তিনি বাংলাদেশি। ঘটনাস্থলেই প্যারামেডিকরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, আঘাতে তাঁর শরীরে মারাত্মক ট্রমা হয়েছিল। এই ঘটনা ঘটেছে ৩ অক্টোবর, শনিবার।

পুলিশের প্রাথমিক বিবরণ অনুযায়ী, আরদি উত্তরমুখী লেন ধরে যাচ্ছিলেন। গার্ডরেলে ধাক্কা খান এবং ছিটকে পড়েন। দুর্ঘটনার পর প্রায় চার ঘণ্টা ধরে ওই অংশের উত্তরমুখী সব লেন বন্ধ রাখা হয়। পুলিশের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে। কোনো গ্রেপ্তারের খবর নেই। দুর্ঘটনার কারণ নিয়ে পুলিশ এখনও চূড়ান্ত কিছু জানায়নি।

কমিউনিটি সূত্রে জানা যায়, আরদী বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের সন্তান। তাঁর বাবা যুক্তরাষ্ট্রপ্রবাসী শাহ মোহাম্মদ আসাদ মিয়া। আরদি তাঁর বড় ছেলে। আইটি ইঞ্জিনিয়ার হিসবে পেশাজীবন শুরু করেছিলেন মেধাবী এ যুবক। তাঁর অকালমৃত্যুর খবরে বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ব্রঙ্কসের মহাসড়কে মোটরসাইকেল-ঝুঁকির চিত্রটি নতুন নয়। ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের মে পর্যন্ত ব্রঙ্কসের হাইওয়েতে তেরো জন মোটরসাইকেল আরোহী মারা গেছেন, তাঁদের ছয়জনের মৃত্যু হয়েছে একা মেজর ডিগানেই।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন