https://www.prothomalony.com/
18328
north-america
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ ০৫:২২
যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় বিদেশি ভ্রমণকারীদের পাসপোর্টে আর নিয়মিতভাবে স্ট্যাম্প দেওয়া হবে না। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি) সম্প্রতি এ সিদ্ধান্ত জানিয়েছে। সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকায়নের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এ পরিবর্তন আনা হচ্ছে বলে সংস্থাটি জানিয়েছে।
১ অক্টোবর ২০২৬ সিবিপির ক্যারিয়ার লিয়াজোঁ প্রোগ্রামের মাধ্যমে প্রকাশিত একটি বুলেটিনে সিদ্ধান্তটি জানানো হয়। এতে বলা হয়েছে, প্রবেশের সময় প্রাথমিক যাচাই বা প্রাইমারি স্ক্রিনিং পর্যায়ে, অর্থাৎ যাত্রীরা যুক্তরাষ্ট্রে ঢোকার প্রথম চেকপয়েন্টে, আর রুটিন স্ট্যাম্প দেওয়া হবে না।
সিবিপির ভাষ্য, সীমান্ত ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় ফরম, মোবাইল সেবা ও ফেসিয়াল বায়োমেট্রিক প্রযুক্তির ব্যবহার ক্রমেই বাড়ছে। রুটিন স্ট্যাম্প বাদ দিলে প্রাইমারি কন্ট্রোলে কর্মকর্তাদের সময় কমবে এবং সামগ্রিক পরিচালন ব্যয়ও হ্রাস পাবে।
সিবিপি স্পষ্ট করেছে, স্ট্যাম্প ব্যবহার পুরোপুরি বন্ধ হচ্ছে না। কোনো যাত্রীকে অতিরিক্ত পরীক্ষার জন্য সেকেন্ডারি স্ক্রিনিংয়ে পাঠানো হলে কর্মকর্তারা স্ট্যাম্প দিতে পারবেন। কিছু ক্ষেত্রে, বিশেষ করে ইমিগ্রেন্ট ভিসা প্রক্রিয়াকরণের সময়, প্রাইমারি পর্যায়েও স্ট্যাম্প ব্যবহার চলতে পারে।
যেসব যাত্রী স্মারক হিসেবে বা নিজের রেকর্ডের জন্য পাসপোর্টে স্ট্যাম্প চান, তাঁরা সীমান্তে সিবিপি কর্মকর্তাকে অনুরোধ করলে তা দেওয়া হবে। স্ট্যাম্প রুটিন প্রক্রিয়ার অংশ না থাকলেও এ অনুরোধ রাখা হবে।
বুলেটিনে পরিবর্তনটি কার্যকরের নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। সিবিপি শুধু জানিয়েছে, চলমান আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে রুটিন স্ট্যাম্প বন্ধ হবে।
স্ট্যাম্প না থাকলেও প্রবেশের কোনো রেকর্ড অনুপস্থিত থাকবে না। বিদেশি ভ্রমণকারীদের জন্য প্রবেশের সরকারি রেকর্ড হলো ইলেকট্রনিক ফর্ম I-94, যা সিবিপির আগমন ও প্রস্থান সংক্রান্ত নথি। যাত্রী প্রবেশের অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে এটি স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়।
যুক্তরাষ্ট্রে ঢোকার পর ভ্রমণকারীরা সিবিপির অফিসিয়াল I-94 পোর্টাল অথবা বিনামূল্যের CBP One মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের প্রবেশের প্রমাণ, ইমিগ্রেশন স্ট্যাটাস এবং অনুমোদিত অবস্থানের মেয়াদ দেখতে পারবেন। সরকারি সংস্থা, স্কুল বা নিয়োগকর্তার কাছে বৈধ প্রবেশের প্রমাণ দেখানোর প্রয়োজন হলে এই নথি দেখা ও প্রিন্ট করা যাবে।
I-94 রেকর্ডে কোনো ভুল থাকলে দ্রুত সংশোধনের জন্য সিবিপির অফিসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দিয়েছে সংস্থাটি।
যেহেতু ভিসার মেয়াদ, কাজের অনুমতি ও অবস্থানের বৈধতা প্রমাণে এখন I-94 ই মূল নথি, তাই যুক্তরাষ্ট্রে প্রবেশের পর অনলাইনে নিজের I-94 রেকর্ড যাচাই করে নেওয়া গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী, কর্মজীবী ও দর্শনার্থী ভিসাধারীদের জন্য বিষয়টি বিশেষভাবে প্রযোজ্য।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন