https://www.prothomalony.com/

18242

decoration

সাজসজ্জা

২০২৭ সালের ৪১তম ফোবানা হিউস্টনে, কনভেনর পাভেল আহমেদ

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৩:১৭

২০২৭ সালের ৪১তম ফোবানার আয়োজক হিসেবে হিউস্টনের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। ৬ সেপ্টেম্বর রোববার ৪০তম ফোবানার সমাপনী দিনে রাত ১০টার দিকে ফোবানার নির্বাহী সংসদের পক্ষ থেকে আগামী আসরের আয়োজক কমিটির হাতে ফোবানার পতাকাসহ আনুষঙ্গিক সামগ্রী তুলে দেওয়া হয়। ফোবানার চেয়ারম্যান রবিউল করিম বেলালসহ নির্বাহী কমিটির সদস্যরা ৪১তম ফোবানার কনভেনর ইমতিয়াজ আহমেদ পাভেলের কাছে এ দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তরের সময় ফোবানার নতুন নেতৃত্ব আশা প্রকাশ করেন, হোস্ট কনভেনর ইমতিয়াজ আহমেদ পাভেল এবং মেম্বার সেক্রেটারি খন্দকার ইসলাম রিয়াজের নেতৃত্বে হিউস্টন থেকে একটি চমৎকার ফোবানা উপহার দেওয়া হবে। এ সময় ৪০তম ফোবানার কনভেনর ডক্টর জয়নাল আবেদীন এবং মেম্বার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল উপস্থিত ছিলেন।

৪১তম ফোবানার কনভেনর এবং হিউস্টনের কমিউনিটি অ্যাক্টিভিস্ট ইমতিয়াজ আহমেদ পাভেল ২০২৭ সালের হিউস্টন ফোবানায় সবাইকে স্বাগত জানিয়েছেন। তিনি জানান, ফোবানার বিভিন্ন প্যাকেজে অংশ নিতে আগ্রহীদের জন্য মাসিক কিস্তিতে অর্থ পরিশোধের সুযোগ রাখা হয়েছে। সিলভার প্যাকেজসহ বিভিন্ন প্যাকেজে যুক্ত হওয়ার জন্য মাসে সুবিধাজনক পরিমাণ অর্থ প্রদান করা যাবে বলেও জানান তিনি।

পাভেল আহমেদ বলেন, টেক্সাসের সুন্দর শহর হিউস্টন ঘুরে দেখার পাশাপাশি দর্শনার্থীরা যেন ফোবানার সাংস্কৃতিক ও সামাজিক আয়োজন উপভোগ করতে পারেন, সে বিষয়টি মাথায় রেখেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাঁর ভাষায়, এবারের ফোবানাকে আরও প্রাণবন্ত ও উপভোগ্য করে তুলতে আয়োজকেরা সবার মতামতকে গুরুত্ব দিচ্ছেন। তাঁর প্রত্যাশা, সবাইকে সঙ্গে নিয়েই ৪১তম ফোবানার আয়োজন সম্পন্ন করা হবে।

পাভেল আহমেদ জানান, ৪১তম ফোবানায় শনিবার ও রোববার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটি ছোট ভেন্যুতে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন থাকবে। সেখানে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সৃষ্টিকর্ম উপস্থাপনের পাশাপাশি নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং মুক্তিযোদ্ধাদের গল্প তুলে ধরা হবে। দিনের বিভিন্ন সময়ে সেমিনার থাকলেও সেগুলোকে অংশগ্রহণকারীদের জন্য উপভোগ্য করে তোলার পরিকল্পনা রয়েছে।

এবারের আয়োজনে বইমেলা, সাহিত্য আসর এবং মুক্তিযুদ্ধের আর্কাইভ রাখার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি প্রায় ১০ থেকে ১২টি সেমিনার অনুষ্ঠিত হবে। আয়োজকদের প্রত্যাশা, এসব সেমিনারের মাধ্যমে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীরা প্রয়োজনীয় তথ্য ও ধারণা পাবেন।

হিউস্টনের পাশাপাশি ডালাস ও অস্টিনের বাংলাদেশি কমিউনিটিকেও ৪১তম ফোবানার আয়োজনের সঙ্গে যুক্ত করা হচ্ছে। ফোবানার প্রচলিত বিভিন্ন আয়োজনের পাশাপাশি থাকবে ব্ল্যাক টাই ডিনার ও বিজনেস লাঞ্চ। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ফোবানার একটি আন্তর্জাতিক মানের সম্মেলনে যে ধরনের আয়োজন থাকে, তার সবকিছুই রাখার চেষ্টা করা হবে।

ইতোমধ্যে ৪১তম ফোবানার হোস্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী ২০২৭ সালের ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর হিউস্টনের উইন্ডাম হোটেলে অনুষ্ঠিত হবে ৪১তম ফোবানা। আয়োজনকে সফল করতে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে হোস্ট কমিটি।

সাজসজ্জা থেকে আরো পড়ুন