https://www.prothomalony.com/

18556

decoration

সাজসজ্জা

নিউইয়র্কে প্রতি রোববার বসছে ‘হলিডে মার্কেটপ্লেস’

এক ছাদের নিচে ৩৩ ব্যবসাপ্রতিষ্ঠান, ২ হাজার দর্শনার্থী!

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ ১৪:০৫

নিউইয়র্কে স্থানীয় ব্যবসা, ক্ষুদ্র উদ্যোক্তা ও কমিউনিটির মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতে প্রতি রোববার ‘হলিডে মার্কেটপ্লেস’ আয়োজনের উদ্যোগ নিয়েছে পালস ওয়েভ। এক ছাদের নিচে বিভিন্ন পণ্য ও সেবার সমাহার নিয়ে আয়োজিত এই বাজারে গত ১ নভেম্বর ৩৩টি বিক্রেতা প্রতিষ্ঠান এবং ২ হাজারের বেশি দর্শনার্থী অংশ নেন।

রোববার আল-আকসা পার্টি হলে এ বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বুটিক, গয়না, ফ্যাশনসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করেন। প্রতিটি বিক্রেতার জন্য ১০ ফুট বাই ১০ ফুটের আলাদা স্টলের ব্যবস্থা রাখা হয়। পণ্য ও সরঞ্জাম আনা-নেওয়ার ক্ষেত্রেও আয়োজকদের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়।

আয়োজকদের লক্ষ্য, নিয়মিত এই আয়োজনের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের পণ্য ও প্রতিষ্ঠানের পরিচিতি বাড়ানো এবং ক্রেতাদের একই স্থানে বিভিন্ন পণ্য ও সেবা কেনাকাটার সুযোগ করে দেওয়া।

বাজারের অংশ হিসেবে ‘আমার স্বপ্ন, আমার পরিচয়’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উইমেন অ্যান্ড ই-কমার্সের (ডব্লিউই) আয়োজনে সেমিনারটির নেতৃত্ব দেন নাসিমা আক্তার নিশা। সেমিনারে সঞ্চালনা করেন হার রাইজ এলএলসির প্রতিষ্ঠাতা শর্ণলতা রায়।

সেমিনারে নারীর ক্ষমতায়ন, আত্মপরিচয়, উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা এবং ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিকভাবে পরিচিত ফোক-রক সংগীতশিল্পী ও দুইবারের চ্যানেল আই-মিউজিক অ্যাওয়ার্ডের বিজয়ী সায়েরা রেজা এবং সংগীতশিল্পী প্রমি তাজ।

এছাড়াও অতিথিদের তালিকায় ছিলেন অভিনেতা আহমেদ শরীফ, অভিনেত্রী ও পরিচালক তানিয়া আহমেদ, শিক্ষক ও সংবাদ উপস্থাপক সাদিয়া খন্দকার, সংগীতশিল্পী নাজু আখন্দ, মেলিয়া লেনিন, ত্রিনিয়া হাসান, শাহরিন আলম আরেফিন (বাণী), রাহুল খান এবং মেহেরুন আহমেদ।

আয়োজকদের মতে, প্রতি রোববারের এই উদ্যোগ স্থানীয় ব্যবসার প্রসার, নতুন উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টি এবং কমিউনিটির মানুষের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগ বাড়াতে ভূমিকা রাখবে।

সাজসজ্জা থেকে আরো পড়ুন