https://www.prothomalony.com/
18220
new-york
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩১
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। একই সময়ে বিমানবন্দরের কাছাকাছি এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন।
সোমবার তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বাংলাদেশ ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন নিয়ে টার্মিনাল-৮ এলাকায় জড়ো হন। দীর্ঘদিন পর তারেক রহমানকে কাছ থেকে স্বাগত জানানোর সুযোগ পেয়ে অনেক নেতাকর্মীকে আবেগাপ্লুত হতে দেখা যায়। তাঁরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
অন্যদিকে, একই এলাকায় তারেক রহমানের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাঁরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন এবং নিজেদের অবস্থান তুলে ধরেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী, তার স্ত্রী জুবাইদা রহমান ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নিউইয়র্কের বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।
২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ দেওয়ার কথা রয়েছে। তার ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহি, বৈশ্বিক শান্তি-নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকটসহ বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার প্রাধান্য পাবে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন