https://www.prothomalony.com/
18215
literature
গ্রিসের রাজধানী এথেন্সে শেষ হলো ৫৪তম আন্তর্জাতিক বইমেলা। নগরীর ঐতিহাসিক ‘পেদিওন তৌ আরেওস’ পার্কে গত ৪ সেপ্টেম্বর শুরু হওয়া এই মেলা শেষ হয় ২০ সেপ্টেম্বর। ১৭ দিনব্যাপী এ আয়োজনে ২১০টি প্রকাশনা সংস্থা ২৮৫টি স্টলে অংশ নেয়। বই প্রদর্শন ও বিক্রির পাশাপাশি পাঠকদের জন্য ২০০টির বেশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবারের বইমেলার প্রতিপাদ্য ছিল— ‘টেকসই উন্নয়ন: আগামীকালের স্থপতি হিসেবে বই’। জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে (এসডিজি) সামনে রেখে শিক্ষা, সামাজিক সমতা, পরিবেশ সুরক্ষা, দায়িত্বশীল ভোগ ও সাংস্কৃতিক অন্তর্ভুক্তির মতো বিষয়গুলো নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বইমেলায় সাহিত্য ও সাংস্কৃতিক আলোচনা, লেখকদের সঙ্গে মতবিনিময়, কনসার্ট, থিয়েটার পরিবেশনা এবং শিশুদের কর্মশালার মতো নানা বৈচিত্র্যময় আয়োজন ছিল।
উদীয়মান লেখকদের নিয়ে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান এবং হেলেনিক কমিকস একাডেমির নানা আয়োজন ছিল মেলার অন্যতম আকর্ষণ। এ ছাড়া চিলড্রেন’স রাইটস নেটওয়ার্ক, গ্রিক আইবিবিওয়াই, ইউরোপীয় পার্লামেন্ট অফিস ও ইউরোপীয় কমিশনের সহায়তায় শিশুদের অধিকার, পাঠাভ্যাস ও সৃজনশীলতা নিয়ে একাধিক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
এথেন্সের অন্যতম শীর্ষ বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন হিসেবে ৫৪তম এই মেলায় এবারও দেখা গেছে বইপ্রেমীদের উপচে পড়া ভিড়। টেকসই ভবিষ্যৎ নির্মাণে বই ও জ্ঞানচর্চার ভূমিকা জোরদার করার বার্তাই নিয়ে এল এবারের আয়োজন।
সাহিত্য থেকে আরো পড়ুন