https://www.prothomalony.com/
18207
new-york
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৫
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নিউইয়র্ক সফর উপলক্ষে তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি। ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন এবং ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
এ উপলক্ষে গত ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের আড্ডা পার্টি হলে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীদের উদ্যোগে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের সামনে তারেক রহমানের সফর, তাকে স্বাগত জানানো এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দ বলেন, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছেন। সফরকালে বিভিন্ন কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণের আহ্বানও জানানো হয়।
সংবাদ সম্মেলনে, তারেক রহমান, তার পরিবার ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ তুলে ধরে বক্তারা বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের। এর আগে তার পিতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। এবার তাদের যোগ্য উত্তরসূরি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমঞ্চে ভাষণ দেবেন।
সংবাদ সম্মেলনে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রবাসীদের ভূমিকার কথাও তুলে ধরা হয়। একই সঙ্গে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, স্পোর্টস কার্ড ও প্রবাসী কার্ডসহ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রবাসীদের জন্য আরও সুযোগ-সুবিধা প্রত্যাশা করা হয়।
অনুষ্ঠান থেকে তারেক রহমানের সফরকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক নাহিদুল খান সাহেল, কেন্দ্রীয় সদস্য আবদুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া, নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজাসহ যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা শরাফত হোসেন বাবু, মোস্তফা কামাল পাশা বাবুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলন।
প্রসঙ্গত, জাতিসংঘের এবারের অধিবেশনে বাংলাদেশের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, তিনি ২ জুন এই পদে নির্বাচিত হন এবং ৮ সেপ্টেম্বর থেকে অধিবেশনের এক বছরের মেয়াদ শুরু হয়েছে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন