https://www.prothomalony.com/

17885

north-america

উত্তর আমেরিকা

লন্ডনে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে আলোচনা ও মিলাদ মাহফিল 

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ ০৫:৫৮

যুক্তরাজ্যের লন্ডনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শেখ রাসেল মেমোরিয়াল অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে ইস্ট লন্ডনের আপটন পার্ক এলাকার ‘আড্ডা ঘর’ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদ চৌধুরী। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল আম্বিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতিচারণ করে তার জীবন, রাজনৈতিক ভূমিকা ও বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামের দিনগুলোতে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন সংকটময় ও ঐতিহাসিক মুহূর্তে বেগম ফজিলাতুন্নেছা মুজিব অত্যন্ত বিচক্ষণ ও সাহসিকতাপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার ত্যাগ ও অবদান বাঙালির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— নুরুননবী, আব্দুল হাদী, আব্দুল হেলাল চৌধুরী সেলিম, শাহ শহীদ আলী, মদব্বির হোসেন চুনু, অ্যাডভোকেট টি এম জানে আলম, ইমাম হোসেন, হেকিম শিকদার, কামরুল আই রাসেল, সিরাজুল ইসলাম, মো. মাসুম বিল্লাহ, অ্যাডভোকেট জয়া জয়নব, তারেক রহমান, মাসুম আহমেদ, শাহীন আহমেদ, আজাদুর রহমান, আব্দুল মুকিত খসরু ও মুকিত মিয়াসহ স্থানীয় প্রবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাফেজ জিলু খান ও খতিব মাওলানা কুতুব উদ্দিন।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন