https://www.prothomalony.com/

18304

north-america

উত্তর আমেরিকা

লন্ডনে মৃত্যুদণ্ডবিরোধী বিক্ষোভ: হাইকমিশন কর্মকর্তার বিরুদ্ধে ভিডিও ধারণ ও হুমকির অভিযোগ

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ ০৩:০৯

মৃত্যুদণ্ড বিলোপ, ন্যায়বিচার, মানবাধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে এক শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ হাইকমিশনের সামনে ভিকটিম সাপোর্ট ইন্টারন্যাশনাল ইউকে (ভিএসআইইউকে)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ চলাকালে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তার বিরুদ্ধে অংশগ্রহণকারীদের ভিডিও ধারণ এবং পরবর্তীতে হুমকিমূলক মন্তব্য করার অভিযোগ তুলেছেন আয়োজকরা।

সংগঠনটির সভাপতি ড. আজিজুল আম্বিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিক্ষোভ সভায় বক্তব্য দেন কবি ইমদাদুন খান, সাংবাদিক ড. জয়নাল আবেদিন রোজ, ফারজানা করিম তানিয়া, মানবাধিকারকর্মী খন্দকার তারেক রায়হান, সুদীপ্ত শর্মা, আল জাবির, আবদুর রশিদ, মাহবুবুর রহমান, আফসানা রহমান, সালমা আক্তার, নাজনীন বেগম ও জহিরুল হকসহ আরও অনেকে।

বিক্ষোভ চলাকালে হাইকমিশন কর্মকর্তার আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করে আয়োজকরা বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার। বিক্ষোভকারীদের ভিডিও ধারণ ও হুমকি প্রদানের ঘটনার নিরপেক্ষ তদন্ত, সঠিক ব্যাখ্যা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট হাইকমিশন কর্মকর্তার তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সমাবেশে সভাপতির বক্তব্যে ড. আজিজুল আম্বিয়া বাংলাদেশে কথিত গুম, সাংবাদিকদের ওপর হামলা-মামলা, আইসিটি আইনে নতুন মামলা, রাজনৈতিক ব্যক্তিদের মৃত্যুদণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অতীতে ঘটে যাওয়া বেআইনি কর্মকাণ্ডের যথাযথ নিষ্পত্তি না হওয়া এবং চলমান ‘মব কালচার’ জননিরাপত্তা ও ন্যায়বিচারকে বিঘ্নিত করছে। সরকারের পক্ষ থেকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে বক্তারা মৃত্যুদণ্ড প্রথা রদ করে মানবিক ও ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠা, নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানান। ‘আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণ, আমাদের কণ্ঠ মানবতার জন্য’ এই স্লোগানকে সামনে রেখে পরিশেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচিটি সমাপ্ত হয়।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন