https://www.prothomalony.com/
17524
north-america
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বইমেলা। শনিবার দুপুর একটায় শুরু হওয়া এই আয়োজন সাহিত্যপ্রেমী, লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।
একুশে পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রূপা চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট অনুবাদক আনিসুজ্জামান এবং কবি শামীম আজাদ।

বইমেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের সভাপতি মোহাম্মদ ইকবাল। সংগঠনের সাধারণ সম্পাদক উদয় শংকর দুর্জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন।
উদ্বোধনী বক্তৃতায় অধ্যাপক রূপা চক্রবর্তী প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে অনুবাদক আনিসুজ্জামান বাংলা সাহিত্যকে বিশ্বপরিসরে পৌঁছে দিতে অনুবাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। কবি শামীম আজাদ প্রবাসে নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে সাহিত্যচর্চার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ লেখক মাসুক ইবনে আনিস এবং গবেষক ফারুক আহমদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া 'বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড' লাভ করেন হেনা বেগম।
উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। দিনব্যাপী এই আয়োজনে বই প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি ছিল নানা রকম সাহিত্য ও সাংস্কৃতিক পরিবেশনা। প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন