https://www.prothomalony.com/

17150

north-america

উত্তর আমেরিকা

মিশিগানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ বাংলাদেশি গুলশান আহমদের

প্রকাশ: ১৮ মে ২০২৬ ০৩:০২

মাত্র ২৬ বছর বয়সে সদ্য বিবাহিতা স্ত্রী, মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন টগবগে তরুণ গুলশান আহমদ। একজন স্বপ্নবাজ, পরিশ্রমী ও উদীয়মান রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে খুব অল্প সময়েই তিনি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

মৃত্যুর অমোঘ সত্যকে মাথায় নিয়েই আমরা প্রতিদিন জীবনযাপন করি। কিন্তু কখন, কোথায়, কীভাবে মৃত্যুর ডাক এসে যাবে—তা কেউ জানে না। কিছু মৃত্যু শুধু একটি পরিবার নয়, পুরো একটি কমিউনিটিকেই স্তব্ধ করে দেয়। গুলশানের আকস্মিক মৃত্যু ঠিক তেমনই এক হৃদয়বিদারক ঘটনা। তার চলে যাওয়ায় মিশিগানের  বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আমাদের বিশেষ প্রতিনিধি হেলাল উদ্দিন রানা জানিয়েছেন, ১৬ মে শনিবার মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হওয়ার পর স্টারলিং হাইটস এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন গুলশান। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার, স্বজন ও বন্ধুদের বুকভরা আশা ছিল—হয়তো তিনি আবার ফিরে আসবেন, আবার হাসবেন, আবার নতুন স্বপ্ন বুনবেন। কিন্তু সেই আশা চিরতরে ভেঙে গেল।
রবিবার, ১৭ মে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গুলশানের দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামে। তার পিতা সিরাজুল ইসলাম। সম্ভাবনাময় একটি জীবন এভাবে হঠাৎ নিভে যাওয়ায় পরিবার-পরিজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।
গুলশান ছিলেন মিশিগানের বাংলাদেশি কমিউনিটির একজন পরিচিত মুখ। তার অকাল মৃত্যুতে বন্ধু, সহকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নেমে এসেছে শোকের মাতম। স্থানীয় মসজিদে নামাজে জানাজা শেষে তাঁকে নিকটস্থ মুসলিম কবরস্থানে সমাহিত করা হবে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন