https://www.prothomalony.com/

17074

north-america

উত্তর আমেরিকা

অরল্যান্ডো বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ডেল্টা এয়ারলাইন্সের কর্মী

প্রকাশ: ০৯ মে ২০২৬ ০১:৫১

 যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে টানা যানবাহনের ধাক্কায় এক ডেল্টা এয়ারলাইন্সের কর্মী নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, রানওয়েতে যাত্রীবাহী ব্রিজের সঙ্গে সংঘর্ষের পরই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত প্রায় ১০টা ৫৫ মিনিটে ‘টাগ’ নামের একটি বিমান টানা যানবাহন ডেল্টা ফ্লাইট ২৫৯৩-এর সঙ্গে সংযুক্ত প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ওই কর্মীর মৃত্যু হয়।

এফএএ জানিয়েছে, ওই ঘটনায় প্রত্যক্ষভাবে কোনো বিমান জড়িত ছিল না। তবে দুর্ঘটনার পর ওই ফ্লাইটের সব যাত্রী পেছনের দরজা দিয়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং ফ্লাইটটি বাতিল করা হয়।

নিহত কর্মীর নাম এখনও প্রকাশ করেনি ডেল্টা এয়ারলাইন্স। সংস্থাটি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেছে, “ডেল্টা পরিবার চাকরির সময় আমাদের এক সদস্যকে হারানোর শোকে বিধ্বস্ত। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার পূর্ণ তদন্ত চলছে। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গেও আমরা কাজ করছি।”

অরল্যান্ডো পুলিশ বিভাগ জানিয়েছে, প্রাথমিকভাবে তদন্তে দুর্ঘটনাটিকে ‘আকস্মিক ও অনিচ্ছাকৃত’ বলে মনে হচ্ছে। তবে কোনও ফৌজদারি দোষ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, বিমানবন্দরের অভ্যন্তরীণ এলাকায় তদন্ত চললেও সামগ্রিক বিমানবন্দর কার্যক্রমের ওপর এর প্রভাব নগণ্য।

ঘটনার পর ডেল্টার অরল্যান্ডো স্টেশনের সব কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়। নিহত কর্মীর পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন