https://www.prothomalony.com/
17073
north-america
প্রকাশ: ০৯ মে ২০২৬ ০১:৫০
মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি ছোট শহরের মেয়র তাঁর স্ত্রীর কথায় মন খারাপ হওয়ায় গোটা পুলিশ বাহিনীকেই বরখাস্ত করে দিয়েছেন। ঘটনাটি দেশটির প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
জানা গেছে, জর্জিয়ার কোহুত্তা শহরের মেয়র রন শিনিক গত বুধবার শহরের পুলিশ বিভাগ বন্ধ করে দিয়ে কর্মরত সব ১০ জন কর্মীকে চাকরিচ্যুত করেছেন। কারণ, ওই পুলিশ কর্মকর্তারা অভিযোগ করেছিলেন যে, মেয়রের স্ত্রী পাম শিনিক কাজের জায়গায় ‘বিষাক্ত পরিবেশ’ তৈরি করেছেন।
পাম শিনিক শহরের সাবেক ক্লার্ক ছিলেন। গত বছর তাকে ‘প্রতিকূল কর্মপরিবেশ’ সৃষ্টির অভিযোগে বরখাস্ত করা হয়েছিল। কিন্তু অভিযোগ অনুযায়ী, চাকরিচ্যুত হওয়ার পরও তিনি শহরের ব্যক্তিগত ও গোপনীয় তথ্যে প্রবেশাধিকার রেখেছিলেন। সম্প্রতি কয়েকজন পুলিশ কর্মকর্তা লিখিত অভিযোগ দাখিল করেন যে, পাম শিনিক এখনও শহরের কাজে জড়িত রয়েছেন।
এর প্রতিবাদে ওই পুলিশ কর্মকর্তারা সম্ভবত ফেসবুকে ‘অনুচিত মন্তব্য’ করেছিলেন। সেই মন্তব্যই মেয়রের স্ত্রীর মন খারাপের মূল কারণ। ক্ষোভে ফেটে পড়েন মেয়র শিনিক। তিনি সরাসরি পুলিশ বিভাগের দরজায় বোর্ড টাঙিয়ে দেন যে বিভাগটি বিলুপ্ত করা হয়েছে এবং সব কর্মীকে বরখাস্ত করা হয়েছে।
পুলিশ সদস্যরা জানিয়েছেন, কাজে যোগ দিতে এসে তারা এই সিদ্ধান্তের কথা জানতে পেরেছেন। তাদের আগে থেকে কোনো নোটিশ বা সতর্কবার্তা দেওয়া হয়নি। বরখাস্ত হওয়া সার্জেন্ট জেরেমি মে বলেন, “এটা সম্পূর্ণ মেয়রের ব্যক্তিগত বিদ্বেষের ফল। আমরা যখন মেয়রের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করি, তখন আশ্বাস দেওয়া হয়েছিল কারও চাকরি যাবে না। কিন্তু এক সপ্তাহও যায়নি, আজ আমরা সবাই বেকার।”
অভিযুক্ত পুলিশ সদস্যরা জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য তারা কথা বলেছিলেন, আর তার ফল হয়েছে চাকরি হারানো। মেয়র শিনিক অবশ্য দাবি করেছেন, পুলিশ সদস্যদের ফেসবুক পোস্ট অশোভন ছিল এবং তার স্ত্রীকে লক্ষ্য করেই ওসব মন্তব্য করা হয়। তবে ঠিক কী মন্তব্য, তা স্পষ্ট করেননি তিনি।
এখন আগামী দিনে শহরের আইনশৃঙ্খলা দেখভাল করবে হোয়াইটফিল্ড কাউন্টি শেরিফ অফিস। বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তাদের সব বিভাগীয় সরঞ্জাম ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় হাজার জনসংখ্যার ছোট শহর কোহুত্তা এখন কর্তৃত্বের এমন সিদ্ধান্তের প্রভাব নিয়ে আলোচনায় মাতোয়ারা।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন