https://www.prothomalony.com/

16993

north-america

উত্তর আমেরিকা

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের বর্ণাঢ্য নৈশভোজ ও মতবিনিময়ঃ কমিউনিটিতে মিলনমেলার আবহ

প্রকাশ: ০১ মে ২০২৬ ০৫:০৬

আটলান্টিক সিটিতে প্রবাসী বাঙালি কমিউনিটির অন্যতম সক্রিয় সংগঠন ‘বেঙ্গল ক্লাব’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য নৈশভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ এপ্রিল বুধবার রাতে অনুষ্ঠিত এই আয়োজনটি বৈশাখী মেলা পরবর্তী পরিবেশে এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানের শুরুতে বৈশাখী মেলার সার্বিক সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন মেলা আয়োজন কমিটির আহ্বায়ক মনির হোসেন, সমন্বয়ক মিরাজ খান এবং সদস্য সচিব কাজী লিখন। তাঁরা মেলার সফল আয়োজন সম্পন্ন করতে সহযোগিতা প্রদানকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

নৈশভোজ ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটি প্রেসক্লাবের সভাপতি আকরব হোসেন, সেক্রেটারি মোহাম্মদ শাহীনসহ বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী ও কমিউনিটির নেতৃবৃন্দ। তাঁরা বেঙ্গল ক্লাবের এই উদ্যোগকে প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে বাঙালি সংস্কৃতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।

অনুষ্ঠানে বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে অতসী রায়কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ক্লাবের সদস্য না হলেও বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর সহযোগিতার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়, যা উপস্থিত সবাই প্রশংসা করেন। বক্তারা বলেন, সামাজিক কাজের ক্ষেত্রে পদ বা পরিচয়ের চেয়ে আন্তরিকতা ও সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বেঙ্গল ক্লাবের সাবেক সভাপতি ফেরদৌস ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক শাহরু রেজা চৌধুরী, কোষাধ্যক্ষ হেলাল হাসান, মহিলা সম্পাদক অপরাজিতা সরকারসহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তাঁরা প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে বেঙ্গল ক্লাবের ধারাবাহিক ভূমিকার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সাংস্কৃতিক পর্বে মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেন জামান ও মাসুম বাউল, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

পরিশেষে বেঙ্গল ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলী চৌধুরী তান্নু এবং সাধারণ সম্পাদক কাজল বারই অনুষ্ঠানের সফল আয়োজন ও উপস্থিত দর্শক, শুভানুধ্যায়ী এবং আর্থিকভাবে সহযোগিতাকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে নৈশভোজ ও মতবিনিময় সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন