https://www.prothomalony.com/

16984

north-america

উত্তর আমেরিকা

মেজবানের নামে ঐতিহ্যের বাণিজ্যিকীকরণ: যুক্তরাষ্ট্রে চটকদার আয়োজনে বিতর্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ ০৭:৫১

চট্টগ্রামের শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী ‘মেজবান’ এখন কেবল মেজবানি আহারের আয়োজনে সীমাবদ্ধ নেই; বরং তা রূপ নিয়েছে বাণিজ্যিক উৎসবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশি-আমেরিকান আইটি পিপল’স অর্গানাইজেশন’ আয়োজিত একটি মেজবানের বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মেজবানি সংস্কৃতির বিকৃতি নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান বলতেই সাধারণত চোখের সামনে ভেসে ওঠে বিশাল ডেকচিতে রান্না করা সাদা ভাত, ঝাল গরুর মাংস, নলার ঝোল আর ছোলার ডালের বিশেষ আয়োজন। কিন্তু আলেকজান্দ্রিয়াতে আগামী ২৩ আগস্ট অনুষ্ঠিতব্য এই আয়োজনে খাবারের পাশাপাশি রাখা হয়েছে ‘জনপ্রিয় সংগীত শিল্পীর মন মাতানো পরিবেশনা’। চট্টগ্রামের মেজবানি ঐতিহ্যের সঙ্গে উচ্চশব্দের সংগীত পরিবেশনার কোনো শাস্ত্রীয় বা সাংস্কৃতিক সম্পর্ক না থাকলেও আয়োজকেরা প্রচারণায় এটিকে অন্যতম আকর্ষণ হিসেবে তুলে ধরেছেন।

ঐতিহ্য সচেতনরা বলছেন, মেজবান মূলত একটি সামাজিক ও আধ্যাত্মিক মেলবন্ধন। যেখানে মানুষের মূল লক্ষ্য থাকে আপ্যায়ন ও আহার। এর সঙ্গে গান-বাজনা বা কনসার্টের মতো বাণিজ্যিক বিনোদন যুক্ত করা মেজবানের মূল দর্শনকে ক্ষুণ্ণ করে।

বিজ্ঞাপনটি বিশ্লেষণ করে দেখা যায়, আয়োজনে আরও কিছু বিতর্কিত দিক রয়েছে।

টিকেটের বিনিময়ে মেজবান: চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ঐতিহাসিকভাবেই একটি উন্মুক্ত বিনামূল্যের আপ্যায়ন হিসেবে পরিচিত। তবে এই আয়োজনে আয়োজকরা জনপ্রতি ১০ ডলারের টিকেট বা প্রবেশমূল্য নির্ধারণ করেছেন।

র‍্যাফেল ড্র-এর চটক: মেজবানের মতো গম্ভীর একটি আয়োজনে ‘ডায়মন্ড রিং’, ‘ল্যাপটপ’ কিংবা ‘টিভি’ এর মতো উপহার দিয়ে র‍্যাফেল ড্র-এর আয়োজনকে ঐতিহ্যের বাণিজ্যিকীকরণ হিসেবেই দেখছেন অনেকে।

সংস্কৃতি বিচ্যুতি: যেখানে মেজবানি আহারের নিজস্ব একটি গাম্ভীর্য থাকে, সেখানে বিনোদনমূলক সংগীত যোগ করাকে চট্টগ্রামের আদি সংস্কৃতির বিকৃতি বলে অভিহিত করেছেন প্রবাসী বাংলাদেশিদের একাংশ।

আলেকজান্দ্রিয়ার ফোর্ট হান্ট পার্কে ২৩ আগস্ট সকাল ১১টা থেকে ৫টা পর্যন্ত এই মেজবান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঐতিহ্যবাহী একটি তকমা ব্যবহার করে এমন ‘হাইব্রিড’ আয়োজনের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে মেজবানের ভুল চিত্র ফুটে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

নোট: পোস্টার অনলাইনে যাবে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন