https://www.prothomalony.com/
16971
north-america
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ ০৮:১৩
যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড প্রক্রিয়া মে মাসে উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে পড়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত সর্বশেষ ভিসা বুলেটিনে দেখা গেছে, মার্চের পর যে অগ্রগতি শুরু হয়েছিল, তা হঠাৎ করেই প্রায় সব ক্যাটাগরিতে থেমে গেছে।
ভিসা বুলেটিন অনুযায়ী, অধিকাংশ কর্মসংস্থানভিত্তিক ক্যাটাগরিতে কোনো অগ্রগতি হয়নি। কেবল তৃতীয় শ্রেণির অন্যান্য শ্রমিক ক্যাটাগরিতে তিন মাস অগ্রগতি হয়েছে।
নতুন নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা জানিয়েছে, মে মাসে স্থায়ী বাসিন্দা হওয়ার আবেদন গ্রহণ করা হবে শুধুমাত্র চূড়ান্ত কার্যকর তারিখের ভিত্তিতে। আগে ব্যবহৃত অপেক্ষাকৃত নমনীয় ‘আবেদন জমার তারিখ’ তালিকা আর কার্যকর থাকছে না। ফলে যারা এপ্রিল মাসে আবেদন করার সুযোগ পেয়েছিলেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে সেই সুযোগ হারাতে পারেন।
বর্তমানে অধিকাংশ দেশের জন্য প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্যাটাগরি চালু থাকলেও, তৃতীয় শ্রেণির পেশাজীবী ক্যাটাগরি স্থির রয়েছে ২০২৪ সালের ১ জুনে । অন্যদিকে তৃতীয় শ্রেণির অন্যান্য শ্রমিক ক্যাটাগরি অগ্রসর হয়ে দাঁড়িয়েছে ২০২২ এর ১ ফেব্রুয়ারিতে ।
চীন ও ভারতের আবেদনকারীরা এখনও বড় ধরনের জটের মুখে রয়েছেন। এসব দেশের ক্ষেত্রে প্রধান ক্যাটাগরিগুলোতে কোনো অগ্রগতি হয়নি। ভারতের দ্বিতীয় শ্রেণির ক্যাটাগরি আটকে আছে ২০১৪ সালের ১৫ জুলাইতে এবং তৃতীয় শ্রেণি রয়েছে ২০১৩ সালের ১৫ নভেম্বরে।
এদিকে নতুন উদ্বেগ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের আরেকটি পদক্ষেপ। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, রাশিয়াসহ আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলের বহু দেশের নাগরিকদের ক্ষেত্রে চূড়ান্ত ভিসা অনুমোদন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
তবে আবেদনকারীরা প্রাথমিক কাগজপত্র জমা ও অন্যান্য ধাপ সম্পন্ন করতে পারবেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
অভিবাসন বিশেষজ্ঞদের মতে, ভিসা সংখ্যার কঠোর ব্যবস্থাপনার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, যা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের আশায় থাকা হাজারো দক্ষ কর্মীর জন্য নতুন অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন