https://www.prothomalony.com/

16955

north-america

উত্তর আমেরিকা

ইউনেস্কো গ্লোবাল জিওপার্কস অনুষ্ঠানে বাংলাদেশি সাংবাদিক শাহাবুদ্দিন শুভ

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ ০২:৪৪

বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আয়োজিত ‘ইউনেস্কো গ্লোবাল জিওপার্কস ২০২৬’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশি সাংবাদিক ও সিলেটপিডিয়ার প্রধান সম্পাদক শাহাবুদ্দিন শুভ। 

সোমবার (২৭ এপ্রিল) ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে এই আন্তর্জাতিক অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, গবেষক ও নীতিনির্ধারকদের উপস্থিতিতে নতুনভাবে স্বীকৃতি পাওয়া ১২টি ইউনেস্কো গ্লোবাল জিওপার্ককে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত থেকে শাহাবুদ্দিন শুভ আন্তর্জাতিক পর্যায়ে ভূ-ঐতিহ্য সংরক্ষণ, পরিবেশ সচেতনতা এবং টেকসই পর্যটন উন্নয়নের বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। 

তিনি বলেন, “এ ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক উন্নয়নধারা সম্পর্কে জানার পাশাপাশি বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্ভাবনাকেও তুলে ধরার সুযোগ তৈরি হয়।”

ইউনেস্কো গ্লোবাল জিওপার্ক হলো এমন একটি স্বীকৃতি, যা কোনো অঞ্চলের বিশেষ ভূতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ ও স্থানীয় অর্থনীতির টেকসই উন্নয়নের সঙ্গে যুক্ত। ২০২৬ সালে নতুন ১২টি জিওপার্ক যুক্ত হওয়ায় বিশ্বব্যাপী এই নেটওয়ার্ক আরও শক্তিশালী হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং পরিবেশ সংরক্ষণে বৈশ্বিক সচেতনতা আরও জোরদার হবে।

শাহাবুদ্দিন শুভ বর্তমানে ‘সিলেটপিডিয়া’র প্রধান সম্পাদক এবং ‘ডক্টরস এন মেডিসিন’ এর সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন