https://www.prothomalony.com/

16954

north-america

উত্তর আমেরিকা

ফিলাডেলফিয়ায় ‘ফিলাডেলফিয়া পত্রিকা’র যাত্রা শুরু

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ ০২:৩৮

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন বাংলা সংবাদপত্র ‘ফিলাডেলফিয়া পত্রিকা’। সাংবাদিক, লেখক, চিকিৎসক ও প্রকৌশলীসহ ২৭ সদস্যের একটি বহুমাত্রিক দল নিয়ে পত্রিকাটি তাদের কার্যক্রম শুরু করল।

শনিবার (২৫ এপ্রিল) বাংলা নববর্ষের আবহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির শুভ সূচনা ঘোষণা করা হয়। কবি ও নাট্যকার বদরুজ্জামান আলমগীর নতুন এই সংবাদপত্রের মোড়ক উন্মোচন করেন।

পত্রিকাটির সম্পাদকের দায়িত্বে রয়েছেন আশরাফুল ইসলাম আরিফ। অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন কমিউনিকেশন কোঅর্ডিনেটর আব্দুল হাফিজ চৌধুরী, ডেস্ক মডারেটর জোহরা খাতুন কলি এবং ওভারঅল কোঅর্ডিনেটর আহমদ সায়েম। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বাংলা ভাষাভাষীদের জন্য একটি মানসম্মত, নির্ভরযোগ্য ও দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। টিমে উপদেষ্টা ও সদস্য হিসেবে যুক্ত আছেন প্রফেসর ড. জিয়াউদ্দিন আহমদ, কবি বদরুজ্জামান আলমগীর, ড. ইবরুল চৌধুরী, ডা. ফাতেমা আহমেদ, প্রফেসর খায়ের মোহাম্মদ মিঞা, সাদেক মিয়া কাপ্তান ও কামরুল হাসানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে দলনিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সংবাদ পরিবেশনের অঙ্গীকার ব্যক্ত করা হয়। আয়োজকেরা জানান, মতের ভিন্নতা থাকলেও সত্যের প্রতি দায়বদ্ধ থেকে প্রবাসীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে ‘ফিলাডেলফিয়া পত্রিকা’। 

স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় পত্রিকাটি দ্রুতই পাঠকদের আস্থা অর্জন করতে সক্ষম হবে।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন