https://www.prothomalony.com/

16941

north-america

উত্তর আমেরিকা

ব্রঙ্কসে ‘হৃদয়ে বাংলাদেশ’-এর অভিষেক ও বৈশাখী উৎসব

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ ০৮:৩৭

ব্রঙ্কসে সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয়ে বাংলাদেশ’-এর নতুন কমিটির অভিষেক এবং বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী উৎসব আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। গত ২৬ এপ্রিল (রবিবার) সকালে ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজারে এশিয়ান ড্রাইভিং স্কুল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল দুই পর্বের আয়োজন। প্রথম পর্বে গানে গানে বৈশাখ বরণ এবং দ্বিতীয় পর্বে সংগঠনের কার্যকরী পরিষদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুর রহিম বাদশা, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, আকতার হোসেন, আব্দুল মুহিত, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, আব্দুর রহমান ও শামীম আহমেদসহ আরও অনেকে।

অনুষ্ঠানের প্রথম পর্বে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় দলীয় সংগীতের মধ্য দিয়ে বৈশাখী উৎসব শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশনের সময় উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। পরে একের পর এক সংগীত পরিবেশনার মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

দ্বিতীয় পর্বে ২০২৬-২০২৯ মেয়াদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। উপদেষ্টা সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। নতুন কমিটির সভাপতি হিসেবে সাইদুর রহমান লিংকন, সহ-সভাপতি পল্লব সরকার ও মোশাররফ শিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ফয়েজসহ অন্যান্য সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন। পরে উপদেষ্টা আব্দুর রহিম বাদশা নবনির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন।

অভিষেক শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন শারমিন তানিয়া, সৈয়দ ফয়েজ, সঞ্চিতা ঠাকুর, তাসনিন জারা, শেখ শফিক, মইন রাজা ও বিনিতা জয়।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ, বেগুন ভাজা, আলু ভর্তা ও ডাল। পুরো অনুষ্ঠানজুড়ে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি ও অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পরিবেশ। গানের তালে নেচে-গেয়ে সবাই আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন