https://www.prothomalony.com/

16836

literature

সাহিত্য

উত্তরের সাহিত‍্য-অটিজম সচেতনতা দিবস সংখ‍্যা

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ ০০:৫৯

এপ্রিলের নীল আলোয় অটিজম সচেতনতার শুরু হলেও আমাদের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত পূর্ণ 'গ্রহণযোগ্যতা'। অটিজম কোনো ব্যাধি নয়, বরং এটি মানব বৈচিত্র্যের এক অনন্য রূপ। কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং প্রতিটি অটিস্টিক ব্যক্তির জন্য অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়াই আমাদের আসল লড়াই। সমাজ ও পরিবার যখন তাদের স্বকীয়তাকে সম্মান দেবে, তখনই সচেতনতা সার্থকতা পাবে। 

আজকের এই পাতায় আমরা তুলে ধরেছি কেন আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এখন সময়ের দাবি এবং কীভাবে সহমর্মিতা ও সুযোগের মাধ্যমে আমরা এই শিশুদের মূলধারায় নিয়ে আসতে পারি।  এই বিশেষ আয়োজনে যারা তাদের ভাবনা দিয়ে অবদান রেখেছেন, তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।  ধন‍্যবাদান্তে- এইচ বি রিতা।

 

নীল আলো জ্বালালেই কি দায় শেষ?

 শফিক নহোর (গল্পকার) 

 

প্রতি বছর এপ্রিল মাসে বিশ্ব অটিজম সচেতনতা দিবস এলে শহরের বড় বড় ভবনগুলো নীল আলোয় রাঙিয়ে ওঠে। সোশ্যাল মিডিয়া ভরে যায় সচেতনতার পোস্টে। আলোচনা হয়, সেমিনার হয়, ব্যানার টানানো হয়। তারপর? তারপর আবার সেই পুরোনো নীরবতা।

প্রশ্নটা তাই সরাসরি করা দরকার— আমরা কি কেবল 'অটিজম' শব্দটির সঙ্গে পরিচিত হয়েই নিজেদের দায়িত্ব শেষ মনে করছি?

একজন অটিস্টিক শিশু যখন স্কুলে ভর্তি হতে যায়, তখন সচেতনতার ব্যানার তাকে সাহায্য করে না। তাকে সাহায্য করে একজন প্রশিক্ষিত শিক্ষক, একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণিকক্ষ এবং একটি সহানুভূতিশীল সমাজ। কিন্তু সেই সমাজ গড়ে তুলতে আমরা কতটুকু বিনিয়োগ করছি?

সচেতনতা একটি সূচনা মাত্র; গন্তব্য নয়। নীল আলো জ্বালানোর পাশাপাশি দরকার নীতি, প্রশিক্ষণ এবং আন্তরিক গ্রহণযোগ্যতা। অটিজম কোনো অভিশাপ নয়, এটি বৈচিত্র্যের একটি রূপ। সমাজে মেয়ে সন্তান অটিস্টিক হলে বাবা-মায়ের ওপর দোষ চাপানো হয়, যা অত্যন্ত দুঃখজনক। আমাদের মানসিকভাবে ভেতর থেকে পরিবর্তন হতে হবে। সবার আগে প্রাধান্য দিতে হবে অটিস্টিক সন্তানটিকে। আশেপাশের মানুষ কটু কথা বললে লজ্জা নয়, তার সামনেই প্রতিবাদ করতে হবে। অটিস্টিক শিশুটি যেন সাধারণ মানুষের মতো সব অধিকার পায় — এটা নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্র সকলের দায়িত্ব। সমাজ যেদিন এটি বুঝবে, সেদিনই আসল আলো জ্বলবে — ভবনের গায়ে নয়, মানুষের মনে।

 

একটি অটিস্টিক শিশু ফুলের মতো নিষ্পাপ

মনিজা রহমান (লেখক ও শিক্ষক)

 

আমাদের দেশের পত্রিকায় একটি শিরোনাম আমি প্রায়ই দেখি— 'অটিজম অভিশাপ নয়, আশীর্বাদ'। আমি অবাক হয়ে যাই 'অভিশাপ' শব্দটি দেখে। একটি অটিস্টিক শিশু, যে ফুলের মতো নিষ্পাপ, যার ভালোবাসা একদম নিখাদ, সে কেন অভিশপ্ত হবে! আমি তো সব সময়ই বলি এবং বিশ্বাস করি, আমার অটিস্টিক সন্তান আমার জীবনে সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ উপহার। সোশ্যাল মিডিয়ায়, বন্ধু ও পারিবারিক মহলে এই কথাগুলি আমি বারবার বলি, যাতে মানুষের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অটিস্টিক সন্তানের পরিবার সাহস খুঁজে পায়।

অটিজম নিয়ে সচেতনতা তৈরি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্তু এখন সময় এসেছে সেই সচেতনতাকে বাস্তব গ্রহণযোগ্যতায় রূপ দেওয়ার। কেবল অটিজম শব্দটি চেনা বা এর লক্ষণ জানা যথেষ্ট নয়, প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিরা আমাদের সমাজের বাইরে নয়, বরং এরই অবিচ্ছেদ্য অংশ। তাদের ভিন্নতা কোনো সীমাবদ্ধতা নয়, বরং এটি মানব বৈচিত্র্যেরই একটি স্বাভাবিক রূপ।

বিশেষ করে বাংলাদেশে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এবং সামাজিক পরিবেশকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে হবে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে অংশ নিতে পারে। সহমর্মিতা, ধৈর্য এবং সম্মান—এই তিনটি মূল্যবোধই পারে বৈষম্যের দেয়াল ভাঙতে। পরিবার, শিক্ষক, সহপাঠী ও সমাজের সম্মিলিত উদ্যোগেই সম্ভব এমন একটি পরিবেশ গড়ে তোলা, যেখানে অটিজমসম্পন্ন ব্যক্তিরা নিজেদের সামর্থ্য অনুযায়ী বিকশিত হতে পারে।

সচেতনতা আমাদের শুরুটা দেখিয়েছে, কিন্তু গ্রহণযোগ্যতাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। এখন আর প্রশ্ন নয়- 'তারা আলাদা কেন', বরং প্রশ্ন হওয়া উচিত-'আমরা কীভাবে সবাইকে একসাথে নিয়ে এগোতে পারি?'

 

অটিজম জীবনের অবিচ্ছেদ্য  অংশ হবে কিভাবে?  

ফারজানা নাজ শম্পা(লেখক, অনুবাদক) 

 

অটিজম সচেতনতা কেবল একটি তথ্য বা সংজ্ঞার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং যখন আমরা অটিজমের বৈশিষ্ট্যসম্পন্ন একজন ব্যক্তিকে আমাদের সমাজ, কর্মক্ষেত্র বা শিক্ষাপ্রতিষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মেনে নিই, তখনই শুরু হয় প্রকৃত উত্তরণ। অটিজম কোনো ব্যাধি নয়, বরং এটি স্নায়বিক বিকাশের একটি ভিন্নতা। তাই আমাদের দরকার এমন এক পরিবেশ তৈরি করা, যেখানে দয়া বা করুণার চোখে না দেখে তাদের স্বকীয়তা ও প্রতিভাকে সম্মান জানানো হবে।

কেবল নীল বাতি জ্বালিয়ে বা পোশাক একদিন সংহতি প্রকাশ করলেই দায়িত্ব শেষ হয় না। বরং তাদের জন্য প্রবেশযোগ্য পরিবেশ নিশ্চিত করা, কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করা এবং সামাজিক আচার-অনুষ্ঠানে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করাই হলো আসল লক্ষ্য। সচেতনতা যদি হয় একটি প্রারম্ভবিন্দু, তবে 'অন্তর্ভুক্তি' হওয়া উচিত আমাদের গন্তব্য। আমাদের দৃষ্টিভঙ্গি যখন 'জানার' গণ্ডি পেরিয়ে 'আপন করে নেওয়ার' জায়গায় পৌঁছাবে, তখনই অটিজম সচেতনতা দিবস তার প্রকৃত সার্থকতা খুঁজে পাবে। 

মনে রাখতে হবে, অটিস্টিক ব্যক্তিদের মস্তিষ্ক তথ্যের প্রক্রিয়া করে ভিন্নভাবে। তাদের চিন্তা করার ধরন বা ভাব প্রকাশের ভঙ্গি আলাদা হতে পারে, কিন্তু তা কোনোভাবেই 'অস্বাভাবিক' বা 'অসম্পূর্ণ' নয়। অনেক অটিস্টিক ব্যক্তির মধ্যে অবিশ্বাস্য রকমের মনোযোগ, সততা এবং গাণিতিক বা শৈল্পিক দক্ষতা থাকে। তাদের সহমর্মিতা প্রকাশের ধরন ভিন্ন হতে পারে, কিন্তু তাদের আবেগ অত্যন্ত স্বচ্ছ ও গভীর। আমার নিজের ছেলেকে ঘিরে ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলছি, কর্মক্ষমতার যথাযথ পরিবেশ এবং সামান্য সহযোগিতা পেলে তারা যেকোনো সাধারণ মানুষের মতোই দক্ষ কর্মী হয়ে উঠতে পারেন।

তাই আসুন, সচেতনতার দেয়াল ভেঙে আমরা সমতা ও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই।

 

অটিজম: এক অবিচ্ছেদ্য বন্ধন

রুপা খানম

 

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সন্তানের প্রতি মা-বাবার টান ও দায়িত্ব সহজাত হলেও, আমাদের সমাজে তাদের প্রতি প্রায়ই অবজ্ঞা ও তাচ্ছিল্য দেখা যায়। অত্যন্ত দুঃখজনক যে, পুরুষতান্ত্রিক মনস্তত্ত্বের কারণে সন্তানের যেকোনো সীমাবদ্ধতায় সমস্ত দায়ভার মায়ের ওপর চাপিয়ে দেওয়া হয়, এমনকি কখনো মাকে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকারও হতে হয়। অথচ অটিস্টিক সন্তানকে সেবা ও স্নেহ থেকে বিচ্ছিন্ন রাখা অসম্ভব। তাদের প্রতি পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত সহমর্মী ও দায়িত্বশীল, যেখানে দোষারোপ নয় বরং সম্মিলিত সহযোগিতাই মুখ্য।

এই শিশুরা নিজেদের প্রয়োজন ও আবেগ সবসময় প্রকাশ করতে পারে না বলে বাইরে অনেক সময় ভিন্নতর আচরণ করে, যা সাধারণ মানুষের কাছে বেমানান ঠেকতে পারে। এর কারণ সাধারণ মানুষের অটিজম নিয়ে সচেতনতার অভাব। মূলত অটিজম কোনো অসুস্থতা বা ব্যাধি নয়, বরং এটি মস্তিষ্কের নিউরন কোষের একটি ভিন্নধর্মী কাজ। সঠিক ধারণার অভাবে সমাজ একে ভুল বুঝলেও, মা-বাবার অবিচ্ছেদ্য সেবা ও স্নেহের ছায়াতেই এই শিশুরা সবচেয়ে নিরাপদ থাকে।

আমাদের রেস্তোরাঁ, পার্ক বা জনাকীর্ণ স্থানে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের প্রতি এখনো সামাজিক গ্রহণযোগ্যতা গড়ে ওঠেনি। 'সচেতনতা' মানে কেবল অটিজম সম্পর্কে জানা নয়, বরং তাদের জন্য অন্য সবার মতো সমান জায়গা নিশ্চিত করা। তাদের ভিন্নতর আচরণে বিরক্ত না হয়ে ধৈর্য, সহমর্মিতা ও ভালোবাসা দিয়ে সহযোগিতা করা। বিশেষ করে খেলাধুলা বা সৃজনশীল কাজে তাদের অগ্রাধিকার দিয়ে আগলে রাখাই প্রকৃত মানবিকতা।

'সে কিছু বোঝে না' বা 'গ্রহণ করতে পারে না'—এমন নেতিবাচক চিন্তা মা-বাবা, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব সবার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। তাদের সঙ্গে হৃদয়স্পর্শী গভীর সম্পর্ক গড়ে তুলতে হবে। লুকিয়ে রাখা বা আড়াল করার মাঝে কোনো মহত্ত্ব নেই; বরং তাকে সামাজিক স্বীকৃতি দিয়ে স্বাভাবিকভাবে বড় করে তোলাটাই প্রকৃত মানবিকতা। 

 

অক্ষম নয় ভিন্নভাবে সক্ষম 

কুলসুম আক্তার সুমী(কবি, লেখক) 

 

একবিংশ শতাব্দীতে আধুনিক বিজ্ঞান অগণিত রহস্য উন্মোচন করলেও 'অটিজম' এখনো এক অমীমাংসিত বিস্ময়। তবু আমরা সচেতন যে, অটিজম একটি স্নায়ুবিক সঙ্কট যেখানে প্রতিটা শিশু তার নিজস্ব স্বকীয়তা নিয়ে ভিন্ন ভিন্ন আচরণ প্রদর্শন করে।

একজন অটিস্টিক শিশুর যত্ন/ পরিচর্যা সহজ বিষয় নয়। 

আমি নিজে একজন অটিস্টিক সন্তানের মা হিসাবে বলতে পারি, অটিস্টিক শিশু জন্মানো মানে আপনি কোনভাবেই দায়ী নন।  যাই হোক, সমাজ এ ধরনের শিশুদের এখনো পাগল, মানসিক রোগী ভেবে দূরে রাখতেই অভ্যস্ত। অনেক সময় বাবা মা সেই সামাজিক চাপ সহ্য করতে না পেরে সন্তাদের সাথে অমানবিক আচরণ করে ফেলেন। কিন্তু পারিবারিক বা সামাজিক ভাবে এদেরকে গ্রহণযোগ্য করে তুলতে বাবা-মাকেই সক্রিয় ভূমিকা নিতে হবে। এক্ষেত্রে নিজেকে দায়ী ভাবা থেকে বেরিয়ে এসে এমন সন্তানকে সৃষ্টিকর্তা প্রদত্ত আমানত ভাবতে পারলে তবেই তা সম্ভব। সামাজিক বঞ্চনার জন্য সন্তনকে বিরূপভাবে না দেখে, হীনমন্যতা থেকে বেরিয়ে আসতে হবে। 

২০২৬ সালের অটিজম সচেতনতা দিবসের শ্লোগান—'অটিজম ও মানবতা–প্রতিটি জীবনেরই মূল্য আছে।' 

আমি মনে করি, মূল‍্য তো আছেই উপরন্তু তাদের অনেক ধরনের সক্ষমতাও আছে। আমার সন্তান দারুণ প্যাকেজিং করতে পারে। কোনো জিনিস একবার গুছিয়ে রাখা দেখিয়ে দিলে সে চমৎকারভাবে তা করে ফেলে। দোকান বা অন্য যেকোনো জায়গা গোছানোর কাজ বুঝিয়ে দিলে খুব সাবলীলভাবে করে নেয়। শুধু ভালোভাবে বুঝিয়ে দিতে পারলেই হলো।

অটিস্টিক শিশুরা মোটেই অক্ষম নয় বরং তাদের রয়েছে ভিন্নরকমের সক্ষমতা। তাই শুধুমাত্র সচেতন হওয়া বা তাদেরকে মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়াই যথেষ্ট নয়, বরং সচেতনতার পাশাপাশি তাদের প্রতিভা ও সক্ষমতাকে মূল‍্যায়ল করা, কাজে লাগানো এবং সমাজের সকলস্তরে গ্রহণযোগ‍্যতা বৃদ্ধিই সমাজের জন‍্য মঙ্গলজনক। 

 

আসুন অটিজম সন্তানকে মানসিকভাবে গ্রহণ করি

শামছুন ফৌজিয়া(লেখক)

 

এপ্রিল মাস হচ্ছে অটিজম সচেতনতার মাস। তবে সচেতনতাই কী যথেষ্ট তাদের সার্বিকভাবে পরিচালনা করতে? নাহ! প্রয়োজন গ্রহণযোগ‍্যতা-আর গ্রহণযোগ‍্যতা তৈরি হয় পরিবার থেকেই।

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সন্তানকে আমাদের সমাজ যেমন গ্রহণ করতে দ্বিধা করে তেমনি অনেক পরিবারও নিজের সন্তানকে আপন করে নিতে কুণ্ঠাবোধ করে বা গ্রহণ করতে সময় লাগে। অথচ তাদেরকে সমাজ বা পরিবার গ্রহণ করার আগে মা বাবাকেই প্রথমে গ্রহণ করতে হবে, সচেতন হতে হবে। আপনি যখন নিজ সন্তানকে সার্বিকভাবে গ্রহণ করে সামনে পা বাড়াবেন, তখন সমাজও ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসের কাছে হার মানতে বাধ্য হবে। 

তাছাড়া এদেরকে সমাজ কখনো সহযোগিতার বদলে অবহেলা করে। ফলে মা বাবা হতাশ হয়ে পড়েন। বাস্তবতা এটাই যে, অটিজম প‍্যারেন্টদের জার্নি খুবই কঠিন, অর্থনৈতিক ও মানসিক ভাবে দুর্বল থাকলে সেই জার্নিটা আরো কঠিন হয়। এজন্য প্রয়োজন বাবা মায়ের ধৈর্য, এবং একে অন‍্যকে সাপোর্ট করা। স্বাভাবিক জীবনযাপনের স্বাদ না পেলেও মানসিক শক্তি ও পরিবারের সহযোগিতা দিয়ে তাদের জীবনকে একটি রুটিনের মধ্যে আনতে হবে। এই শিশুরা বেড়ে উঠে, প্রতিটি ধাপে তাদের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। এদের বয়স বাড়ে ঠিকই কিন্তু বুদ্ধিবৃত্তিক বিকাশ সেই অনুপাতে হয় না। তাই  চিকিৎসকের পরামর্শ নেয়া, তাদেরকে সময় দেওয়া, আবেগ ও প্রয়োজন বোঝা-খুব জরুরি। 

সমাজেরও দায়বদ্ধতা আছে। শুধু সভা সমাবেশ বক্তব্য দিয়ে অটিজম সচেতনতা গড়ে তোলা সম্ভব না, এদেরকে ভালোবেসে,  মা বাবাকে সাপোর্ট করতে হবে। আমাদের জন্মভূমিতে সরকারিভাবে এখনো অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের জন্য সুযোগ-সুবিধা খুবই কম, এগুলো বৃদ্ধি করাটা সময়ের দাবি। মনে রাখবেন, 'সচেতনতা' একটি চমৎকার প্রারম্ভবিন্দু কিন্তু 'গ্রহণযোগ্যতাই' আমাদের প্রকৃত গন্তব্য।  

 

অটিজম: বৈচিত্র্যের স্বীকৃতি ও সামাজিক দায়িত্ব

এইচ বি রিতা( সাহিত‍্য সম্পাদক) 

 

আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে মানব বৈচিত্র্যই আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো অটিজম-একটি স্নায়বিক বিকাশজনিত অবস্থা, যা মানুষের চিন্তা, অনুভূতি, এবং সামাজিক ও যোগাযোগ দক্ষতাকে ভিন্নভাবে গড়ে তোলে। 

অটিজম নিয়ে আলোচনা আজ মানবাধিকার ও সামাজিক ন্যায়ের প্রশ্ন। অনেক অটিস্টিক ব্যক্তি উচ্চমাত্রার বুদ্ধিমত্তা, সৃজনশীলতা, এবং মনোযোগের ক্ষমতা নিয়ে সমাজে অবদান রাখছেন। বিজ্ঞানী এলন মস্ক থেকে শুরু করে শিল্পী ও লেখকরা পর্যন্ত—অনেকে নিজেকে অটিজম স্পেকট্রামের অংশ হিসেবে স্বীকার করেছেন। এটি প্রমাণ করে, অটিজম মানুষের সক্ষমতার ভিন্নরূপ, কোনো ঘাটতি নয়। কিন্তু দুঃখজনকভাবে, এই "ভিন্নতা" আজও সমাজের অনেকাংশে "অক্ষমতা" হিসেবে দেখা হয়, যার ফলে অটিস্টিক ব্যক্তিরা শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, এমনকি পারিবারিক পরিসরেও বহুমাত্রিক উপেক্ষার শিকার হন।

এপ্রিলের নীল আলো বা আনুষ্ঠানিক সচেতনতা অটিস্টিক শিশুদের বাস্তব জীবনে খুব কমই কাজে আসে; বরং তাদের প্রয়োজন সচেতন পরিবার, প্রশিক্ষিত শিক্ষক, একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণিকক্ষ এবং একটি সহানুভূতিশীল সহপাঠী সমাজ। তবে সবচেয়ে জরুরি হলো বাবা-মায়ের মানসিক গ্রহণযোগ্যতা। নিজেদের হীনম্মন্যতা ভেঙে যখন অভিভাবকরা আত্মবিশ্বাসের সঙ্গে সন্তানকে সমাজে উপস্থাপন করবেন, তখনই প্রকৃত পরিবর্তন আসবে। সমাজকে বদলাতে হলে আগে পরিবারকেই সন্তানের স্বকীয়তা সাহসের সঙ্গে গ্রহণ করতে হবে।

বাংলাদেশে ও বিশ্বজুড়ে অটিজম সম্পর্কে সচেতনতা বাড়ছে। কিন্তু এখনো আমাদের সমাজে অধিকাংশ অভিভাবক সন্তানের আচরণে পার্থক্য লক্ষ্য করেও সামাজিক লজ্জার ভয়ে বা তথ্যের অভাবে পদক্ষেপ নিতে দ্বিধা করেন। স্কুলগুলোতে প্রশিক্ষিত শিক্ষক ও ইনক্লুসিভ শিক্ষানীতির অভাব অটিস্টিক শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ সীমিত করে দেয়। তারা হয় মূলধারার স্কুলে মানিয়ে নিতে না পেরে নিগৃহীত হয়, নয়তো আলাদা প্রতিষ্ঠানে গিয়ে সামাজিক বিচ্ছিন্নতায় পতিত হয়। এই বাস্তবতা সমাজকে ভাবতে বাধ্য করে—আমরা কি সত্যিই "সব শিশুই আমাদের সন্তান" এই কথাটি বিশ্বাস করি?

অটিজম সম্পর্কে সচেতন সমাজ গড়ে তুলতে প্রয়োজন নীতি এবং মনোভাব উভয়ের পরিবর্তন। অটিজমবান্ধব সমাজ গড়তে সরকারি নীতি ও ব্যক্তিগত মনোভাব—উভয় পরিবর্তনই অপরিহার্য। বাংলাদেশে এমন শিক্ষাকাঠামো প্রয়োজন যেখানে শিশুরা প্রয়োজনীয় থেরাপি ও সহায়ক উপকরণ পায়; পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকা জরুরি। অটিজম দিবসের প্রতীকী সচেতনতার চেয়ে বড় কাজ হলো দৈনন্দিন জীবনে অটিস্টিক ব্যক্তিদের প্রতি সম্মান ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করা। অফিস, স্কুল বা প্রতিবেশী হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গি যখন 'সহানুভূতি' থেকে 'সহযোগিতায়' রূপ নেবে, তখনই প্রকৃত অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে উঠবে।

অটিজমকে বোঝা মানেই মানবতার এক গভীর পাঠ শেখা। এটি আমাদের মনে করিয়ে দেয়—ভিন্নতা কোনো বিচ্যুতি নয়, বরং বৈচিত্র্যের প্রাণ। প্রতিটি মানুষ যোগাযোগের, ভালোবাসার, ও অবদানের অধিকার রাখে; অটিস্টিক মানুষও তার ব্যতিক্রম নয়। সচেতনতা আমাদের শুরুটা দেখিয়েছে, কিন্তু 'গ্রহণযোগ্যতাই' হওয়া উচিত আমাদের চূড়ান্ত গন্তব্য। এখন আর প্রশ্ন হওয়া উচিত নয়—'তারা আলাদা কেন?', বরং প্রশ্ন হওয়া উচিত—'আমরা কীভাবে সবাইকে একসাথে নিয়ে এগোতে পারি?' সমাজ যেদিন এটি বুঝবে, সেদিনই আসল আলো জ্বলবে-ভবনের গায়ে নয়, মানুষের মনে। এবং সেই সমাজে প্রতিটি সত্তার সম্ভাবনা বিকশিত হবে-যেমনটি হওয়া উচিত একটি সত্যিকারের মানবিক পৃথিবীতে।

সাহিত্য থেকে আরো পড়ুন