https://www.prothomalony.com/
18085
north-america
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৭
যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ অনুমতি নিয়ে সাময়িকভাবে বিদেশে গেলেও কিছু অভিবাসীর জন্য দেশে ফেরার ক্ষেত্রে তিন বা ১০ বছরের নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে যারা আগে ছয় মাসের বেশি সময় যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করেছেন, তাদের জন্য নতুন সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আগস্টে যুক্তরাষ্ট্রের অভিবাসন আপিল বোর্ডের এক সিদ্ধান্তে বলা হয়েছে, আগাম ভ্রমণ অনুমতি নিয়ে যুক্তরাষ্ট্রের বাইরে যাওয়া অভিবাসীর দেশত্যাগ হিসেবেই গণ্য হবে। এর ফলে নির্দিষ্ট সময় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করার পর দেশ ছাড়লে প্রচলিত আইনের আওতায় পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে।
এর আগে আগাম ভ্রমণ অনুমতি নিয়ে সাময়িকভাবে বিদেশে যাওয়া অভিবাসীদের ক্ষেত্রে এমন ভ্রমণকে সবসময় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার মতো দেশত্যাগ হিসেবে বিবেচনা করা হতো না। নতুন সিদ্ধান্তে সেই ব্যাখ্যার পরিবর্তন হয়েছে।
এ সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে শিশু বয়সে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের জন্য চালু করা ডাকা কর্মসূচির আওতায় থাকা ব্যক্তি এবং সাময়িক সুরক্ষিত মর্যাদাধারীদের ওপর। তাঁদের অনেকে পরিবারের সদস্যদের দেখতে, চিকিৎসা নিতে বা জরুরি প্রয়োজনে বিদেশে যাওয়ার জন্য আগাম ভ্রমণ অনুমতি নিয়ে থাকেন।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ছয় মাসের বেশি সময় অবৈধভাবে অবস্থান করার পর কেউ দেশ ছাড়লে তিন বছরের নিষেধাজ্ঞা এবং এক বছর বা তার বেশি সময় অবৈধভাবে অবস্থানের পর দেশ ছাড়লে ১০ বছরের নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে। একই সঙ্গে ভ্রমণ অনুমতিপত্র থাকলেও যুক্তরাষ্ট্রে পুনঃপ্রবেশের নিশ্চয়তা নেই; সীমান্তে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
নতুন সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার প্রক্রিয়ায় থাকা অনেক অভিবাসীও দ্বিধায় পড়েছেন। বিদেশে গেলে দেশে ফিরতে না পারার ঝুঁকি যেমন রয়েছে, তেমনি ভ্রমণ না করলে অসুস্থ স্বজন বা পরিবারের সদস্যদের কাছে যাওয়ার সুযোগও সীমিত হয়ে যাচ্ছে।
অভিবাসন আইনজীবী ও অধিকারকর্মীরা বলছেন, নতুন সিদ্ধান্তের ফলে বৈধভাবে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পাওয়ার প্রক্রিয়ায় থাকা অনেক মানুষ কঠিন পরিস্থিতিতে পড়তে পারেন। অন্যদিকে মার্কিন কর্তৃপক্ষের দাবি, বিদ্যমান অভিবাসন আইনে অবৈধভাবে অবস্থানের পর দেশ ছাড়ার ক্ষেত্রে যে বিধিনিষেধ রয়েছে, তা আগাম ভ্রমণ অনুমতি নিয়ে দেশ ছাড়ার ক্ষেত্রেও প্রযোজ্য।
অভিবাসন আপিল বোর্ডের ১৩ আগস্টের সিদ্ধান্তে আগের একটি নজির বাতিল করে আগাম ভ্রমণ অনুমতি নিয়ে যুক্তরাষ্ট্র ত্যাগকেও সংশ্লিষ্ট আইনের অধীনে ‘দেশত্যাগ’ হিসেবে গণ্য করা হয়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন