https://www.prothomalony.com/

16797

bangladesh

বাংলাদেশ

শহীদ ডা. শামসুদ্দিন আহমদ-কে মরনোত্তর স্বাধীনতা পদক প্রদানের দাবি জানিয়েছে পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেট।

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬ ০১:৩৭

মহান মুক্তিযুদ্ধের সময় তৎকালীন সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল (বর্তমান শামসুদ্দিন আহমদ হাসপাতাল) প্রাঙ্গণে সংঘটিত গণহত্যা দিবস উপলক্ষে আজ ৯ এপ্রিল সিলেটে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেট। এ উপলক্ষে বেলা ১১টায় সিলেটের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ট্রাস্টের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও ট্রাস্টি ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, ট্রাস্টি অ্যাডভোকেট গোলাম সোবাহান চৌধুরী দীপন, অ্যাডভোকেট সুদীপ্ত অর্জুন ও রেজাউল কিবরিয়া লিমন। এছাড়া উপস্থিত ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট শাখার সংগঠক অ্যাডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, রোমেনা বেগম রোজী, সোহাগ তাজুল আমিন।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ৯ এপ্রিল সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে এক নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। ওইদিন ডাক্তার শামসুদ্দিন আহমদ ও ডাক্তার শ্যামল কান্তি লালা-সহ অন্যান্য চিকিৎসক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে চিকিৎসাসেবা দিচ্ছিলেন। এ সময় পাকিস্তানি হানাদার বাহিনী হাসপাতালে হামলা চালিয়ে চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের নির্মমভাবে হত্যা করে। কর্তব্যরত অবস্থায় চিকিৎসাসেবায় নিয়োজিত ব্যক্তিদের এভাবে হত্যা করার ঘটনা ইতিহাসে বিরল।

পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেট-এর পক্ষ থেকে শহীদ ডা. শামসুদ্দিন আহমদকে মহান মুক্তিযুদ্ধে অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ 'স্বাধীনতা পদকে' ভূষিত করে রাষ্ট্রীয় সম্মান প্রদানের দাবি জানায়।

বাংলাদেশ থেকে আরো পড়ুন