https://www.prothomalony.com/

16793

north-america

উত্তর আমেরিকা

নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে মুক্তি পাচ্ছে আফরান নিশো অভিনীত চলচ্চিত্র “দম”

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ ১০:২২

এবারের ঈদে বাংলাদেশে মুক্তির পর দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া চলচ্চিত্র “দম” এবার উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহেও মুক্তি পাচ্ছে। আগামী ১০ এপ্রিল থেকে নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসসহ যুক্তরাষ্ট্রের একাধিক শহরে ছবিটি প্রদর্শিত হবে।

প্রথম ধাপে নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে মুক্তির পাশাপাশি গ্রেটার লস অ্যাঞ্জেলেস, অ্যারিজোনা এবং ডেনভারের দর্শকরাও ১০ এপ্রিল থেকেই ছবিটি দেখতে পারবেন। এরপর ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে পর্যায়ক্রমে ছবিটি মুক্তি দেওয়া হবে। উত্তর আমেরিকায় ছবিটির পরিবেশনার দায়িত্বে রয়েছে বায়োস্কোপ ফিল্মস।

বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ ও নওশাবা রশিদ জানান, চলচ্চিত্রটির পরিচালক রেদোয়ান রনি ছবি মুক্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র সফরে আসছেন। ১০ এপ্রিল শুক্রবার লস অ্যাঞ্জেলেসের Laemmle North Hollywood Theatres-এ অনুষ্ঠিত প্রিমিয়ার প্রদর্শনীতে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং প্রদর্শনী শেষে দর্শকদের প্রশ্নের উত্তর দেবেন।

রাজ হামিদ বলেন, “দম ছবিটি নিয়ে আমরা অসাধারণ দর্শক সাড়া পেয়েছি। পরিচালক রেদোয়ান রনি আবারও প্রমাণ করেছেন তিনি একজন দক্ষ নির্মাতা। ছবিটির আমেজই আলাদা। কাজাখস্তানের পার্বত্য অঞ্চলে চিত্রায়িত এই ছবির দৃশ্যগুলো বড় পর্দায় দেখার মতো। বাংলা চলচ্চিত্র ধীরে ধীরে যে নতুন ও ব্যতিক্রমধর্মী বিষয় নিয়ে পরিণত হচ্ছে, ‘দম’ তারই একটি উজ্জ্বল উদাহরণ।”

নওশাবা রশিদ বলেন, “আফরান নিশোর ভক্তদের জন্য ‘দম’ একটি বিশেষ ঈদের উপহার। এই ছবিতে তিনি তার অভিনয় জীবনের অন্যতম সেরা পারফরম্যান্স দিয়েছেন।”

তিনি আরও জানান, নিউইয়র্কে ছবিটি ১০ এপ্রিল থেকে Kew Gardens Cinema-তে প্রদর্শিত হবে। ১০ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সপ্তাহজুড়ে প্রতিদিন তিনটি করে মোট ২১টি শো অনুষ্ঠিত হবে। তবে নিউইয়র্কের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল শনিবার বিকেল ৫টায়। বাংলাদেশ কনস্যুলেটের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের প্রতি সম্মান জানিয়ে প্রিমিয়ারটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া ১৭ এপ্রিল থেকে লং আইল্যান্ডের Showcase De Lux Farmingdale-এ সপ্তাহজুড়ে প্রতিদিন দুটি করে শো আয়োজন করা হবে। এই প্রদর্শনীগুলোতে পরিচালক রেদোয়ান রনি উপস্থিত থাকার কথা রয়েছে।

একই দিন থেকে কানাডার বিভিন্ন মাল্টিপ্লেক্সেও ছবিটি মুক্তি পাবে।

“দম” ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। এছাড়া আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, পুজা চেরী, ডলি জহুর এবং একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে।

ছবিটি প্রযোজনা করেছে আলফা-আই, চরকি এবং SVF ফিল্মস।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন