https://www.prothomalony.com/

16761

north-america

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারী হত্যা: বিচার দাবিতে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিলের আবেদন

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ ০৪:৪১

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্সে বাংলাদেশি বংশোদ্ভূত নারী ইয়াসমিন সিরাজ হত্যার ঘটনায় দ্রুত বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তির দাবিতে আবেদন জানিয়েছে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বিএসিসি)।

সংগঠনটির প্রেসিডেন্ট সাখাওয়াত আলীর নেতৃত্বে লি কাউন্টির স্টেট অ্যাটর্নি আমিরা ফক্সের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়।

বিএসিসি জানায়, ফোর্ট মায়ার্সের একটি শেভরন গ্যাস স্টেশনে কর্মরত অবস্থায় ইয়াসমিন সিরাজকে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত রলবার্ট জোয়াকিনের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ইয়াসমিন ছিলেন তার পরিবারের প্রধান অবলম্বন এবং দুই সন্তানের মা। তার মৃত্যুতে বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের মধ্যে শোক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সাখাওয়াত আলী বলেন, “ইয়াসমিনের মৃত্যু কেবল একটি পরিবারের ক্ষতি নয়; এটি পুরো কমিউনিটির নিরাপত্তাবোধে আঘাত হেনেছে। আমরা চাই দ্রুত বিচার নিশ্চিত হোক এবং দোষীর সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।”

বিএসিসির দাবিগুলোর মধ্যে রয়েছে— অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ অভিযোগ গঠন, দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা এবং ঘটনার সামাজিক প্রভাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা।

সংগঠনটির নেতৃবৃন্দ জানিয়েছে, তারা নিহতের পরিবারের পাশে থাকবে এবং বিচারপ্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করবে।

বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বিএসিসি) একটি শীর্ষস্থানীয় সামাজিক ও অ্যাডভোকেসি সংস্থা যা নাগরিক অধিকার, আইনি সহায়তা এবং সাংস্কৃতিক সুরক্ষার মাধ্যমে বাংলাদেশি আমেরিকান সম্প্রদায়কে শক্তিশালী করতে কাজ করে। প্রেসিডেন্ট সাখাওয়াত আলীর নেতৃত্বে এই কাউন্সিল মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আমেরিকানদের অধিকার ও নিরাপত্তার পক্ষে একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাচ্ছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন