https://www.prothomalony.com/
16724
north-america
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ ০১:২৫
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইন্টারন্যাশনাল সোসাইটি অব বাংলাদেশ–অ্যাফিলিয়েটেড মাইক্রোবায়োলজিস্টস (আইএসবিএম) ‘বিজ্ঞান গঠনে নারীর অবদান উদযাপন’ শীর্ষক একটি বিশেষ অনলাইন সেমিনারের আয়োজন করে। ২৯ মার্চ (রোববার) জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত প্রায় দুই ঘণ্টাব্যাপী এই ভার্চুয়াল আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান নারী বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রায় ১১০ জন শিক্ষার্থী ও পেশাজীবী যুক্ত হয়ে নারী বিজ্ঞানীদের বর্তমান অবস্থান, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
অনলাইন সেমিনারটি যৌথভাবে আয়োজন করেন আইএসবিএমের কার্যকরী পরিষদের সদস্য অধ্যাপক ড. সংগীতা আহমেদ, ড. নাদিয়া সুলতানা দীন, ড. সালমা আক্তার, ফাহমিনা জাহান মুনা এবং আইএসবিএম ফেলো নাজমুস সাকিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের প্রভাষক তাসনিমুল আরাবি অনিক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহকারী নাজিফা তাসনিম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইএসবিএমের সভাপতি ড. শেখ সেলিম। তিনি বৈশ্বিক বিজ্ঞানসমাজে গবেষণা ও সহযোগিতার মাধ্যমে আইএসবিএমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বৈজ্ঞানিক অধিবেশনে অধ্যাপক ড. কলিন ক্রাফট মানবস্বাস্থ্যে অন্ত্রের অণুজীবসমষ্টির ভূমিকা এবং একজন নারী বিজ্ঞানী হিসেবে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুনাওয়ার সুলতানা বৈজ্ঞানিক যোগাযোগ, দলগত কাজ এবং গবেষণা জীবনের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের টিস্যু ব্যাংকিং ও জৈবপদার্থ গবেষণা প্রতিষ্ঠানের মুখ্য গবেষণা কর্মকর্তা ড. ফারজানা দিবা তাঁর গবেষণা যাত্রা ও টিস্যু ব্যাংকিংয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী রুবাইয়া তারান্নুম শাথি নবীন গবেষক হিসেবে চ্যালেঞ্জ অতিক্রমের অভিজ্ঞতা তুলে ধরেন।
আয়োজনে একটি উল্লেখযোগ্য অংশ ছিল বিশেষ সম্মাননা প্রদান। আইএসবিএম পরিচালনা পর্ষদের সদস্য এবং চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ড. সেজুতি সাহাকে ‘সাবিন রাইজিং স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জনের জন্য অভিনন্দন জানানো হয়। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বাংলাদেশের স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, টাইফয়েড টিকাদান কর্মসূচির সাফল্য তাদের সম্মিলিত প্রচেষ্টার ফল।
সমাপনী বক্তব্যে আইএসবিএমের সাংগঠনিক সম্পাদক ড. নাদিয়া সুলতানা দীন বলেন, একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্ল্যাটফর্ম হিসেবে আইএসবিএম নারী বিজ্ঞানীদের সাফল্য উদযাপন, গবেষণায় উৎকর্ষতা অর্জন এবং ভবিষ্যতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন