https://www.prothomalony.com/

16720

north-america

উত্তর আমেরিকা

দুই দেশে দুই পক্ষের ফোবানার ৪০ তম সম্মেলন, দুই পক্ষই নিজেদের ‘মূল ফোবানা’ দাবি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ ০০:৫১

উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বৃহৎ মিলনমেলা ফোবানার ৪০তম সম্মেলন ঘিরে সংগঠনের নেতৃবৃন্দের দ্বিধাবিভক্ত স্পষ্ট হয়ে উঠেছে। এক পক্ষ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে সম্মেলন আহ্বান করলেও আরেক পক্ষ কানাডায় সম্মেলন আহ্বান করেছে। দুই পক্ষই নিজেদের মূল ফোবানা বলে দাবি করছে।

বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ফোবানা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ও এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান জানান, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বৃহৎ মিলনমেলা ফোবানার ৪০তম সম্মেলন। লেবার ডে উইকেন্ড উপলক্ষে ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

তারা জানিয়েছেন, নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল ক্রিস্টিয়ান সেন্টারের সুবিশাল মিলনায়তনে এবারের সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এবারের সম্মেলনটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সম্মেলনে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি বাংলার আবহমান সংস্কৃতি ও ফোবানার চার দশকের পথচলার ধারাবাহিকতাও উপস্থাপন করা হবে বলে আয়োজকেরা জানান।

তবে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে যারা বাংলাদেশে অনিয়ম, দুর্নীতি করেছে তাদের বিষয়ে জানতে চাইলে আয়োজকরা বিষয়টি এড়িয়ে যান। তারা বাংলাদেশে কি হয়েছে, সে বিষয়ে প্রশ্ন না করতে অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে হোস্ট কমিটির কনভেনার নুরুল আমিন বাবু ও সদস্য সচিব মঞ্জুর কাদেরও উপস্থিত ছিলেন।

এদিকে ফোবানার অপর পক্ষের চেয়ারম্যান গিয়াস আহমেদ জানান, ফোবানার ৪০ তম সম্মেলন কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত হবে। আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত জানাবো। এবার স্মরণকালের একটা সম্মেলন করে আমরা ইতিহাস সৃষ্টি করতে চাই। 

তিনি আরও বলেন, আমরাই মূল ফোবানা। আমাদের আগের সম্মেলনে ২০ হাজার মানুষ অংশ নিয়েছিল। এত বড় সম্মেলন আগে কেউ করতে পারেনি। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন