https://www.prothomalony.com/
16529
literature
'বৃষ্টির প্রতীক্ষা'- কাজী জহিরুল ইসলামের কবিতা ও সাহিত্য-বিশ্লেষণ
নাবিল নিশাত
চার লাইনের একটি ছোট্ট কবিতা "বৃষ্টির প্রতীক্ষায় "
"ভুলে গেছ, কেন তুমি প্রতিদিন বাঁচো?/ তুমি তো বৃষ্টির প্রতীক্ষায় আছো।/ অন্ধকারে কেন তবে এতো ভয়?/ আকাশ আঁধার হলে তবেই তো বৃষ্টি হয়।"
কাজী জহিরুল ইসলামের এই ক্ষুদ্র কবিতাটি পাঠ করতে করতে মনে হয়, একটি ছোট্ট প্রদীপ যেন বিশাল এক অন্ধকার ঘরকে হঠাৎ আলোকিত করে দিল। মাত্র চারটি পঙক্তিতে কবি এমন এক দার্শনিক সত্য উচ্চারণ করেছেন, যা পড়ার পরেও বহুক্ষণ ধ্বনিত হতে থাকে।
কবিতাটি মূলত অক্ষরবৃত্ত ছন্দের একটি স্বাধীন ও আধুনিক অনুসরণে লেখা। প্রথম ও দ্বিতীয় পঙক্তি পরস্পর জিজ্ঞাসা ও উত্তরের সম্পর্কে আবদ্ধ, এবং তৃতীয় ও চতুর্থ পঙক্তি একইভাবে একটি প্রশ্ন ও তার অনিবার্য উত্তর নিয়ে গড়ে উঠেছে।
এই দ্বিখণ্ডিত কাঠামো কবিতাটিকে একটি সংলাপের মেজাজ দিয়েছে — মনে হয় কবি পাঠকের মুখোমুখি বসে, চোখে চোখ রেখে কথা বলছেন।
ছন্দের টানটান সরলতাই এখানে শক্তি। কোনো অলংকারের ভার নেই, কোনো দীর্ঘশ্বাসের অপচয় নেই। শব্দ কম, কিন্তু প্রতিটি শব্দ যেন নিজের সমান ওজন বহন করছে।
কবিতার কেন্দ্রে আছে প্রতীক্ষার দর্শন — বিশেষত সেই প্রতীক্ষা, যা মানুষকে বাঁচিয়ে রাখে। কবি বলছেন, তুমি প্রতিদিন বাঁচো কারণ তুমি কিছু একটার অপেক্ষায় আছ। সেই অপেক্ষাই তোমার অস্তিত্বের জ্বালানি।
"বৃষ্টি" এখানে শুধু আক্ষরিক বৃষ্টি নয় — সে হতে পারে মুক্তি, ভালোবাসা, পরিবর্তন, সুরাহা, অথবা কেবল একটু স্বস্তির নিঃশ্বাস।
কবিতার সবচেয়ে শক্তিশালী বার্তা নিহিত আছে এর শেষ পঙক্তিটিতে—
"আকাশ আঁধার হলে তবেই তো বৃষ্টি হয়।"
এটি একটি প্রকৃতির সত্য, কিন্তু একই সঙ্গে মানবজীবনের গভীরতম উপলব্ধি। কষ্টের পরেই যে আনন্দ সেই চিরায়ত সত্যকে কবি বৃষ্টি এবং মেঘের কন্ট্রাস্টের মধ্য দিয়ে উপস্থাপন করেছেন। মেঘ এখানে কষ্ট যা পৃথিবীকে অন্ধকার করে তোলে, অথচ মেঘ না করলে আনন্দের বৃষ্টিও ঝরে না।
অন্ধকার এখানে নেতিবাচকও নয়, স্বপ্ন কিংবা প্রচেষ্টা অথবা বলা যায় লক্ষ্যে পৌঁছুনোর যাত্রাপথ — ঘন মেঘের অন্ধকার আকাশই তো প্রবল বর্ষণের পূর্বশর্ত, যন্ত্রণাই রূপান্তরের প্রবেশদ্বার।
এখানে আরেকটি গভীর স্তর আছে — কবি পাঠককে ভুলে যাওয়ার কথা দিয়ে শুরু করেন। "ভুলে গেছ" শব্দটি একটি মৃদু ধাক্কার মতো কাজ করে। মানুষ সংকটে পড়লে নিজের বেঁচে থাকার কারণটাই ভুলে যায় — কবি সেই মুহূর্তে তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন।
কবিতাটির ভাষা অত্যন্ত প্রাঞ্জল ও কথ্যভঙ্গির কাছাকাছি, অথচ কোনো অংশ গদ্যময় হয়ে পড়েনি। "তুমি" সম্বোধনটি কবিতাকে ব্যক্তিগত ও ঘনিষ্ঠ করে তুলেছে। পাঠক নিজেকেই যেন সম্বোধিত মনে করেন — এটি একটি বিরল কাব্যিক কৌশল, যা এখানে স্বতঃস্ফূর্তভাবে সফল হয়েছে।
সামগ্রিকভাবে বলতে গেলে, এই কবিতাটি তার আকারে ক্ষুদ্র কিন্তু অর্থে বিশাল। ঝরঝরে ভাষায় লেখা এই চার পঙক্তি পাঠককে বিষণ্নতার মাঝেও একটি আশার দর্শন উপহার দেয় — এবং সেটিই এই কবিতার সবচেয়ে বড় সাফল্য।
পথের খোঁজে মানুষের খোঁজে: ইব্রাহীম চৌধুরীর ত্রয়ী ভ্রমণ আখ্যান
এইচ বি রিতা
ইব্রাহীম চৌধুরী খোকন- সমকালীন বাংলা সাহিত্যের এমন এক পরিব্রাজক, যাঁর কলমে ভ্রমণ কেবল ভৌগোলিক দূরত্ব অতিক্রম নয়, বরং ইতিহাস, মানুষ এবং আত্মোপলব্ধির এক গভীর যাত্রা। তাঁর তিনটি বই—'মক্কা থেকে মারাকেশ', 'নাইরোবি থেকে মাসাইমারা: এক সুন্দরের আরাধনা' এবং 'প্রান্তরে পান্থজন'- প্রকাশ পেয়েছে ২০২৬-এর বইমেলায় যা পাঠককে এক মায়াবী বিশ্বভ্রমণে নিয়ে যাবে-যেখানে প্রতিটি বাঁকে মিশে আছে শেকড়ের টান।
'মক্কা থেকে মারাকেশ' বইটিতে লেখক পবিত্র মক্কা নগরীর অনুলিখিত গল্প এবং মুসলিম বিশ্বের বিচিত্র সংস্কৃতির এক অভূতপূর্ব আলেখ্য তুলে ধরেছেন। 'বাতিঘর' থেকে প্রকাশিত এই বইটিতে কেবল ভ্রমণ-বিবরণী নেই, আছে পথ চলতে চলতে জন্ম নেওয়া দার্শনিক পর্যবেক্ষণ ও মিথের ছোঁয়া। লেখক এখানে ইতিহাসকে বর্তমানের অভিজ্ঞতার সঙ্গে এমনভাবে বুনেছেন, যা ভ্রমণসাহিত্যকে এক অনন্য উচ্চতা দিয়েছে।
অন্যদিকে, 'নাইরোবি থেকে মাসাইমারা: এক সুন্দরের আরাধনা'- বইটিতে আফ্রিকান ভূখণ্ডের রুক্ষ সৌন্দর্যের আড়ালে লেখক খুঁজে ফিরেছেন চিরকালীন মানবতাকে।
'দ্যু' প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটির মূল সুর হলো—মানুষের রক্তের রং লাল এবং যন্ত্রণার ভাষা অভিন্ন। সিলেটের এক গ্রাম্য বালকের আমেরিকা থেকে কেনিয়া অবধি চার দশকের পরিব্রাজন তাঁকে শিখিয়েছে, বিত্তের চেয়ে মানুষের মুখই বড়। লেখক এখানে প্রমাণ করেছেন, মানুষই তাঁর আনন্দ-বেদনার প্রকৃত কাব্য।
'উৎস' প্রকাশনী থেকে প্রকাশিত ইব্রাহীম চোধুরীর 'প্রান্তরে পান্থজন'-বইটিতে আমরা দেখি উত্তর আমেরিকার প্রান্তরে প্রবাসী বাঙালিদের যাপিত জীবন ও দেশ-কাতরতার এক খণ্ডচিত্র। প্রথম প্রজন্মের অভিবাসী হিসেবে লেখক ইব্রাহীম চৌধুরী প্রবাসে থেকেও মননে ধারণ করেন বাংলার মাটি ও ভাষা। তাঁর সুস্বাদু গদ্য পাঠককে সুদূর বিদেশের বাঙালি সংস্কৃতির পৃষ্ঠপোষকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
প্রথম প্রজন্মের অভিবাসী হওয়ার কারণে ইব্রাহীম চৌধুরী খোকনের সত্তাজুড়েই যেন বাংলার মায়াবী রূপের এক গভীর অনুরণন রয়েছে। তাঁর চোখে তাই স্বদেশের প্রতিটি অনুষঙ্গই অসামান্য সুন্দর ও মায়াময়। এই চিরায়ত মমত্ববোধের কারণেই দুর্গম পথের কঠোর সংগ্রামও তাঁর কলমে এক অনায়াস ও সাবলীল বর্ণনায় প্রাণবন্ত হয়ে ওঠে।
তিনি কেবল ভ্রমণকাহিনি লেখেন না; বরং দুচোখ যা দেখে, তার সঙ্গে ইতিহাসের নিপুণ মিশেলে এক মোহনীয় আবেশ তৈরি করেন। তাঁর লেখনীর অনন্য কারুকাজ ও শব্দের চমৎকারিত্বে গড়ে ওঠে এক 'সুস্বাদু গদ্য', যা পাঠককে শুরু থেকে শেষ পর্যন্ত মুগ্ধ করে রাখে। দূর পরবাসের সেই চেনা-অচেনা জনপদে যাঁদের কখনো পদচিহ্ন পড়েনি, তাঁরাও লেখকের দৃষ্টি দিয়ে সেখানকার বাঙালি সংস্কৃতির নিবেদিতপ্রাণ মানুষদের সান্নিধ্য ও তাঁদের অফুরন্ত ভালোবাসায় অবগাহন করার এক দুর্লভ সুযোগ পাবেন।
ইব্রাহীম চৌধুরী খোকনের কলম আশির দশকে সচল হলেও, তাঁর প্রকৃত যাত্রা শুরু হয়েছিল আরও আগে—গ্রামের মেঠোপথ, খেটে খাওয়া মানুষের মুখ আর এই জনপদের জন্মবেদনার গভীর ইতিহাস ছুঁয়ে। সিলেটের গোলাপগঞ্জের বাঘা গ্রামে শিকড় পোঁতা এই মানুষটির বেড়ে ওঠা ছিল এক ঋদ্ধ পরিবারে; শিক্ষক পিতা ও পিতামহের সান্নিধ্যে তিনি পেয়েছিলেন আলোকিত হওয়ার প্রথম পাঠ।
তাঁর রাজনীতি চর্চা তাত্ত্বিক পাঠে সীমাবদ্ধ থাকেনি; বরং তা বিকশিত হয়েছে রাজপথের আন্দোলন আর জনমানুষের বলিষ্ঠ কণ্ঠে। সাংবাদিকতা তাঁর কাছে কেবল পেশা নয়, চার দশকের এক নিরন্তর পথচলা। দেশে ও প্রবাসে বাংলা সংবাদপত্রের পাতায় তাঁর উপস্থিতি সেই দীর্ঘ যাত্রারই প্রমাণ। বিশেষ করে 'প্রথম আলো' ও 'প্রথম আলো উত্তর আমেরিকা'র মাধ্যমে তিনি নিজেকে কেবল সংবাদকর্মী নয়, বরং সময়ের একনিষ্ঠ সহযাত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
ছাত্র রাজনীতি থেকে শুরু করে শ্রমিক আন্দোলন কিংবা সাংস্কৃতিক অঙ্গন—সবখানেই তিনি মানুষের কাতারে দাঁড়িয়েছেন। এই বহুমুখী অভিজ্ঞতা তাঁর সাহিত্যকে দিয়েছে রুক্ষ বাস্তবতার ছোঁয়া।
ইব্রাহীম চৌধুরী খোকনের সৃষ্টিশীলতার মূল উৎস সময়কে শব্দে ও স্বরে বন্দি করা। তাঁর জনপ্রিয় পডকাস্ট 'বাঘা ইব্রাহীম শো' কিংবা অগণিত নিবন্ধে পথের বিবরণের চেয়ে পথচলার গভীর অনুভূতিই প্রাধান্য পায়। তিনি কেবল একজন পথপ্রদর্শক নন, বরং পরম বন্ধুর মতো পাঠককে সহযাত্রী করে আগামীর দিকে এগিয়ে যান।
তাঁর অন্যান্য প্রকাশিত বইসমূহ: স্মৃতিতে ও সংবাদে, মহামারি করোনা—ডেটলাইন নিউইয়র্ক, জর্জ ও মোবারকের আমেরিকান দিনকাল, গৃহছাড়া লক্ষীছাড়া।
একটি সকাল, একটি বিদায়
মাসুদ চয়ন
অয়ন্ত তিথির শিক্ষক। ৭ বছর ধরে পড়ায়—তিথি তখন বাচ্চা শিশু-১০/১১ এর গণ্ডিতে। পড়ানোর চেয়ে জীবন গঠনে ভূমিকা ছিল অনেক বেশি। কীভাবে কঠিন সময়ে সার্ভাইভ করতে হয়,কীভাবে ভেঙে পড়া মুহূর্তে আবার উঠে দাঁড়াতে হয়,স্বচ্ছতার মাপকাঠিতে কীভাবে উত্তীর্ণ হতে হয়—এসব শিক্ষা খুব নিবিড়ভাবে দিয়েছিল।
তিথিও হৃদয়ে লেপ্টে নিয়েছে।
অয়ন্ত বুঝতে পারেনি ছোট্ট তিথিটা টিনএজের শেষ প্রান্তে চলে এসেছে--স্বাধীন চিন্তার পরিসরে ঢুকে পড়েছে। অয়ন্ত সেই আগের মতো স্নেহময় বৃক্ষছায়ায় মতই থাকতে চেয়েছিলো, এসব চিন্তা কখনো গ্রাস করেনি তাকে।
তিথি এখন পরিণত নারী প্রকৃতির স্বরুপ—মাল্টি ট্যালেন্ট -ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স পেয়েছে। অবশ্য ক্রিয়েটিভ ও স্বাধীন চর্চার ধারক হয়ে ওঠার পেছনে অয়ন্তের গড়ে দেয়া ভিত্তিই স্বরুপ-এখন নতুন যাত্রায় নতুন শিক্ষকের সান্নিধ্যে যেতে চাচ্ছে।
ভোরের নিস্তব্ধতা বিদীর্ণ হচ্ছে। চারদিক কুয়াশাচ্ছন্ন- তিথি জানে এসময় অয়ন্ত হাঁটতে বের হয়। তিথিও বের হয়। অয়ন্তের কাছ থেকে শিশুকালেই পেয়েছে সেই অভ্যেস-শহিদ মিনার মাঠে দেখা হয়ে যায় তাদের।
তিথি ভাবে, যে কথাগুলো ফোনে বলার ছিলো সেগুলো সামনাসামনি বলাই ভালো হয়-স্পষ্টভাষী মেয়ে তিথি-কোনো কিছুই আড়াল করেনা।
"স্যার,আমি আপনার কাছে আর পড়বোনা।"
আয়ন্ত খুব গভীর ধাক্কা খায়! নিশ্বাস নিতে কষ্ট হয়। তবুও স্বাভাবিক থাকে। তিথিকে বুঝতে দেয়না। তিথি শুধু স্বাভাবিকতাটাই দেখতে পায়, ভেতরের ভাঙন চোখে পড়েনা। অয়ন্ত মৃদু হাসে --কিছু বলেনা।
অয়ন্ত নিজেকে সামলে নিয়ে বলেন,
"তিথি, তবে কি আমি পরাজিত?" -তার মুখে মৃদু হাসি।
তিথির মুখে গভীর বিষন্ণতা,
"না স্যার, তা হবে কেনো? এটা জেতা হারার প্রশ্ন নয়।"
অয়ন্ত তিথিকে থামিয়ে দিয়ে স্নেহময় বৃক্ষছায়ার মতো কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে,
"এতে আমি দুঃখী নই—বরং খুব, খুব আনন্দিত।"
তিথি কাঁপা স্বরে বলেন,
"তাহলে কেন বললেন আপনি পরাজিত ? পরাজয়ে কেউ আনন্দিত হয়! কাঁদতে হয় বুঝলেন!"
অয়ন্ত স্বাভাবিক থাকার চেষ্টা করে। যদিও ভিতরে প্রবল ভাঙন।
"হওয়া যায়, তিথি। আমার হাতে গড়ে ওঠা ভিত্তি তুমি। আমার আদর্শ তোমার রক্তে স্ফুরণ হয়ে প্রবাহিত হচ্ছে। আর হয়তো তোমার আমাকে প্রয়োজন হবে না। কিন্তু এতো এতো নিঃস্বার্থ নিবেদন! এতো গভীর সময়ের,৭ বছরেরও বেশি—তিলেতিলে শিশুকাল থেকেই পড়িয়েছি, দুঃসময়ে পাশে থেকেছি। তুমি অনেকটাই সফল। যেদিন প্রকৃত অর্থে সফল গন্তব্যে পৌঁছবে, ক্ষুদ্র আমার এই নিবেদন তোমাকে কাঁপিয়ে দেবে।"
তিথি নিশ্চুপ হয়ে যায়। ভেবে পায়না কি বলা উচিত। তবু বলে,
"স্যার, আপনি কষ্ট পেয়েছেন আমার কথায় ? আমিতো এভাবেই স্পষ্টভাবে বলি। আপনি শিখিয়েছেন। আর যদি আমার সাফল্যে- উদ্দেশ্যের যাত্রায় আনন্দিত হয়ে থাকেন-
— তাহলে নিজেকে পরাজিত ভাবছেন কেন? আমি তো আপনাকে মনে রাখব।"
অয়ন্ত মৃদু হাসি জিইয়ে রেখে বলেন- "'না তিথি! মুখ ফসকে বলে ফেলেছি। ওই যে তুমি বললে, 'স্যার, আপনার আর আসার দরকার নেই'- ৭ বছর পর হঠাৎ শোনা তো... আসলে সেটা পরাজয় নয়। মুখ ফসকে বলে ফেলাই। তুমি এখন আর ছোট নও—কষ্ট নিয়োনা লক্ষ্মীটি। সেই ছোট্টটিই ভেবেছিলাম তোমাকে-আমার ভাগ্নি-প্রিয় শিক্ষার্থী -প্রিয় বন্ধু-অনুপ্রেরণা-ফুটফুটে সাহসী নির্ভেজাল কন্যা--কত্তো ভালোবাসি তোমাকে। এটা আমার অনুধাবনের ভুল। তুমি ভালো থেকো। দোয়া করি।"
তিথির চোখে অজান্তে জল চলে আসে। পিছনে ফিরে দাঁড়িয়ে অশ্রু আড়াল করে অয়ন্তকে বিদায় জানায়-
"স্যার, তাহলে বিদায়।"
তারপর বলে,
"আব্বু ইউনিভার্সিটির ম্যাথ টিচারের কাছে আমাকে ভর্তি করিয়ে দিয়েছেন। আপনি এইচএসসি পর্যন্ত খুব যত্নের সঙ্গে পড়িয়েছেন—আপনাকে ধন্যবাদ দিয়েছেন।"
তিথি আর কিছুই বলে না। বিপরীতে হাঁটছে সে। অয়ন্ত নিশ্চুপ দাঁড়িয়ে দেখছেন।
অদৃশ্য হওয়ার আগে তিথি পিছু ফিরে তাকায়। অয়ন্ত সাইকেলে উঠে পড়েছে, হাত নেড়ে বিদায় জানায়। তিথিও নীরব সম্মতিতে হাত তোলে—"বিদায়।"
রিতা'র 'ক্ষুধার রাজ্যে প্রেম'-ক্ষুধার বিমূর্ত দহন ও প্রেমের উপাখ্যান
সেলিনা আক্তার
বাংলা কবিতায় প্রেম মানেই সচরাচর চোখের জল, জোছনা কিংবা বকুল ফুলের ঘ্রাণ। কিন্তু এইচ বি রিতার 'ক্ষুধার রাজ্যে প্রেম' কবিতাটি এই প্রথাগত ধারণাকে আমূল বদলে দিয়েছে। কবি এখানে প্রেমকে বসন্তের বাতাসের মতো পেলবভাবে দেখেননি, বরং অভাবের তীব্র কশাঘাতের সাথে প্রেমের এক গভীর মিতালি ঘটিয়েছেন।
কবির ভাষায়: "আমার প্রেম হয়েছিল অভাবের সাথে/ ঠিক যেমন প্রেমে পড়ে উপোস থাকা নিশিরাত;"
কবিতাটি পাঠ করলে মনে হয়, ক্ষুধার্ত পেটের হাহাকার আর টিকে থাকার এক নিরন্তর লড়াইয়ের দলিল এটি।
কবিতার শুরুতেই কবি এক বিশাল বৈপরীত্য তৈরি করেছেন। যখন অভাবের সাথে প্রেম হয়, তখন প্রকৃতির রূপ বদলে যায়। যে জোছনা প্রেমিক-প্রেমিকার মনে প্রণয় জাগায়, কবির কাছে সেই জোছনা কোনো আবেদন তৈরি করে না। যখন পেটে ক্ষুধা থাকে, তখন বিমূর্ত প্রেম বা নান্দনিকতা এক প্রকার পরিহাস ছাড়া আর কিছুই নয়।
কবি এই রূঢ় সত্যটি ফুটিয়ে তুলেছেন এভাবে: ""রুপালি চাঁদকে মনে হয় ঝলসানো রুটি/ আর শূন্য থালায় বাজে আমার একাকিত্বের সুর।"
কবিতার সবচেয়ে শক্তিশালী দিক হলো অভাবকে এক রক্ত-মাংসের 'প্রেমিকা' হিসেবে কল্পনা করা। কবি দেখিয়েছেন, তাঁর প্রেমিকা রেশমি চুলে সুগন্ধি মেখে আসেনি; বরং এসেছে ছিন্ন পোশাকে, হাড় জিরজিরে শরীরে। এই চিত্রকল্পটি অভাবের এক বিভীষিকাময় রূপ তুলে ধরে। অধিকাংশ মানুষ অভাব থেকে মুক্তি চায়, কিন্তু কবি এখানে অভাবের সাথেই 'বাসর' করছেন। অর্থাৎ, দারিদ্র্য কেবল তাঁর জীবনের অংশ নয়, এটিই তাঁর নিয়তি এবং সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। অভাব তাঁকে রিক্ত করেছে ঠিকই, কিন্তু সেই চাবুকের আঘাতই তাঁর পিঠকে 'ইস্পাত' করে তুলেছে।
কবির ভাষায়: ""আমার প্রেমিকা আসেনি রেশমি চুলে গন্ধ মেখে/ সে এসেছিল ছিন্ন বসনে, হাড় জিরজিরে আঙুলের ইশারায়..।" এখানে অভাব কেবল যন্ত্রণার নাম নয়, বরং এক কঠোর জীবনবোধের শিক্ষক।
কবিতাটিতে অভাবের চিত্র ফুটিয়ে তুলতে কবি বেশ কিছু শক্তিশালী প্রতীক ব্যবহার করেছেন। 'নর্দমায় ভাসা আধখাওয়া রুটি' কিংবা 'সস্তা বিড়ির ধোঁয়া'—এই শব্দগুলো দারিদ্র্যের ক্লেদাক্ত এবং ধূসর জীবনকে স্পষ্টভাবে তুলে ধরে। 'চন্দন কাঠের গন্ধ' যেখানে আভিজাত্য ও সচ্ছলতার প্রতীক, সেখানে কবির কবিতায় ওড়ে ঘাম আর শ্রমের গন্ধ।
কবির ভাষায়, "আমি জোছনা দেখিনি কোনোদিন সুকোমল চোখে/ দেখেছি নর্দমায় ভাসা আধখাওয়া রুটির টুকরো;"
"কারণ, পেটে আগুন থাকলে আকাশের নীলও ছাই হয়ে যায়।"
মানুষের প্রাথমিক চাহিদা পূরণ না হলে পৃথিবীর সবচাইতে সুন্দর অনুভূতিগুলোও অর্থহীন হয়ে পড়ে, নীল আকাশ তখন প্রশান্তির বদলে এক ছাইবর্ণের শূন্যতা হয়ে ধরা দেয়-"কারণ, পেটে আগুন থাকলে আকাশের নীলও ছাই হয়ে যায়।" এই লাইনটি বড় বেশি শক্তিশালী।
কবিতার শেষাংশে কবি এক বিশাল জীবনবোধের কথা বলেছেন। তিনি অভাবকে 'ধন্য' বলেছেন কারণ এই অভাবই তাঁকে মানুষ চিনিয়েছে। অভাবের সেই তপ্ত ওম-ই কবির কাছে বসন্ত।
কবি অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে—"ধন্য এই অভাব, যে আমায় মানুষ চিনিয়েছে/ শিখিয়েছে- প্রেম মানে শুধু ফুল আর ভ্রমর নয়/ প্রেম মানে এক মুঠো অন্ন আর বেঁচে থাকার লড়াই"।
এই উপলব্ধিটি কবিতাকে একটি নিছক বিরহগাথা থেকে উপরে তুলে একটি সামাজিক ও দার্শনিক অবস্থানে নিয়ে গেছে।
সামগ্রিকভাবে 'ক্ষুধার রাজ্যে প্রেম' কবিতাটি মানুষের অস্তিত্বের এক রূঢ় সত্যকে উন্মোচিত করেছে। এখানে জীবনসংগ্রাম ও অভাব একে অপরের পরিপূরক। কবি অভাবকে শত্রু নয়, বরং সত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধারণ করেছেন—যা এক গভীর আত্মোপলব্ধি। কবির এই একাত্মতা দারিদ্র্যের কাছে নতিস্বীকার নয়, বরং প্রতিকূলতাকে শক্তির উৎস বানানোর অদম্য প্রয়াস।
এইচ বি রিতা দেখিয়েছেন, প্রেম কেবল সুন্দরের উপাসনা নয়, বরং জীবনের কুৎসিত ও রূঢ় বাস্তবতাকে আলিঙ্গন করার নাম। ক্ষুধা যখন মুখ্য, তখন এক মুঠো অন্নই শ্রেষ্ঠ সৌন্দর্য। সংগ্রামকে ভালোবেসে ফেলাই এখানে প্রকৃত বীরত্ব ও প্রেমের নতুন সংজ্ঞা।
সাহিত্য থেকে আরো পড়ুন