https://www.prothomalony.com/
16506
north-america
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এশীয় অভিবাসীদের গ্রেপ্তার উল্লেখযোগ্য হারে বেড়েছে। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালে এই গ্রেপ্তারের সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে।
অভিবাসন অধিকারবিষয়ক সংগঠন স্টপ এএপিআই হেট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) এশিয়ার বিভিন্ন দেশের ৭ হাজার ৭৫২ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে। ২০২৪ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১ হাজার ৯৯৮ জন।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ৬৯ জনকে আটক রাখা হয় এবং শেষ পর্যন্ত ২ হাজার ৬৩১ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছেন চীনের নাগরিকরা, যা মোট গ্রেপ্তারের প্রায় ২৬ শতাংশ। এরপর রয়েছে ভারত (২৫ শতাংশ), ভিয়েতনাম (১২ শতাংশ) এবং লাওস (৪ শতাংশ)।
গবেষকদের মতে, সাম্প্রতিক সময়ে অভিবাসন আইন প্রয়োগে কঠোরতা বৃদ্ধি এবং কর্মসংস্থানভিত্তিক ভিসা লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান জোরদারের কারণে এই গ্রেপ্তার বেড়েছে। এতে এশীয় অভিবাসী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন