https://www.prothomalony.com/

16306

north-america

উত্তর আমেরিকা

আটলান্টিক সিটি স্কুল জেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ০২:৪০

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটি স্কুল জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে আটলান্টিক সিটি স্কুলে আলোচনা সভা, গদ্য পাঠ, কবিতা আবৃত্তি ও সুধী সমাবেশের আয়োজন করা হয়।

বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় তাদের ত্যাগের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন নিউ জার্সি স্টেটের অ্যাসেম্বলিওম্যান মওরিন রোওয়ান, আটলান্টিক সিটি হাই স্কুলের অধ্যক্ষ কনস্ট্যান্স চ্যাপম্যান, সিটি কাউন্সিলর (অ্যাট লার্জ) সোহেল আহমেদ, আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল এবং ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক।

বক্তারা বলেন, বহুজাতিক ও বহুভাষিক সমাজব্যবস্থায় শিক্ষার্থীদের নিজ নিজ মাতৃভাষার প্রতি আগ্রহ সৃষ্টি ও তা লালন করার ক্ষেত্রে স্কুল জেলার এই উদ্যোগ প্রশংসনীয়। তারা নতুন প্রজন্মের মধ্যে ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যকে সম্মান করারত মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আটলান্টিক সিটি হাই স্কুলের বিভিন্ন ভাষাভাষী শিক্ষার্থী ও শিক্ষকরা নিজ নিজ মাতৃভাষায় গদ্য ও পদ্য পাঠ করেন। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে অভিভাবক ও কমিউনিটির সদস্যরাও অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিদহাত সিদ্দিকী ও জাভোন জোনস।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন