https://www.prothomalony.com/

16292

north-america

উত্তর আমেরিকা

জাতিসংঘের সামনে একুশ উদযাপন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রীর ভিডিও বার্তা

প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২৬ ০৫:৪৪

টানা ৩৫ বছর ধরে জাতিসংঘের সদর দপ্তরের সামনে অমর একুশে ফেব্রুয়ারি উদযাপনের ধারাবাহিকতা বজায় রেখে এবারও নিউইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একুশের প্রথম প্রহরে—২০ ফেব্রুয়ারি নিউইয়র্ক সময় বেলা ১টা ০১ মিনিটে এবং বাংলাদেশ সময় রাত ১২টা ০১ মিনিটে—ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও গৌরবের সঙ্গে স্মরণ জানানো হবে।

নিউইয়র্ক মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই ঐতিহ্যবাহী কর্মসূচিতে সর্বকনিষ্ঠ শিশুর হাত দিয়ে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে একুশের চেতনা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও আত্মত্যাগের মূল্যবোধ তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

এ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী একটি ভিডিও বার্তা প্রদান করেছেন। তাঁর শুভেচ্ছা ও অনুপ্রেরণামূলক বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সম্মিলিত অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করা হয়। তিনি অমর একুশের চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই আয়োজন ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস এবং ভবিষ্যতের অঙ্গীকারকে নতুন করে স্মরণ করিয়ে দেবে—এমন প্রত্যাশা আয়োজকদের।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন