https://www.prothomalony.com/
16265
north-america
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ০০:১৭
কানাডা–বাংলাদেশ সলিডারিটি (সিবিএস)-এর উদ্যোগে ১৪তম একুশের বইমেলা ১৫ ফেব্রুয়ারি মন্ট্রিয়লের কোট দে নেজ এলাকার একটি হলে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট ছড়াকার ও একুশে পদকপ্রাপ্ত লেখক লুৎফর রহমান রিটন।
মেলা প্রাঙ্গণে মন্ট্রিয়লের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বইয়ের পাশাপাশি ছিল বিভিন্ন খাবারের স্টল। মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনার পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী সঙ্গীত পরিবেশন করেন। শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

প্রাসঙ্গিক বিষয় নিয়ে লেখক-আড্ডা অনুষ্ঠিত হয় অটোয়া থেকে আগত সুলতানা সাজির পরিচালনায়। এতে অংশ নেন বিশিষ্ট ভাষাবিদ শিশির ভট্টাচার্য, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক তাজুল মোহাম্মাদ, কবি অপরাহ্ন সুস্মিত, প্রমোদ হামদ এবং লেখক মৌ মধুবন্তী। লেখিকা মৌ মধুবন্তীর নতুন বইয়ের প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করেন অনুজীব বিজ্ঞানী সোয়েব সাঈদ। বইটির মোড়ক উন্মোচন করেন লুৎফর রহমান রিটন।

টরন্টো, অটোয়া ও মন্ট্রিয়ল থেকে আগত অতিথিরা প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও ধারাবাহিকভাবে আয়োজন করে যাওয়ায় সিবিএস সভাপতি জিয়াউল হক জিয়াসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
মন্ট্রিয়লে চার দশকেরও বেশি সময় ধরে কমিউনিটি কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ প্রেসক্লাব, মন্ট্রিয়লের প্রতিষ্ঠাতা সভাপতি দীপক ধর অপুকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া প্রধান অতিথি ও উদ্বোধক লুৎফর রহমান রিটনকে বিশেষ সম্মাননা পদক দেওয়া হয়। সেরা স্টল হিসেবে উদীচীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে উপস্থাপনার দায়িত্ব পালন করেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক শামসাদ রানা, লাবলু আকন এবং সিবিএস সভাপতি জিয়াউল হক জিয়া। বইমেলা সফলভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত দর্শক ও সহযোগীদের প্রতি সিবিএসের পক্ষ থেকে ধন্যবাদ জানান সভাপতি জিয়াউল হক জিয়া ও সাধারণ সম্পাদক আবুল হোসেন দুলাল।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন