https://www.prothomalony.com/
16250
north-america
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ০০:৫৩
নিউইয়র্কের কুইন্স সেন্ট্রাল পাবলিক লাইব্রেরির মেইন অডিটোরিয়ামে গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় কবি কাজী জহিরুল ইসলামের একক কবিতা পাঠ মহাকালের ঘড়ি। জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী সাহিত্যপ্রেমী, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা।
উপস্থাপিকা শামীমা শাম্মী কবির জীবনী পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। এরপর কবি এক ঘণ্টা ধরে নিজের লেখা বিভিন্ন ধাঁচের কবিতা আবৃত্তি করেন। দর্শকরা মন্ত্রমুগ্ধ হয়ে কবিকণ্ঠে উচ্চারিত কবিতা উপভোগ করেন। কবি এক মহাশব্দতরঙ্গ কবিতার প্রসঙ্গে জানান, এটি তার অন্তর্গত অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে রচিত।
অনুষ্ঠানে বৃষ্টি আমার বোন, পুরুষের ঘর, ঢাকার কলঙ্ক, বৃহৎ শূন্য, বাঘ ও মহাকালের ঘড়ি কবিতাগুলোও আবৃত্তি করা হয়। দর্শকরা বিশেষভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন। বাচিক শিল্পী এম এ সাদিক এবং মোহাম্মদ শানু কিছু কবিতা আবৃত্তির আগ্রহ প্রকাশ করেন।
কাজী জহিরুল ইসলাম সমকালীন বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি ও কথাশিল্পী। তিনি ৯৯টি গ্রন্থের প্রণেতা, ক্রিয়াপদহীন কবিতার প্রবর্তক এবং আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সাহিত্যিক। ২০২৩ সালে শ্রী চিন্ময় সেন্টার, নিউইয়র্ক তাকে পিস রান টর্চ বিয়ারার অ্যাওয়ার্ড প্রদান করে। এছাড়া দেশ-বিদেশে তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।
পেশাগতভাবে তিনি জাতিসংঘ সদর দফতর, নিউইয়র্ক-এর আন্তর্জাতিক কর্মকর্তা। এক যুগ আগে তিনি শুদ্ধ শিল্পের নিবিড় চর্চা স্লোগানে ঊনবাঙাল প্রতিষ্ঠা করেন, যা নিউইয়র্কের অন্যতম সাংস্কৃতিক প্ল্যাটফর্ম।
সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে কবির জন্মদিন উদযাপন করা হয়, যেখানে পাঠক ও শুভানুধ্যায়ীরা কবিকে শুভেচ্ছা জানান এবং গান ও কবিতা পরিবেশন করেন। সমাপনী বক্তব্যে কবি বলেন, স্পটলাইটের নিচে দাঁড়ানোর প্রতিযোগিতা না করে নিজেকে এমনভাবে তৈরি করি, যাতে আমরা যেখানে দাঁড়াই সেখানেই স্পটলাইট জ্বলে ওঠে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন