https://www.prothomalony.com/
16232
north-america
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ০৪:১৫
কলকাতা আন্তর্জাতিক বই মেলায় প্রকাশিত হয়েছে কবি ধনঞ্জয় সাহার নতুন গ্রন্থ পাঁচ দশকের পাঁয়তারা। সোমবার (২ ফেব্রুয়ারি) বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় মহাশ্বেতা দেবী মঞ্চে। বইটির মোড়ক উন্মোচন করেন সুবোধ সরকার, পশ্চিমবঙ্গ সরকারের কবিতা একাডেমির চেয়ারম্যান ও বরেণ্য কবি।
গ্রন্থটির ভূমিকা লিখেছেন কবি ও কথাকার বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং জাতিসত্তার কবি মুহাম্মদ নূরুল হুদা।
বইটির লেখাগুলো ছড়া ও কবিতার সমন্বয়ে ভিন্নমাত্রিক আঙ্গিকে রচিত। এ সম্পর্কে সুবোধ সরকার বলেন, ধনঞ্জয় সাহা কবিতা ও ছড়ার মাঝখানে এক নতুন শস্যভূমি আবিষ্কার করেছেন, যেখানে ছড়া ও কবিতা একসঙ্গে আলো হয়ে থাকে। তিনি এই নতুন ধারার নাম দিয়েছেন ‘ছড়াবিতা’। উদ্বোধনী ভাষণে তিনি বইটির কবিতা পাঠ করে একে গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে অভিহিত করেন এবং পাঠকদের বইটি সংগ্রহ করে পড়ার আহ্বান জানান। তাঁর মতে, পাঠকের ভালো লাগাই হবে লেখকের প্রকৃত সার্থকতা।
ভূমিকায় মুহাম্মদ নূরুল হুদা গ্রন্থটিকে পরীক্ষামূলক ও অভিনব প্রয়াস হিসেবে উল্লেখ করে বলেন, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও প্রবহমান গদ্যছন্দে রচিত কবিতাগুলো পাঠকের মনে নতুনভাবে দোলা দেবে।
বিনায়ক বন্দ্যোপাধ্যায় ধনঞ্জয় সাহার ছন্দবোধের বিশেষ প্রশংসা করে লিখেছেন, কবি ছন্দ জানেন বলেই তা ভাঙতে পারেন এবং ভাঙার মধ্যেও সুর বজায় রাখতে সক্ষম হন। তাঁর ভাষা নিয়ন্ত্রণ ও ভাঙা-গড়ার কৌশল কবিতাকে আলাদা মাত্রা দিয়েছে। বিষয়বৈচিত্র্য ও অনুভবের গভীরতায় সমৃদ্ধ প্রতিটি কবিতা পাঠকের ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে সহজেই সাযুজ্য খুঁজে পায়। শব্দচয়ন ও শৈলীর অভিনবত্বের কারণে বইটি বারবার পাঠের দাবি রাখে। তিনি প্রকাশক মোহাম্মদ শাহাবুদ্দিন ফিরোজকেও ধন্যবাদ জানান।
নিজ বক্তব্যে ধনঞ্জয় সাহা বইটি ক্রয় ও পাঠের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, পাঠক যখন তাঁর লেখা পড়ে উপভোগ করবেন, তখনই তাঁর সৃষ্টিকর্ম সার্থক হবে।
সভা শেষে বড়িশা মোহনীয়া সাংস্কৃতিক সংস্থার মৌসুমী দাসসহ অন্যান্য শিল্পীরা কবির কবিতা আবৃত্তি করেন
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন