https://www.prothomalony.com/

16103

north-america

উত্তর আমেরিকা

সাবেক সিএনএন অ্যাঙ্কর ডন লেমন আটক

প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২৬ ১৩:১৮

সাবেক সিএনএন সংবাদ উপস্থাপক ডন লেমনকে বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্তৃপক্ষ লস অ্যাঞ্জেলেসে আটক করেছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। বর্তমানে একজন স্বাধীন সাংবাদিক হিসেবে কাজ করা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসনের কড়া সমালোচক হিসেবে পরিচিত লেমনকে গ্রেপ্তার করা হয় গ্র্যামি অ্যাওয়ার্ড কভার করতে শহরে অবস্থানকালে।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, ডন লেমন তিন দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন এবং মিনেসোটায় তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ড পেশাগত দায়িত্বের স্বাভাবিক ধারার বাইরে কিছু নয়। তবে সেই কভারেজের জেরেই তিনি প্রশাসনের নজরে পড়েন বলে মনে করা হচ্ছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে লেমন একটি গির্জায় প্রবেশ করেছিলেন, যেখানে প্রতিবাদকারীদের ধারণা ছিল—একজন আইসিই কর্মকর্তা সেখানে পাস্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় উপাসনালয় সুরক্ষা আইনের আওতায় আটজনের বিরুদ্ধে অভিযোগ আনার উদ্যোগ নেয় ট্রাম্প প্রশাসন। অভিযুক্তদের তালিকায় ডন লেমনও ছিলেন।

তবে লেমনের আইনজীবীর দাবি, তিনি কোনওভাবেই বিক্ষোভে অংশ নেননি; একজন সাংবাদিক হিসেবে ঘটনাস্থলে উপস্থিত থেকে খবর সংগ্রহ করছিলেন মাত্র। তাঁর বক্তব্য, “যে সময় ফেডারেল এজেন্টদের হাতে দুই শান্তিপূর্ণ প্রতিবাদকারী নিহত হওয়ার ঘটনা তদন্তের দাবি উঠেছে, সে সময় এই গ্রেপ্তার প্রক্রিয়াই প্রকৃত প্রশ্নের জন্ম দেয়।”

মিনেসোটায় ওই দুই প্রতিবাদকারী নিহত হওয়ার পর সেখানকার বিক্ষোভ ও অস্থির পরিস্থিতি লেমন সংবাদ হিসেবে কভার করছিলেন। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ও তা বাস্তবায়ন ঘিরে চলমান উত্তেজনা নিয়ে তিনি নিয়মিত প্রতিবেদন ও বিশ্লেষণ করে আসছিলেন।

২০২৩ সালে সিএনএন ছাড়ার পর ডন লেমন ইউটিউব ও সাবস্ট্যাকভিত্তিক অনুষ্ঠান ‘দ্য ডন লেমন শো’ শুরু করেন। সিএনএনে দীর্ঘদিন প্রাইমটাইম উপস্থাপক হিসেবে কাজ করার সময় তাঁর রাজনৈতিক মন্তব্য প্রায়ই রক্ষণশীল মহলের সমালোচনার মুখে পড়েছিল।

প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সাংবাদিকতার স্বাধীনতা নিয়েও নতুন করে বিতর্ক দানা বাঁধে। পেন্টাগন ও হোয়াইট হাউসের নির্দিষ্ট অংশে সংবাদকর্মীদের প্রবেশ সীমিত করা, পাশাপাশি সমালোচনামুখর গণমাধ্যমের বিরুদ্ধে ফেডারেল সংস্থার ক্ষমতা প্রয়োগের হুমকি—সব মিলিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন গণমাধ্যমকর্মী ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে থাকা সংগঠনগুলো।

ডন লেমনকে আটকের বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে এক সংবাদ সম্মেলন করার কথা রয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চের।

এই গ্রেপ্তারের খবরে দেশজুড়ে রাজনৈতিক ও সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা ও প্রথম সংশোধনী ঘিরে বিতর্ক নতুন করে সামনে এসেছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন