https://www.prothomalony.com/
16008
north-america
বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের অনিলগঞ্জ বাজারে দোয়া ও মুনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি ) সন্ধ্যা ৬টায় আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত সিলেট-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এম এ মালিক বলেন, তিনি আজীবন দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।
এম এ মালিক বলেন, “বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি মানুষের সেবার লক্ষ্যে সবকিছু ত্যাগ করে দেশে স্থায়ীভাবে ফিরে এসেছি। মানুষের দুঃখ-কষ্ট আমাকে গভীরভাবে নাড়া দেয়।” তিনি দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এলাকার অবহেলিত রাস্তাঘাট, ব্রিজ ও দীর্ঘদিনের জলাবদ্ধতার চিত্র তুলে ধরে বলেন, এসব দেখলে মনে হয় এই জনপদ অনেক বছর পিছিয়ে রয়েছে।
তিনি আরও বলেন, “আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। আল্লাহর কাছে ওয়াদা করেছি—মুনাফিক হয়ে নয়, কথা ও কাজে মিল রেখেই মানুষের পাশে থাকবো।”
বক্তব্যে এম এ মালিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, এ কর্মসূচির আওতায় কৃষকদের জন্য কৃষি কার্ড এবং পরিবারভিত্তিক ফ্যামিলি কার্ড চালু করা হবে। এসব কার্ডের মাধ্যমে কৃষকরা বিনা সুদে সারসহ প্রয়োজনীয় সহায়তা পাবেন। পাশাপাশি প্রত্যেক পরিবারে নারীদের জন্য মাসিক ২ হাজার ৫ শত টাকা প্রদানের পরিকল্পনার কথাও তিনি জানান।
দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসন্ন দিনগুলোতে সিলেটসহ সারাদেশে বিএনপিকে আরও সুসংগঠিত করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আগামী দিনে বিএনপিই সরকার গঠন করবে।”
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, মুরুব্বি এবং বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মাহফিল শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন